বার্সাতেও যেতে পারেন রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগেই চ্যাম্পিয়নস লিগে ৪ গোল করেছেন। এই ৩০ বছর বয়সেও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলতৃষ্ণা যেন সর্বগ্রাসী। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো এবার কথা বললেন নিজের ভবিষ্যৎ গন্তব্য, রিয়াল মাদ্রিদের এখনকার অবস্থা, অবসর-ভাবনাসহ অনেক বিষয়েও—
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

ভবিষ্যৎ গন্তব্য
এটা বলা খুবই কঠিন। আপনি হয়তো বলতে পারেন, বার্সেলোনায় খেলাটা আমার জন্য অসম্ভব। বা ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া প্রিমিয়ার লিগের অন্য কোনো ক্লাবেও। কিন্তু সেটাও আপনি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারেন না। আমি আগেই বলেছি, ফুটবলে নিশ্চিত বলে কিছু নেই। যেকোনো কিছুই হতে পারে আসলে। এমনকি আমি রিয়াল মাদ্রিদের হয়েও ক্যারিয়ার শেষ করতে পারি।
সত্যি বলি, আমি জানি না আগামীকাল কী হবে। আমি যদি ৭৫ ভাগ নিশ্চিত থাকতাম, তাহলে এটা কোনো সমস্যা হতো না। কিন্তু আমার কোনো ধারণাই নেই। এ মুহূর্তে যেমন যুক্তরাষ্ট্রে খেলার কথা ভাবছি না, কিন্তু দুই বা তিন বছরের মধ্যে অন্য রকম কিছু ভাবতে পারি। একজন পেশাদার ফুটবলার হিসেবে আমি সব সময় বর্তমানে থাকতেই পছন্দ করি।
আর আমি আসলে এসব নিয়ে খুব একটা ভাবিও না। সবকিছুরই একটা শুরু বা শেষ আছে। সেটার জন্য আমি তৈরি।
কার্লো আনচেলত্তি
মি. আনচেলত্তি ছিলেন দারুণ এক বিস্ময়। শুরুতে আমি ভেবেছিলাম তিনি হয়তো একটু বেশি গুরুগম্ভীর ধরনের হবেন, হয়তো একটু একরোখাও, কিন্তু আসলে হয়েছিল ঠিক তার উল্টো। তিনি খুবই চমৎকার একজন লোক, খুবই সংবেদনশীল। প্রতিদিনই তাঁর সঙ্গে আমার কথা হতো। শুধু আমার সঙ্গে নয়, বাকিদের সঙ্গেও। আমি চাই, প্রতিটি খেলোয়াড়ই যেন তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পায়। কারণ কোচ হিসেবে নন, মানুষ হিসেবেও তিনি অসাধারণ। তাঁকে আমার খুবই মনে পড়ে, একসঙ্গে তো অনেক ট্রফিই আমরা জিতেছিলাম। আশা করি, একদিন তাঁর সঙ্গে আবার কাজ করতে পারব।
পর্তুগালের ইউরো সম্ভাবনা
পর্তুগাল আসলে কখনোই ফেবারিট ছিল না। তারা কখনো কোনো বড় শিরোপা জেতেনি, তাই এটাই স্বাভাবিক। কিন্তু ফুটবল তো চমক কম দেখেনি, যেকোনো কিছুই তাই হতে পারে। তাই আশা করছি, পর্তুগাল দারুণ একটা ফল পাবে। আমাদের ভালো একটা দল আছে, ২০ জন ভালো নতুন খেলোয়াড় আছে, আমাদের কোচও খুবই ভালো (ফার্নান্দো সান্তোস)।
আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতায় জেতার সবকিছুই আছে। তবে ভাগ্য বলে একটা ব্যাপার তো আছেই, বিশেষ করে এ রকম সংক্ষিপ্ত প্রতিযোগিতায়। এসব জায়গায় ভাগ্য অনেক কিছুই ঠিক করে দিতে পারে। তবে আমি পর্তুগালের ভালো সম্ভাবনাই দেখছি।
ব্যালন ডি’অর
কে জিতবে সেটার ওপর তো আমার হাত নেই। এটা গোল্ডেন বুটের মতো কিছু নয়, পরিসংখ্যান দিয়ে এটা মাপা যাবে না। এটা ভোটের ব্যাপার, তাই অনুমান করা কঠিন। কখনো কখনো মানুষ আগে কী করেছে সেটা মনে রাখে না, ব্যাপারটা তাই একটু জটিলও।
আমার মনে হয় না জিতলে সেটা আমার জন্য বিস্ময়ের কিছু হবে। ব্যক্তিগতভাবে মৌসুমটা দারুণ কেটেছে। সংখ্যার হিসাবে এটাই ছিল আমার সেরা মৌসুম। শিরোপার হিসেবে যদিও নয়। যা-ই হোক, এটা যেই জিতুক যোগ্য হিসেবেই জিতবে।
রিয়াল মাদ্রিদের বেহাল দশা
দল এখনো কিছুটা অস্থিতিশীল, পরিস্থিতি তাই একটু জটিল। সমর্থকদের আমরা প্রতিদিনই খুশি করতে চাই, কিন্তু সেটা অবশ্যই কঠিন। কিন্তু ঝড়ের পর সবকিছু ঠান্ডা হয়ে যায়, আশা করি আমাদের ক্ষেত্রেও সেটি হবে। আমরা বার্সেলোনার কাছে পরাজয়ের পর টানা পাঁচ ম্যাচ জিতেছি। কোপা ডেল রেতে কাদিজের কাছে একটু হোঁচট খেয়েছি, কিন্তু এ মুহূর্তে ভালোই আছি।
অবসর
এখনো এসব নিয়ে কিছু ভাবিনি। আমি এখনো শারীরিকভাবে দারুণ, ক্ষিপ্রও। এমনকি ২১-২২ বছরের অনেকের চেয়েও জোরে দৌড়াতে পারি। আশা করি, এটা ধরে রাখতে পারব!