বার্সার জয় ছাপিয়ে বদলি-বিতর্ক
ম্যাচের তখনো ১০ মিনিট বাকি। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। তখন পর্যন্ত একজনকেও বদলি হিসেবে নামাননি লুইস এনরিকে, বার্সেলোনা কোচ চাইলে একজনকে নামাতেই পারতেন। কিন্তু শেষ ১০ মিনিট ১০ জন নিয়ে খেলেই বার্সেলোনা উঠে গেল শেষ ষোলোতে। পরশু কোপা ডেল রেতে ভিয়ানোভেন্সকে ৬-১ গোলে হারানোর পর জয়ের চেয়ে এনরিকের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়েই বেশি কথা হচ্ছে।
মেসি, সুয়ারেজ, নেইমারের কেউ ছিলেন না। কিন্তু তরুণেরা সেই অভাব একদমই বুঝতে দিলেন না। দানি আলভেজের প্রথম গোলের পর হ্যাটট্রিক করেছেন সান্দ্রো রামিরেস। মুনির এল হাদ্দাদি করেছেন জোড়া গোল। দুই মাস পর গোল পেলেন বার্সার রিজার্ভ বেঞ্চের দুই স্ট্রাইকার। কিন্তু জয়ের পর সংবাদ সম্মেলনে এনরিকের সিদ্ধান্ত নিয়েই বেশি কথা হলো। তৃতীয় বিভাগের ক্লাব ভিয়ানোভেন্সকে এই সিদ্ধান্তে অপমান করা হলো কি না উঠে গেছে সেই প্রশ্নও। এনরিকে আত্মপক্ষ সমর্থন করেছেন, ‘আমি চাইলেই নামাতে পারতাম, কিন্তু চোটের কারণে আমি কাউকে নামানোর ঝুঁকি নিইনি। তাতে যদি ওদের অসম্মান করা হয়, তাহলে আমি দুঃখিত। কিন্তু এই কাজটা আমি আবারও করব।’ এএফপি, মার্কা।