বার্সার কোচের গায়ে কেন গিজনের জার্সি?

এল মলিননের হাজার হাজার দর্শক কাল প্রচণ্ড উৎকণ্ঠা নিয়েই খেলা দেখেছে। ভিয়ারিয়ালের সঙ্গে হোঁচট খেলেই সর্বনাশ, তখন নেমে যেতে হতে পারে দ্বিতীয় বিভাগে। ওদিকে আরেকজনও হয়তো ন্যু ক্যাম্পে উৎসবের আমেজে একটু পরপর মুঠোফোন গুঁতোচ্ছিলেন। গিজন প্রিমিয়ার লিগে টিকে থাকা নিশ্চিত করার পর লুইস এনরিকে কি স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন?
কাল লিগ শিরোপা নিয়ে উৎসব করেছে বার্সা। ভিক্টরি প্যারেড হয়েছে। কিন্তু এসব ছাপিয়ে এনরিকের একটি ছবি সবার নজরে কাড়ল। তাঁর পরনে বার্সা নয়, স্পোর্টিং গিজনের লাল-সাদা চেক জার্সি। বার্সার উৎসবের দিনে এনরিকে কেন পরলেন গিজনের জার্সি? অনেকেরই মনে জিজ্ঞাসা। কী সম্পর্ক তাঁদের? কেন এনরিকে এত উল্লসিত গিজনের সাফল্যে?
হওয়ারই কথা। গিজন কাল নাটকীয়ভাবে এড়িয়েছে অবনমন। আর তাতে এনরিকের আনন্দ দ্বিগুণ হয়ে গেল। আগের রাতে বার্সার হয়ে লিগ শিরোপা জয়, পরদিন গিজনের অবনমন এড়ানো!
এই গিজনই জানে এনরিকের প্রথম সবকিছু। এখানেই জন্ম। আস্তুরিয়া প্রদেশের এই গিজনের আলো-হাওয়াতেই তাঁর বেড়ে ওঠা। ক্যারিয়ারের শুরুটাও এই ক্লাবেই, সেখান থেকে ১৯৯১ সালে পাড়ি জমিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। সেখান থেকে বার্সা।
এরপর নিজের ক্যারিয়ারটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেলেও পুরোনো ক্লাবে আর কখনো ফেরা হয়নি। তবে এনরিকে সুযোগ পেলেই মনে করিয়ে দিয়েছেন, আস্তুরিয়া আর গিজন তাঁর হৃদয়ে সব সময়ই আছে।
কাল ম্যাচ শেষে তাই গিজনের জার্সি পরা একটা ছবি পোস্ট করেছেন টুইটারে। সেখানেই লিখেছেন, ‘কী দুর্দান্ত একটা ম্যাচ হলো! স্পোর্টিংকে অভিনন্দন। পিতুকে (তাদের কোচকেও) অভিনন্দন।’