বার্সার অন্য রকম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রে নায়ক বা মূল কুশীলবেরাই থাকেন পাদপ্রদীপের বেশির ভাগজুড়ে। পার্শ্বচরিত্ররা নিজেদের কাজ করে যান অনেকটা নীরবেই। বার্সেলোনায় যেমন মেসি-নেইমার-সুয়ারেজরা বেশির ভাগ আলোজুড়ে থাকেন। জেরেমি ম্যাথিউ বা জেরার্ড পিকেদের নিয়ে পত্রিকার শিরোনাম কমই হয়। তবে পরশু বার্সেলোনাকে জেতালেন ডিফেন্ডাররাই, আরেকটু নির্দিষ্ট করে বললে ম্যাথিউ। সেল্টা ভিগোর সঙ্গে ১-০ গোলের জয়ে মেসিদের ওভাবে খুঁজেই পাওয়া যায়নি।
গোল করাটা ম্যাথিউর কাজ নয়, সামলানোটাই আসল কাজ। তবে গত দুই ম্যাচেই দুই দায়িত্বেই তিনি দুর্দান্ত। এল ক্লাসিকোতে গোল করে এগিয়ে দিয়েছিলেন বার্সাকে, পরশুর গোলটা তো ম্যাচ জেতানোই ছিল। ৭৪ মিনিটে জাভির ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে স্বস্তি এনে দিয়েছেন লুইস এনরিকেকে। অথচ মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী পুরো ম্যাচে গোলে শটই নিতে পেরেছেন হাতে গোনা কয়েকবার। নেইমার অবশ্য গোল করেছিলেন, কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
অথচ এই মৌসুমে ২ কোটি ইউরো দিয়ে যখন ম্যাথিউকে নিয়ে আসা হলো, অনেকেই ভুরু কুঁচকে ফেলেছিলেন। ৩১ বছর বয়সী এই ডিফেন্ডারের ওপর কতটা নির্ভর করা যায়? এখন অবশ্য নিন্দুকদের মুখ বন্ধ হয়ে যাওয়ারই কথা। গোল তো করছেনই, এই মৌসুমে লিগের ২৯ ম্যাচের ১৬টিতেই কোনো গোল ঢোকেনি বার্সার জালে। পরশু পিকেও দারুণ খেলেছেন, দুর্দান্ত ট্যাকল করে একটা প্রায় নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছেন। এনরিকে তাঁর ডিফেন্ডারদের জন্য গর্বিত হতেই পারেন।
ম্যাথিউ স্বীকার করলেন, বিরতির পর ছন্দ ফিরে পেতে সমস্যা হয়েছে বার্সার, ‘২ গোল করতে পেরে আমি খুবই সন্তুষ্ট। তবে ম্যাচটা কঠিন ছিল। তবে আন্তর্জাতিক ম্যাচের বিরতি কাটিয়ে ফেরার পর একটু ছন্দপতন হয়ই। প্রথমার্ধে সেল্টা আমাদের চেয়ে ভালো খেলেছে, দ্বিতীয়ার্ধে সেট পিস থেকে আমরা গোল পেয়েছি।’
জয়টা কীভাবে এল, আপাতত এনরিকে সেটা নিয়ে বোধ হয় মাথা ঘামাবেন না। লিগের বাকি আর ৯টি ম্যাচ, রিয়ালের চেয়ে এগিয়ে আছে ৪ পয়েন্টে। সামনের কোনো ম্যাচে হোঁচট খেলেই ধাক্কা খাবে বার্সার শিরোপার সম্ভাবনা।
ফ্রেঞ্চ লিগে বড় একটা ধাক্কা খেতে পারত পিএসজিও। মার্শেইয়ের সঙ্গে ‘লা ক্লাসিকে’ দুবার পিছিয়ে পড়েছিল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। কিন্তু দুবারই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জিতেছে ৩-২ গোলে। পিএসজির হয়ে গোল করেছেন ব্লেইজ মাতুইদি, মারকিনিয়স। অন্যটি আত্মঘাতী। আর মার্শেইয়ের হয়ে জোড়া গোল করেছেন আন্দ্রে–পিয়ের জিনিয়াক। এএফপি, রয়টার্স।