মহাবিপদেই পড়েছে বার্সেলোনা। নেইমারের শূন্যতা তাঁরই মতো কোনো খেলোয়াড় দিয়ে পূরণ করা প্রায় অসম্ভবের কাছাকাছি। তার ওপর সময়ও প্রায় শেষ হয়ে আসছে। লিভারপুলের ফিলিপে কুতিনহো ও বরুসিয়া ডর্টমুন্ডের উসমান ডেম্বেলেকে চায় বার্সেলোনা। কিন্তু ৩১ আগস্ট দলবদলের শেষ দিন, এমন মুহূর্তে লিভারপুল আর ডর্টমুন্ড এত সহজে নিজেদের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়তে রাজি নয়।
সব মিলিয়ে কুতিনহো ও ডেম্বেলের বার্সেলোনায় আসা নিয়ে নাটক যেন শুধুই রং পাল্টাচ্ছে। এমনকি ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে বার্সেলোনার কর্তাব্যক্তিদের সুরও। এই তো গত বুধবারই বার্সেলোনার মহাব্যবস্থাপক পেপ সেগুরা বলেছিলেন, কুতিনহো ও ডেম্বেলেকে নিয়ে আসার ‘খুব কাছাকাছি’ পৌঁছে গেছে বার্সা। তার পরের দিনই পরশু কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালক রবার্ট ফার্নান্দেজ বললেন উল্টো কথা, ওঁদের দুজনকে নিয়ে ‘বড্ড জটিলতায়’ বার্সেলোনা।
এমনিতেই মাঠ ও মাঠের বাইরে বার্সেলোনা এখন এলোমেলো। স্প্যানিশ সুপার কাপে দুই লেগ মিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে ৫-১ গোলে। ওদিকে ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউকে হঠাতে রীতিমতো অভিযান শুরু হয়ে গেছে। দলের পারফরম্যান্স, নেইমারের ক্লাব ছাড়া, তারকা খেলোয়াড় এখনো আনতে না পারা, ক্লাবের একাডেমি ‘লা মাসিয়া’কে গত কয়েক বছরে উপেক্ষা করা...সব মিলিয়ে বার্তোমেউ ও তাঁর বোর্ডের ওপর মহা খ্যাপা বার্সার সদস্যরা। ‘বার্তোমেউ দিমিতে ইয়া’ (বার্তোমেউ পদত্যাগ করো) লেখা আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়াও ফেলেছে।
সবকিছুর সমাধান খুঁজতেই শিগগিরই কুতিনহো ও ডেম্বেলেকে ক্লাবে নিয়ে আসতে চাইছে বার্সা। কিন্তু দলে নতুন আসা পাওলিনহোর বার্সার জার্সিতে পরিচিতি অনুষ্ঠানেও এই দুজনের দলবদল প্রসঙ্গে বার্সার ক্রীড়া পরিচালক ফার্নান্দেজের কণ্ঠে কিছুটা হতাশাই ঝরেছে, ‘শুধু বার্সা নয়, বড় মাপের খেলোয়াড় আনতে চায়, এমন সব ক্লাবই এবার ঝামেলায় পড়ছে। ওদের কোনো বাইআউট ক্লজ (বিক্রেতা ক্লাবের অনিচ্ছা সত্ত্বেও খেলোয়াড়কে আনতে গেলে ন্যূনতম যে অর্থ দিতে হয়) নেই, এ কারণে ব্যাপারটা আরও কঠিন হয়ে পড়েছে।’
কঠিন যে হচ্ছে, সেটির প্রমাণ তো পাওয়া গেছে কালও। কুতিনহোর জন্য লিভারপুলের কাছে তৃতীয়বারের মতো ১১৮ মিলিয়ন পাউন্ড (১২৩১ কোটি টাকা) প্রস্তাব করেছে বার্সেলোনা। কিন্তু সঙ্গে সঙ্গেই সেটি ফিরিয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি।
লিভারপুল আর ডর্টমুন্ড স্বাভাবিকভাবে তাঁদের খেলোয়াড় ছাড়তে নারাজ। উল্টো বার্সা মহাব্যবস্থাপক সেগুরার ওই মন্তব্যের সমালোচনাই করেছেন দুই ক্লাবের কর্মকর্তারা। পরশু লিভারপুলের সংবাদ সম্মেলনে ক্লপ বলেছেন, ‘আমি জানি না তারা এসব কেন বলছে। এমনকি আমি তো ওই লোককে (সেগুরা) চিনিই না। কুতিনহোর ব্যাপারে আগে যা বলেছি (কুতিনহো বিক্রির জন্য নয়), এখনো ব্যাপারটা তা-ই আছে।’ ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হান্স জোয়াকিম ওয়াটজকে আরেক কাঠি সরেস। সেগুরার ওই মন্তব্যে উল্টো খোঁচাই মেরেছেন বার্সাকে, ‘ডেম্বেলের দলবদল সম্পন্ন করার দিকে এক মিলিমিটারও এগোয়নি বার্সা। (সেগুরার মন্তব্যের) একমাত্র ব্যাখ্যা হতে পারে এই, সুপার কাপে রিয়ালের কাছে হারের পর বার্সেলোনার সম্ভবত মাথা ঘুরছে।’ ইএসপিএন।