বার্সার চেয়ে পেসকারা ভালো দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেসকারা কোচের অদ্ভুত দাবি—বার্সার চেয়ে তাঁর দল ভালো! ছবি: এএফপি
পেসকারা কোচের অদ্ভুত দাবি—বার্সার চেয়ে তাঁর দল ভালো! ছবি: এএফপি

পেসকারাকে চেনেন? সিরি ‘আ’র পয়েন্ট তালিকার সবার নিচে থাকা দলের খবর কেই–বা রাখে! কিন্তু যখন শুনবেন কেউ বলেছে, এই পেসকারাই বার্সেলোনার চেয়ে ভালো দল, তখন তো চোখ কপালে উঠবেই। এমন অদ্ভুত দাবিটি পেসকারার কোচ জেনেক জেমানের।
ভাবছেন পাগল হয়ে গেছেন জেমান? ২৪টি লিগ শিরোপা জিতেছে বার্সেলোনা, পাঁচবার হয়েছে ইউরোপ-সেরা। এই দলের সঙ্গে তুলনা করার সাহসই–বা কোথা থেকে পান এখন পর্যন্ত দুটি মাত্র সিরি ‘বি’ শিরোপা জেতা ক্লাবের কোচ! পেসকারা কোচ কিন্তু কিছু যুক্তিও তুলে ধরেছেন। বার্সেলোনার সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি মানদণ্ড হিসেবে নিয়েছেন জুভেন্টাসকে।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে বার্সেলোনা জুভেন্টাসের কাছে হেরেছে ৩-০ গোলে। আর পেসকারা গতকাল সিরি ‘আ’তে জুভেন্টাসের কাছে হেরেছে ২-০ গোলে। তাহলে কোন দল ভালো? বার্সা, নাকি পেসকারা? জেমানের যুক্তিটা এ রকমই, ‘আমরা এমন একটি দলের বিপক্ষে খেলেছি, যারা শুধু ইতালিতেই নয়, ইউরোপেও অনেক কিছু জিতেছে। ফলের দিক থেকে আমরা বার্সেলোনার চেয়ে ভালো করেছি।’
জুভেন্টাসের কাছে হারের পর ৩২ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ২০ দলের মধ্যে ২০তম স্থানে আছে পেসকারা।সূত্র: এএফপি।