বার্সার অগ্নিপরীক্ষা

কেন পারবে
এবার একটি গোল কম লাগবে
পিএসজির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে খেলতে নামার সময় বার্সেলোনা জানত, শুধু অতিরিক্ত সময়ে ম্যাচটাকে নিয়ে যেতেই চার গোল করতে হবে (কোনো গোল না খেয়ে)। এবার কাজটা ‘একটু’ সহজ, অতিরিক্ত সময়ে ম্যাচ নিতে গোল করতে হবে একটি কম—তিনটি।
ক্যাম্প ন্যু দুর্গ
বার্সার কাজটা এক দিক থেকে দেখলে খুব একটা কঠিনও নয়। শুধু এবারের চ্যাম্পিয়নস লিগে আগের চারটি ‘হোম’ ম্যাচে যা করেছে, তা করলেই চলবে। গ্রুপ পর্ব ও শেষ ষোলো মিলিয়ে এবার ঘরের মাঠে বার্সেলোনার ম্যাচগুলোর ফল: ৭-০, ৪-০, ৪-০, ৬-১। এর যেকোনো একটি ফল হলেই জুভেন্টাসের বিপক্ষেও দুর্দান্ত গল্প লেখা হয়ে যায়।
অ্যালেগ্রির দল বলেই
মার্চ ২০১৩, বিপক্ষ এসি মিলান। শেষ ষোলোর প্রথম লেগে মিলানের মাঠে ২-০ গোলে হেরেও নিজেদের মাঠে ৪-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বার্সা। জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিই তখন ছিলেন মিলানের ডাগআউটে।
পিএসজি-প্রেরণা
পিএসজির বিপক্ষে অমনভাবে ফিরে আসা, শেষ সাত মিনিটে তিন গোল...বার্সার খেলোয়াড়দের মনে এই বিশ্বাসটা আছে—সব যখন শেষ বলে মনে হয়, আশা তখনো বেঁচে থাকে।
তুরিনের পারফরম্যান্স
স্কোরলাইন যা-ই বলুক, তুরিনে বার্সেলোনার পারফরম্যান্স খুব বেশি খারাপও ছিল না। অন্তত প্যারিসে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে ম্যাচের মতো তো নয়ই। কিছু সুযোগও তুরিনে তৈরি করেছিলেন মেসিরা, কিন্তু কাজে লাগাতে পারেননি।
কেন পারবে না
অ্যালেগ্রির মিলান নয়, অ্যালেগ্রির জুভেন্টাস
বার্সার যেভাবে জিততে হবে, অ্যালেগ্রির অধীনে জুভেন্টাস কখনো সেভাবে হারেনি।
রক্ষণ
জুভেন্টাসের জালে বার্সেলোনা তিন-চার গোল দিতে পারে, সেটি অনেকেই হয়তো বিশ্বাস করবেন। কিন্তু পুরো ম্যাচে কোনো গোল না খেয়ে বার্সা তা করবে, সেটি বিশ্বাস করার মানুষ সম্ভবত অর্ধেকও পাওয়া যাবে না। টুর্নামেন্টে এবার ৯ ম্যাচে ১২ গোল খেয়েছে বার্সা, সর্বশেষ তিন ম্যাচেই আটটি।
একটু বেশিই কি?
অলৌকিক ঘটনা, রূপকথা—এসব কি আর প্রতিদিন হয়? পিএসজির বিপক্ষে শেষ ষোলোতেই মৌসুমের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের গল্পটি লিখেছেন নেইমার-মেসিরা, যা চ্যাম্পিয়নস লিগে সর্বকালের সেরা প্রত্যাবর্তনগুলোরই একটি। কিন্তু এক ম্যাচ পরই আবার আরেকটি রূপকথা? একটু বেশি হয়ে যায়!
জুভেন্টাস জানে
পিএসজি হয়তো প্রথম লেগে ৪-০ গোলে জিতে একটু আত্মতৃপ্তিতে ভুগছিল। জুভেন্টাসের ক্ষেত্রে তেমনটি হওয়ার সুযোগ খুব কম। পিএসজি যদি বার্সেলোনার প্রেরণা হয়, জুভেন্টাসের কাছে সেটি শিক্ষা!
জুভেন্টাসের রক্ষণ
এবারের চ্যাম্পিয়নস লিগে ৯ ম্যাচে মাত্র দুটি গোল খেয়েছে জুভেন্টাস। নভেম্বরে সেভিয়ার বিপক্ষে ম্যাচের পর সর্বশেষ চার ম্যাচে একটিও নয়। প্রতিপক্ষ বার্সাই হোক, তবু বোনুচ্চি-কিয়েল্লিনি-বুফনদের সেই ‘বজ্র আঁটুনি’র রক্ষণ এক ম্যাচে তিন-চার গোল খেয়ে যাবে? অলৌকিক কিছু হলেই সম্ভব!
সূত্র: মার্কা।