বার্সার চুক্তিতে মেসির অনাগ্রহ!
চমকে দেওয়া খবর দিয়েছে মার্কা। স্প্যানিশ ক্রীড়া দৈনিকের খবর, বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরানোর আগে নতুন চুক্তি করতে রাজি নন লিওনেল মেসি!
২০১৮ সালের জুন পর্যন্ত চুক্তি আছে মেসির। মেয়াদ খুব বেশি বাকি নেই। গত জুলাইতেই নাকি মেসি সিদ্ধান্ত নেন, আগে চুক্তির পুরো মেয়াদ শেষ করবেন। এরপরই নতুন চুক্তি নিয়ে ভাববেন। যে ভাবনার ফল অন্য কিছুও হতে পারে।
নেইমারের সঙ্গে অনেক দিন থেকে ঝুলে থাকা নতুন চুক্তির ঝামেলা মিটিয়ে ফেলা, লুইস সুয়ারেজের সঙ্গে নতুন চুক্তি—কাতালান ক্লাবটির জন্য সুখবর দুটি এখন হারিয়ে যেতে বসেছে নতুন এই খবরে। মেসির সঙ্গেও ৫ বছরের নতুন চুক্তি করতে চাইছে বার্সা। কিন্তু মেসি এখনই এ নিয়ে ভাবতে রাজি নন। মেসি ঠিক কোন কারণে অনাগ্রহী সেটিরও ইঙ্গিত আছে মার্কার প্রতিবেদনে। করসংক্রান্ত ঝামেলায় তিনি নাকি হাঁপিয়ে উঠেছেন। বার্সাও আপাতত চুক্তির বিষয় নিয়ে আলোচনা স্থগিত রেখেছে। জানুয়ারিতে আবারও এ ব্যাপারে উদ্যোগ নেবে ক্লাবটি। মার্কা, টেলিগ্রাফ।