বার্সার কষ্টার্জিত জয়ে এনরিকের স্বস্তি

তিন দিন পর আর্সেনালের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ। সেদিকেই কি মনোযোগটা একটু বেশি ছিল বার্সেলোনার? আজ লাস পালমাসের বিপক্ষে লিগের ম্যাচে যে একেবারেই অচেনা লেগেছে কাতালান ক্লাবটিকে। পয়েন্ট তালিকার ১৮তম দলটির বিপক্ষে ২-১ গোলের জয় পেতেও কত কষ্টই না করতে হয়েছে বার্সেলোনাকে!
স্কোরলাইনটা একদমই ম্যাচের গল্পটা বোঝাতে পারছে না। গোলগুলো সব প্রথমার্ধেই হয়ে গেছে। ছয় মিনিটে জর্ডি আলবার ক্রস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। লিগে এই মৌসুমে সুয়ারেজের ২৫তম গোলের আনন্দটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। তিন মিনিট পরই লাস পালমাস স্ট্রাইকার উইলিয়ান হোসে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।
প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগেই আবার এগিয়ে যায় বার্সা। লিওনেল মেসির শট ফিরিয়ে দিয়েছিলেন লাস পালমাস গোলকিপার। কিন্তু তাঁর দুর্ভাগ্য, বল গিয়ে পড়ল নেইমারের পায়ে। ফল যা হবার তা-ই হলো! বার্সেলোনা এগিয়ে গেল ২-১ এ!
বার্সা জিতল ঠিকই, কিন্তু এই ফলকে লাস পালমাসের প্রতি ‘অবিচার’ হিসেবেই ধরে নিতে পারেন। লিগের ১৮তম দল তারা, কিন্তু খেলা দেখে সেটি কে বলবে! পুরো ৯০ মিনিট জুড়ে বার্সার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে গেছে। দ্রুত প্রতি-আক্রমণে উঠেছে, এমনকি দু-একবার বার্সেলোনার বক্সের সামনে বার্সেলোনার মতো করেই ছোট ছোট পাস কিংবা ওয়ান-টু খেলে চেষ্টা করেছে ভেতরে ঢোকার।
কিন্তু কখনো স্ট্রাইকারদের ভুলে, কখনো শেষ পাসটা ঠিকমতো না হওয়ায় গোল করতে পারল না লাস পালমাস। না হলে এই ম্যাচে অন্তত ড্র, এমনকি জয় নিয়েও মাঠ ছাড়তে পারত তারা। অবশ্য একটা ব্যাপারে নিজেদের ‘জয়ী’ ভাবতেই পারে লাস পালমাস। বার্সার সঙ্গে ম্যাচে যেটি অনেক বড় দলও করতে পারে না, সেটিই করে দেখিয়েছে এই মৌসুমেই স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসা ক্লাবটি। পুরো ম্যাচে বার্সার শট ১৩টি, অথচ লাস পালমাসের ১৬টি। ম্যাচের গল্পটা চাইলে এখান থেকেও পড়ে নিতে পারেন।
বার্সা কোচ লুইস এনরিকে অবশ্য স্বস্তি নিয়েই ফিরছেন। লিগের এই পর্যায়ে, যেখানে প্রতিটি পয়েন্ট হীরের চেয়েও দামি, সেখানে জয় পাওয়াটাই তো সবচেয়ে স্বস্তির। তার ওপর আর্সেনাল ম্যাচের কথা ভেবে এই ম্যাচে পিকে-বুসকেটসদেরও খেলাননি এনরিকে।
এদিকে বুন্দেসলিগায় টমাস মুলারের জোড়া গোলের সঙ্গে রবার্ট লেভানডফস্কির গোল মিলিয়ে ডার্মস্টাটকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। অবশ্য প্রথমে গোল খেয়েছিল বাভারিয়ান ক্লাবটিই। ২৬ মিনিটে ডার্মস্টাটের সান্দ্রো ওয়াগনার গোল করে দলকে এগিয়ে দেন। হয়তো অঘটনের স্বপ্নও দেখছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধের ৪৯ ও ৭১ মিনিটে মুলারের দুটি ও নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে লেভার গোলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন। তথ্যসূত্র: ইএসপিএন।