বার্সার চারে মেসির তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক : দশ মাস পরে হ্যাটট্রিক, লিওনেল মেসির জন্য বেশ দীর্ঘ অপেক্ষা! ন্যু ক্যাম্পে কাল আর্জেন্টাইন ফরোয়ার্ডের হ্যাটট্রিক আর নেইমারের এক গোলে গ্রানাডার বিপক্ষে বার্সেলোনা জিতেছে ৪-০ গোলে l রয়টার্স
হ্যাটট্রিক : দশ মাস পরে হ্যাটট্রিক, লিওনেল মেসির জন্য বেশ দীর্ঘ অপেক্ষা! ন্যু ক্যাম্পে কাল আর্জেন্টাইন ফরোয়ার্ডের হ্যাটট্রিক আর নেইমারের এক গোলে গ্রানাডার বিপক্ষে বার্সেলোনা জিতেছে ৪-০ গোলে l রয়টার্স

সব ধরনের প্রতিযোগিতায় এর আগে তাঁর সর্বশেষ হ্যাটট্রিক ছিল গত বছরের ৮ মার্চ, লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে। এরপর প্রায় ১০ মাস হয়ে গেছে লিওনেল মেসি হ্যাটট্রিক পাননি। ১০ মাস! মেসির মতো খেলোয়াড়ের জন্য দীর্ঘ অপেক্ষা তো বটেই।
সেই অপেক্ষা ফুরাল কাল ন্যু ক্যাম্পে, লা লিগায় গ্রানাডার বিপক্ষে। দুটি গোল পেয়ে গিয়েছিলেন ম্যাচের ১৪ মিনিট যেতেই। প্রথম গোলটি আরদা তুরানের দুর্দান্ত পাস থেকে। আর দ্বিতীয়টি তো ‘এমএসএন’ ত্রিমূর্তির সেরা সমন্বয় থেকে। নেইমার, লুইস সুয়ারেজের পা ঘুরে আসা বলে দুরূহ কোণ থেকে শেষ শট নিয়েছেন মেসি। তখন মনে হচ্ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের হ্যাটট্রিকও বুঝি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু হঠাৎ করেই যেন বার্সেলোনাকে গোল নষ্ট করার নেশায় পেয়ে বসল।
প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেও একই অবস্থা। অবশেষে ৫৮তম মিনিটে এল সেই ক্ষণ। সার্জি রবার্তোর দারুণ বাড়ানো বল ধরে খুব কাছ থেকে শট নিয়েছিলেন নেইমার। সেটি ফিরে এল বারে লেগে। ফিরতি বল জালে পাঠিয়ে হ্যাটট্রিকটা তুলে নিলেন মেসি। ক্লাব ও দেশের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে এটা তাঁর ৩৬তম হ্যাটট্রিক, লা লিগায় ২৫তম। নতুন বছরে এ পর্যন্ত বার্সেলোনার ৮ গোলের ৭টির সঙ্গেই জড়িত থাকল মেসির নাম—৫টি গোল, ২টি অ্যাসিস্ট।
গ্রানাডার বিপক্ষে সর্বশেষ ১২ বারের মুখোমুখি লড়াইয়ে ১১টিতেই বার্সেলোনার জয়। লা লিগায় ঘরের মাঠে গ্রানাডার বিপক্ষে শতভাগ সফল বার্সেলোনা; ২১ ম্যাচের সব কটি জিতেছে তারা। কালও তাই ম্যাচের ফল নিয়ে খুব একটা সংশয় ছিল না। ৮৩ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান ৪-০ করেছেন নেইমার। শুধু এতকিছু করেও ‘এমএসএন’ ত্রয়ীর অন্যজন সুয়ারেজ একটাও গোল পেলেন না, এটাই একটু আক্ষেপ হয়ে থাকবে বার্সার।
দুর্দান্ত এই জয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানেও ফিরল বার্সেলোনা। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ইংলিশ এফএ কাপ
আর্সেনাল ৩ : ১ সান্ডারল্যান্ড
ম্যান সিটি ৩ : ০ নরউইচ