বার্সার আবার চোটশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেভারকুসেনের সঙ্গে ম্যাচটা এমনিতে গুরুত্বহীনই ছিল। বার্সেলোনা যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আগে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। কিন্তু লেভারকুসেনের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়ার পরও বার্সা কোচ লুইস এনরিকে উদ্বিগ্ন কেন? কারণ লিওনেল মেসি হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে ম্যাচ শেষ করেছেন! তার আগে নেইমারও কুঁচকির চোটে পড়েন এই ম্যাচের অনুশীলনে। বার্সার জন্য জোড়া আঘাতই বটে!
তবে এনরিকের অত দুশ্চিন্তার কারণ নেই, দুজনের কারও চোটই গুরুতর নয়। কাল বার্সার চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, মেসির তেমন কিছুই হয়নি। লম্বা চোট থেকে ফেরার ধকলটাই এখনো পুরোপুরি সামলে উঠতে পারেননি। তবে আজই অনুশীলনে ফেরার কথা। তুলনায় নেইমারের চোটটা একটু বেশি ভোগাবে, ক্লাব বিশ্বকাপেও সম্ভবত খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। নেইমারের বাবা জানিয়েছেন, বার্সেলোনা ফাইনালে উঠলেই শুধু খেলার সম্ভাবনা আছে তাঁর ছেলের। মার্কা, এএস।