বার্সার জয় চাইবেন গার্দিওলাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ক্লাব বার্সেলোনা, বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি—আজই শেষ ষোলোতে উঠতে দুই ক্লাবেরই জয় চাইবেন পেপ গার্দিওলা l রয়টার্স
সাবেক ক্লাব বার্সেলোনা, বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি—আজই শেষ ষোলোতে উঠতে দুই ক্লাবেরই জয় চাইবেন পেপ গার্দিওলা l রয়টার্স

এত দিনের সম্পর্ক, বার্সেলোনার জন্য আবেগের একটা জায়গা তো তাই সব সময়ই থাকবে পেপ গার্দিওলার। আজ অবশ্য অন্য একটা কারণে বার্সার শুভাকাঙ্ক্ষী হয়ে যাবেন ম্যানচেস্টার সিটি কোচ। সেটা ঠিক বার্সার জন্য নয়, তাঁর নিজের স্বার্থেই। কী সেই স্বার্থ?
চ্যাম্পিয়নস লিগে আজ একই গ্রুপে বার্সেলোনা খেলবে সেল্টিকের বিপক্ষে, মনশেনগ্লাডবাখের মুখোমুখি হচ্ছে সিটি। এখন পর্যন্ত চারটি করে ম্যাচ হয়ে যাওয়ার পর বার্সার পয়েন্ট ৯, সিটির ৭, গ্লাডবাখের ৪ ও সেল্টিকের ২। গ্লাডবাখের বিপক্ষে আজ জিতলে খুব সহজেই শেষ ১৬-তে চলে যাবে সিটি। তখন আর অন্য কোনো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে না। তবে ড্র করলেও সিটির সুযোগ থাকবে, যদি অন্য ম্যাচে বার্সেলোনা হারিয়ে দেয় সেল্টিককে। গার্দিওলা কেন আজ বার্সেলোনার শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকবেন, বোঝা যাচ্ছে নিশ্চয়ই।
সিটি হেরে গেলে অবশ্য পুরো হিসাবটাই গোলমেলে হয়ে যাবে। তখন পরের রাউন্ডে যেতে হলে অপেক্ষা করতে হবে গ্রুপের শেষ ম্যাচগুলোর জন্য। গার্দিওলা নিশ্চয়ই সেই দুশ্চিন্তায় থাকতে চাইবেন না। বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময় অনেকবারই মুখোমুখি হয়েছেন গ্লাডবাখের। সেই অভিজ্ঞতা কাজে লেগেছে সিটির কোচ হয়ে আসার পরেও। ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগে গ্লাডবাখকে সিটি হারিয়েছে ৪-০ গোলে। বরুসিয়া পার্কে আজ ফিরতি লেগেও এমন কিছুই চাইবেন সিটি কোচ।
এমনিতে গ্লাডবাখের বিপক্ষে সিটির রেকর্ড বেশ ভালো। মুখোমুখি সর্বশেষ ৫ ম্যাচের ৩টিতে জয়, একটিতেই শুধু জিততে পেরেছে গ্লাডবাখ। ড্র হয়েছে অন্য ম্যাচটি। প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে সিটি দারুণ উজ্জীবিতও। ওই ফর্মটা চ্যাম্পিয়নস লিগেও টেনে নিয়ে আসতে চান গার্দিওলা, ‘আমরা একই রকম আধিপত্য নিয়ে এই ম্যাচটাও খেলতে চাই।’
বার্সেলোনার এত দুশ্চিন্তার কিছু নেই। খুব বড় কোনো অঘটন না ঘটলে লুইস এনরিকের দল পরের রাউন্ডে খেলছে, এটা ধরে নেওয়াই যায়। গ্লাসগোতে আজ সেল্টিককে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথেও অনেক দূর এগিয়ে যাবে বার্সা। এমনকি যদি হেরে গেলেও তারা শেষ ১৬-তে যাবে, যদি অন্য ম্যাচে গ্লাডবাখ সিটিকে হারিয়ে না দেয়।
তবে এনরিকে মনে হয় না অন্য কোনো ম্যাচের অপেক্ষায় থাকাটা পছন্দ করবেন। ন্যু ক্যাম্পে প্রথম লেগে সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা। লিওনেল মেসির হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল ছিল লুইস সুয়ারেজের। অসুস্থতা থেকে সেরে উঠে সেই মেসি আজ ফিরছেন বার্সা দলে। লা লিগায় এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন সুয়ারেজও। আর দুর্দান্ত ফর্মে থাকা নেইমার তো আছেনই।
দুর্ধর্ষ ‘এমএসএন’ ত্রয়ী থাকার পরেও যদি সেল্টিকের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে না পারে বার্সা, সেটাকে অঘটন বলতে হবে বৈকি! এএফপি, রয়টার্স।
আজ মুখোমুখি
রোস্তভ-বায়ার্ন
সেল্টিক-বার্সেলোনা
আর্সেনাল-পিএসজি
অ্যাটলেটিকো-পিএসভি
ম’গ্লাডবাখ-ম্যান সিটি
বেসিকতাস-বেনফিকা
নাপোলি-কিয়েভ
লুদোগোরেৎস-বাসেল
* প্রথমে স্বাগতিক দল