বার্সার কোচ হলে এতদিনে ছাঁটাই হতেন গার্দিওলা

ইয়ায়ার সঙ্গে গার্দিওলার রসায়ন কখনই জমেনিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়েছেন চার বছর হলো। কোটি কোটি টাকা খরচ করেও দলকে ইউরোপসেরা করতে পারেননি। বার্সেলোনার হয়ে এত টাকা খরচ করার পরেও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হলে পেপ গার্দিওলা কী চাকরি বাঁচাতে পারতেন? সাবেক শিষ্য ইয়ায়া তুরস্কের মনে হয় না সেটা।

গার্দিওলার সঙ্গে ইয়ায়ার এমনিতেই সাপে-নেউলে সম্পর্ক। বার্সেলোনার কোচ হওয়ার এক বছরের মাথায় সার্জিও বুসকেটসের জন্য ইয়ায়াকে বেঞ্চে বসিয়ে দেন গার্দিওলা, পরে বিক্রি করে দেন ম্যানচেস্টার সিটির কাছে। সেই থেকেই ইয়ায়া গার্দিওলাকে ঠিক সহ্য করতে পারেন না। দুজনের সম্পর্ক একদম তলানিতে ঠেকে এই ম্যানচেস্টার সিটিতেই।

সিটির কোচ হওয়ার পর ইয়ায়া তুরেকে নিজের মূল একাদশের অংশ বানাননি গার্দিওলা। বেঞ্চে বসিয়ে রাখতেন। চুক্তির মেয়াদ, বেতন সংক্রান্ত বেশ কিছু কারণে গার্দিওলার সঙ্গে তাঁর ঠোকাঠুকি লেগেই থাকত। পরে নীরবে-নিভৃতে চুক্তি শেষ করে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে চলে যান ইয়ায়া। সময় পেলেই সাবেক কোচকে কথা শোনাতে ভোলেন না ইয়ায়া। লিওঁর কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হারার পর গার্দিওলা সিটির কোচ থাকার জন্য কতটুকু উপযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইয়ায়া।

ইয়ায়ার মতে, আজ বার্সেলোনা বা রিয়ালের মতো ক্লাবের কোচ হলে চাকরি থাকত না গার্দিওলার, ‘আজ যদি সিটির জায়গায় বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের কোচ হতেন গার্দিওলা, বড় সমস্যায় পড়তেন তিনি। আমার কাছে তিনি ক্লপ বা জিদানের মতোই ভালো ম্যানেজার। তবে এটা শেষমেশ ক্লাবেরই সিদ্ধান্ত।'

প্রতি বছর দেদারসে টাকা খরচ করার পরেও চ্যাম্পিয়নস লিগ না জিতলে প্রশ্ন উঠবেই, মনে করছেন ইয়ায়া, 'আমি সিটিকে চিনি, তারা যেকোনো ম্যানেজারকে দিয়ে সাফল্য পেতে পারে কারণ সবাই খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাবে। অনেকে হয়তো বলতে পারেন তাঁকে শুধু লিগ জেতার জন্যই রাখা হয়েছে, কিন্তু সিটি বছরের পর বছর ধরে যেভাবে খরচ করছে, তাঁর চ্যাম্পিয়নস লিগ জেতাটাও অনেক দরকারি। বোর্ড আপনার ওপর ভরসা করে আপনাকে নিয়ে এসেছে, প্রয়োজনীয় টাকা দিচ্ছে খরচ করার জন্য, এরপরেও আপনি যদি প্রত্যাশামাফিক পারফর্ম না করতে পারেন, তাহলে ব্যাপারটা জটিল হয়ে যায়।’