বার্সার টানা পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন লুইস এনরিকে বলতেই পারেন, ক্লাবের সাময়িক দুঃসময়টা শাপেবর হয়ে এসেছে। জুবিজারেতার ছাঁটাই, পুয়োলের পদত্যাগ, মেসির সঙ্গে কোচ এনরিকের কথিত দ্বন্দ্ব—ন্যু ক্যাম্পে জমছিল অস্থিরতা। কিন্তু এসব কিছুর পর খেলা যে পাঁচটি ম্যাচই জিতল বার্সেলোনা। যে অ্যাটলেটিকো মাদ্রিদকে গত মৌসুমে একবারও হারাতে পারেনি, তাদেরই এ নিয়ে হারাল দুবার। পরশু কোপা ডেল রের সেমিফাইনালে ১-০ গোলের জয়ে অবশ্য এখনই পুরোপুরি স্বস্তি পাচ্ছে না বার্সা। সামনের সপ্তাহে ভিসেন্তে ক্যালদেরনের ফিরতি লেগে অ্যাটলেটিকোর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তো আছেই।
বার্সেলোনার জন্য ম্যাচটা হতাশারই গল্প হতে যাচ্ছিল। ৮৩ মিনিট পর্যন্ত গোলের দেখা নেই, সুয়ারেজ একবার অমার্জনীয়ভাবে ব্যর্থ হয়েছেন গোল করতে, ইনিয়েস্তার শট ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক...ন্যু ক্যাম্প থেকে অ্যাটলেটিকো আবারও ড্র নিয়ে ফিরবে তাহলে? সেই সম্ভাবনাই যেন ছড়িয়ে পড়ছিল বাতাসে। খেলা শেষের মিনিট সাতেক আগে সার্জিও বুসকেটসকে ফেলে দিলেন অ্যাটলেটিকোর হুয়ানফ্রান, তৎক্ষণাৎ রেফারির পেনাল্টির বাঁশি। কিন্তু মেসির পেনাল্টি ঠেকিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান অবলাক। কিন্তু ফিরতি বলটা দারুণ ক্ষিপ্রতায় জালে পাঠিয়ে দিয়ে মেসি আনন্দে ভাসালেন ন্যু ক্যাম্পকে।
অ্যাটলেটিকো অবশ্য মেসির প্রিয় প্রতিপক্ষই, অ্যাটলেটিকোর বিপক্ষেই তাঁর গোল সবচেয়ে বেশি (২২টি)। তবে ইদানীং পেনাল্টি ভাগ্যটা ভালো যাচ্ছে না, জাতীয় দল ও ক্লাব মিলিয়ে গত সাত পেনাল্টির চারটিই মিস করেছেন। পরশু জয়ের পর বার্সেলোনা এগিয়ে গেল বটে, তবে অ্যাটলেটিকো কি নিজেদের মাঠে ছেড়ে কথা বলবে? অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে ফিরতি ম্যাচের জন্য সতর্কই করে দিলেন প্রতিপক্ষকে, ‘বার্সেলোনা গত দুই ম্যাচে বেশ উন্নতি করেছে। তবে এখনো ওদের সঙ্গে আমাদের ভালো সুযোগ আছে। এখনো ম্যাচটা উন্মুক্ত।’
এনরিকেও মানছেন, এখনো অনেক কিছুই বাকি, ‘এটা ইতিবাচক একটা ফল। তবে ভবিষ্যতে কী হবে সেটা কিছুই বলা যায় না। আমাদের প্রতিপক্ষের এখনো অনেক কিছু করার আছে। দুই দলই জিততে চাইবে, পরের ম্যাচটা আকর্ষণীয়ই হওয়া উচিত।’ এএফপি।