বার্সার কেউ নেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন তাঁরা। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা...সময়ের সেরা অনেক খেলোয়াড় বার্সেলোনায়। বিশ্বের যেকোনো দলই বর্তে যায় এঁদের কাউকে দলে পেলে। তাঁদেরই কিনা জায়গা হলো না উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে!
গতকাল উয়েফার ওয়েবসাইটে পারফরম্যান্সের ভিত্তিতে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করেছে। তাতে নেই বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার কেউ। সর্বোচ্চ দুজন করে খেলোয়াড় আছেন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেইর।
মেসি না থাকলেও তাঁর ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ ক্রিস্টিয়ানো রোনালদো ঠিকই জায়গা করে নিয়েছেন একাদশে। অবশ্য গ্রুপ পর্বে ৬ ম্যাচে রেকর্ড ১১ গোল যার, তাঁর না থাকাটাই হতো বিস্ময়ের ব্যাপার। ৪-৩-৩ ফরমেশনে আক্রমণে রোনালদোর সঙ্গী হিসেবে জায়গা পেয়েছেন বায়ার্ন ফরোয়ার্ড টমাস মুলার (৫ গোল, দুই অ্যাসিস্ট) ও জেনিত সেন্ট পিটার্সবার্গের ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ক (৩ গোল, ৪ অ্যাসিস্ট)।
একাদশে মেসির না থাকাটা অনুমিতই ছিল। চোটে দুই মাস মাঠের বাইরে ছিলেন বলে গ্রুপ পর্বে ম্যাচই খেলেছেন মাত্র ৩টি। তবে বার্সার অন্য খেলোয়াড়েরা, বিশেষত নেইমার-সুয়ারেজের বাদ পড়াটা একটু বিস্ময়করই। উয়েফা।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সেরা একাদশ
গোলরক্ষক: কেভিন ট্র্যাপ (পিএসজি)।
ডিফেন্ডার: আন্দ্রেয়া বারজাল্লি (জুভেন্টাস), থিয়াগো সিলভা (পিএসজি), ডিয়েগো গডিন (অ্যাটলেটিকো) ও ডেভিড আলাবা (বায়ার্ন)।
মিডফিল্ডার: সভেন কুমস (গেন্ট), উইলিয়ান (চেলসি) ও রাহিম স্টারলিং (ম্যানচেস্টার সিটি)।
ফরোয়ার্ড: টমাস মুলার (বায়ার্ন), হাল্ক (জেনিত) ও ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল)।