বার্সার জন্য প্রস্তুত জুভ

দুই দলের ম্যাচেই গোল হয়েছে দুটি করে। পরশু রাতে ভালো খেলেনি দুই দলের কেউই। মিলটা এখানেই থেমেছে জুভেন্টাস ও বার্সেলোনার। বার্সেলোনা যেখানে মালাগার মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেছে, জুভেন্টাস কিন্তু নিজের মাঠে ঠিকই গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে শিয়েভোকে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের আগে দুই দলের এমন উল্টো ফলে আশাবাদী হতেই পারে জুভেন্টাস! নিজের মাঠেই কাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সাকে আতিথ্য দেবে ‘তুরিনের বুড়ি’রা।
কদিন আগেও লা লিগায় অবনমন অঞ্চলে ঘুরে বেড়ানো মালাগার বিপক্ষে বার্সেলোনা খেলেছে গত কিছুদিনের মধ্যে সবচেয়ে বাজে খেলাটা। মাসিমিলিয়ানো অ্যালেগ্রি অবশ্য এই ম্যাচ দিয়ে বার্সেলোনাকে বিচার করতে রাজি নন একেবারেই, ‘এ হার বিবেচনায় নেওয়ার মানে হয় না। কারণ বার্সেলোনা ইউরোপিয়ান ফুটবল খেলে অভ্যস্ত। আমার কাছে, এই বার্সেলোনা আগের বার্সেলোনাই। মেসি, ইনিয়েস্তার মতো খেলোয়াড় দলে থাকলে, এমন বাজে ফল খুব বেশি ম্যাচে হওয়ার কথা না।’
অ্যালেগ্রি বরং নিজের দল নিয়েই কথা বলতে চাইছেন। বেশ কিছুদিন ধরে একটা সমালোচনা তাঁকে ঘুরেফিরে শুনতে হচ্ছে—জুভেন্টাস সুন্দর ফুটবল খেলতে পারছে না। যে সমালোচনা গায়েই মাখছেন না জুভেন্টাস কোচ, ‘যখনই “দৃষ্টিনন্দন ফুটবল” সম্পর্কে পড়ি, হাসি পায়। সেটা সার্কাসের জন্য ঠিক আছে, কিন্তু আমার কাজ ম্যাচ জেতানো।’ সেটা অবশ্য করে যাচ্ছেন অ্যালেগ্রি, লিগে নিজেদের মাঠে লিগে টানা ৩২ ম্যাচে জিতেছে জুভেন্টাস! নিজেদের এই ‘দুর্গে’ বার্সাকে হারানোর ভাবনাটা তাই ভালোভাবেই আছে অ্যালেগ্রির মাথায়, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ এটা কোয়ার্টার ফাইনাল। বার্সেলোনাকে শ্রদ্ধা করি, তবে আমরাও পরের পর্বে যেতে পারি—এ বিশ্বাস নিয়েই নামব।’ এএফপি।