বার্সেলোনার সঙ্গে শীতল যুদ্ধ উসকে দেওয়ার মতোই ছিল এদগার্দো বাউজার মন্তব্যটা। আর্জেন্টিনা কোচের অভিযোগ, মেসি শতভাগ সুস্থ হওয়ার আগেই তাঁকে টানা খেলিয়ে গেছে বার্সেলোনা। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বার্সার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে আর্জেন্টিনা।
বার্সেলোনার শেষ ম্যাচে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে মেসি। খেলতে পারবেন না বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের দুটি ম্যাচে। হতাশা থেকেই হয়তো বার্সেলোনাকে ওভাবে দায়ী করেছিলেন বাউজা। তবে পরশু স্পেনের পত্রিকা স্পোর্ত-এ দেওয়া সাক্ষাৎকারে বাউজা উড়িয়েছেন শান্তির পতাকা, ‘স্পষ্ট বলে দিতে চাই, বার্সেলোনার সঙ্গে লড়ার কোনো ইচ্ছে আমার নেই। বরং আমরা মেসির ভালোর জন্য একসঙ্গে কাজ করতে চাই। কারণ মেসি তো সাধারণ কোনো খেলোয়াড় নয়।’ তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলেও দাবি বাউজার, ‘আমি যা বলেছিলাম, সেটা সংবাদমাধ্যমে ঠিকভাবে আসেনি। আমি যেটাতে জোর দিয়েছিলাম তা হচ্ছে, মেসির দেখভাল করা আমাদের সবার দায়িত্ব।’
বার্সেলোনা কোচ লুইস এনরিকে এই বিতর্কে জড়াতে চাননি, ‘বিশ্বের সেরা খেলোয়াড় চোটে পড়া শুধু ওদের বা আমাদের জন্য নয়, সারা পৃথিবীর ফুটবলপ্রেমীর জন্যও দুঃসংবাদ। কিন্তু যেসব গুঞ্জন চলছে, আমি এর মধ্যে জড়িয়ে পরিস্থিতি আরও খারাপ করতে চাই না।’
তার আগেই অবশ্য বার্সার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংগঠনটির মুখপাত্র জোসেফ ভিভেস কাল জানান, ‘এএফএ ইতিমধ্যে বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করেছে এবং মেসির চোট নিয়ে কোচ বাউজার করা মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছে। কোচ বাউজার কোনো মন্দ উদ্দেশ্য নেই, তবে তাঁর মন্তব্যটা দুর্ভাগ্যজনক।’ ইএসপিএন, স্পোর্ত।