বার্সার চোখ ভীষণ অসম্ভবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে প্রতিবারই প্রশ্নটা অনুরণিত হতে থাকে বাতাসে, এবার কি তাহলে প্রথমবারের মতো কেউ শিরোপা ধরে রাখতে পারবে? ফ্রাঙ্ক রাইকার্ড-পেপ গার্দিওলার বার্সেলোনা পারেনি, পারেনি অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ কিংবা রিয়াল মাদ্রিদও। লুইস এনরিকের বার্সেলোনা কি এবার ইতিহাস গড়তে পারবে?
কী অদ্ভুত, সর্বশেষ শিরোপা ধরে রাখার কীর্তিটা যাদের, সেই এসি মিলান এবার চ্যাম্পিয়নস লিগেই খেলতে পারছে না। ১৯৯০ সালে আরিগো সাচ্চির মিলান যখন পরপর দুই মৌসুমে জিতেছিল, চ্যাম্পিয়নস লিগের এই সংস্করণই ছিল না। তারপর থেকে প্রতিবারই চ্যাম্পিয়নদের ওপর যেন অমোঘ এক অভিশাপ ভর করেছে। এবার কি সেই অভিশাপ কাটবে?
বার্সেলোনা ডিফেন্ডার টমাস ভার্মেলেন কিন্তু আশাবাদী, ‘আমাদের লক্ষ্য একই। গত মৌসুমে আমরা ট্রেবল জিতেছিলাম, আমরা জানি এবার সেটা আবার করা সহজ হবে না, কিন্তু আমরা চেষ্টা করব।’ এখন পর্যন্ত মেসিদের পায়ে গত মৌসুমের ধারাটা ধরে রাখার যথেষ্ট প্রতিশ্রুতি, লা লিগায় প্রথম তিন ম্যাচ জিতে সবার ওপরেই আছে বার্সেলোনা।
তবে আপাতত অত দূর না ভেবে আজকের ম্যাচ নিয়েই নিশ্চয় মাথা ঘামাচ্ছেন লুইস এনরিকে। বার্সেলোনা কোচের কাছে আজ রোমার সঙ্গে ম্যাচটা অবশ্য একটু স্মৃতিকাতরই হওয়ার কথা, ২০১১-১২ মৌসুমে টট্টিদের কোচ ছিলেন এনরিকে। তখন অবশ্য পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছিল রোমা। সেটা কাটিয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ফেরার অভিজ্ঞতা সুখকর হয়নি। বায়ার্নের কাছে ৭-১ গোলে পরাজয়ের ক্ষতটা কি এত সহজে শুকোয়?
১৩ বছর আগে দুই দলের সর্বশেষ দেখায় এনরিকেও কিন্তু খেলেছিলেন বার্সার হয়ে। অবিশ্বাস্যই বটে, সেই রোমার একজন এখনো খেলছেন। নামটা অনুমান করতে কষ্ট হওয়ার কথা নয়—৩৯ ছুঁইছুঁই ফ্রান্সেসকো টট্টি। ক্লাব কিংবদন্তিকে কিছু একটা উপহার দিতে চান রোমা কোচ রুডি গার্সিয়াও, ‘আমি রোমার হয়ে তাঁকে নিয়ে একটি শিরোপা জিততে চাই।’
সেটা শিরোপাটা অবশ্য চ্যাম্পিয়নস লিগ হওয়ার সম্ভাবনা ক্ষীণই। বাস্তবতাটা জানেন গার্সিয়াও, ‘আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পার করা। বার্সেলোনাকে বাদ দিলে গ্রুপের বাকি সবারই সমান সুযোগ আছে। আমাদের কিছুই হারানোর নেই।’ সেই তুলনায় রোমা গোলরক্ষক শেজনি বরং কিছুটা সাহসী। সিরি ‘আ’-তে মৌসুমের শুরুতেই জুভেন্টাসকে ২-১ গোলে হারানোর কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘আমরা কী করতে পারি, সেটা জুভেন্টাসের সঙ্গেই দেখিয়েছি। ইউরোপের সেরা দলগুলোর সামনে দাঁড়াতে আমরা আত্মবিশ্বাসী।’

আজ মুখোমুখি
আজ মুখোমুখি

একই রাতে অলিম্পিয়াকসের সঙ্গে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু হচ্ছে বায়ার্নের। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে আজ বাভারিয়ান ক্লাবের ৩০০তম ম্যাচ। কোচ পেপ গার্দিওলা নিশ্চয় চাইবেন এবার আগের দুই মৌসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলতে। বুন্দেসলিগা হেসেখেলে জিতলেও বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগটা অধরাই থেকে গেছে বার্সাকে দুবার চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচের। বায়ার্ন স্ট্রাইকার টমাস মুলারও স্পষ্ট করেই বলেছেন, ‘আমাদের আসল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয়, এটাই থাকবে।’ তবে অলিম্পিয়াকসের সঙ্গে বায়ার্নের জয়টা সহজ নাও হতে পারে, সব প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচ অপরাজিত গ্রিক চ্যাম্পিয়নরা।
ইসরায়েলের দল ম্যাকাবি তেলআবিবের সঙ্গে চেলসির জয় নিয়ে এমনিতে খুব একটা সংশয় থাকার কথা নয়। কিন্তু প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচের তিনটি হেরে চেলসি এখন ধুঁকছে। ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ তাই দলকে জেগে ওঠার ডাক দিলেন, ‘আমাদের পথে ফিরতে একটা বড় জয় দরকার। ফল যে রকম দেখাচ্ছে, আমরা কিন্তু অতটা খারাপ খেলছি না।’ এএফপি, রয়টার্স।