বার্সার ত্রাতা সেই মেসি

ঘড়িটা তখন ৯০ মিনিট ছুঁই-ছুঁই করছে। গোললাইনের ১২ গজ দূরে দাঁড়িয়ে লিওনেল মেসি। টিভি পর্দায় দেখানো হলো একটা তথ্য, মেসি শেষ দুটি পেনাল্টি কোন দিকে নিয়েছেন। একটি ডান পোস্টের ওপরের কোনায়, অন্যটিকে বাঁ দিকের নিচ দিকে। এবার তাহলে কোন দিকে যাবে মেসির শট?
শটটা গেল বাঁ দিকেই, তবে ওপরের কোনায়। লেগানেস গোলকিপার ইয়াগোকে কোনো সুযোগ না দেওয়া এই গোলেই এতক্ষণে আটকে রাখা নিশ্বাসটা ফেলল পুরো ন্যু ক্যাম্পে। এমন মুহূর্তেও মেসির মুখে হাসি নেই, নেই এতটুকু উল্লাস। সতীর্থদের আলিঙ্গনে আস্তে করে নিজেকে সঁপে দিয়ে সেরে নিলেন কাজটা। এ গোলেই পয়েন্ট খোয়ানোর হাত থেকে বাঁচল বার্সেলোনা। ত্রাতা মেসির জোড়া গোলে পরশু ২-১ গোলে হারল দুর্বল লেগানেস।
বার্সেলোনার খেলা দেখে মনে হচ্ছিল, পিএসজি-দুঃস্বপ্ন এখনো তাদের পিছু ছাড়েনি। না হলে, যে ক্লাবটি নভেম্বরের পর লিগে কোনো ম্যাচ জেতেনি, আছে ১৭ নম্বর স্থানে, সেই লেগানেসের বিপক্ষেও এমন ছন্নছাড়া ফুটবল কীভাবে খেলেন মেসিরা! ন্যু ক্যাম্প তাই দর্শক উল্লাসে নয়, কেঁপেছে দুয়োধ্বনিতে। কোচ লুইস এনরিকে যেটি মেনে নিতে পারেননি, ‘ভক্ত হিসেবেও যদি কথা বলি, তবু নিজের দলের খেলোয়াড়দের দুয়ো দেওয়ার কোনো অর্থ হয় না।’
দুয়োধ্বনিটা সবচেয়ে বেশি ছুটেছে এনরিকের দিকে। এ মৌসুমেই দলে আসা আন্দ্রে গোমেসও শিকার হয়েছেন দর্শকদের বিরূপ আচরণের। ইনিয়েস্তার ৪০০তম লা লিগা ম্যাচের উপস্থিতি নিশ্চিত করে ৮০ মিনিটে মাঠ ছাড়ার সময়ও কুলেসদের (বার্সা সমর্থকদের ডাকনাম) দুয়ো শুনতে হয়েছে। এনরিকের চোখে খেলোয়াড়দের সঙ্গে অন্যায় আচরণ করছেন সমর্থক গোষ্ঠী, ‘প্যারিসে যা হয়েছে তারপর কোচ হিসেবে এটাই (দুয়ো) স্বাভাবিক। আমি যেকোনো সমালোচনা গ্রহণ করতে রাজি আছি কিন্তু মাঠে যারা আছে তাদেরও সমর্থন দরকার। খেলাটা এমনিতেই কঠিন, বাড়তি চাপ দিয়ে মনে হয় না কোনো সাহায্য করছেন আপনারা। আন্দ্রের (গোমেস) ব্যাপারটা আমাকে খুব বিরক্ত করছে।’
দর্শকদের ঝাঁজটা পরশু টের পেয়েছেন গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেনও। ৭১ মিনিটে লেগানেসের একমাত্র গোলটা সার্জি রবার্তোর ভুলে হলেও তাতে জার্মান গোলকিপারেরও দায় ছিল। নিজের দিকে এমন দুয়োধ্বনি স্টেগেনও মানতে পারেননি, ‘আমি ব্যাপারটা বুঝলাম না। কঠিন এক সপ্তাহের পর জিতেছি এটাই তো বড়। দর্শকদের আমরা চাই। ঘরের মাঠে সমর্থনটা জরুরি। আমরা জিততে বা হারতে পারি কিন্তু গুরুত্বপূর্ণ হলো ঐক্যবদ্ধ থাকা।’
দিন শেষে জয় নিয়ে ম্যাচ শেষ করতে পেরেই তৃপ্ত এনরিকে। পরের ম্যাচেই কঠিন পরীক্ষা বার্সেলোনার। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে যাওয়ার আগে হারানো আত্মবিশ্বাস যে কিছুটা হলেও ফিরে পেয়েছে বার্সেলোনা, ‘আজকে পা হড়কালেই ভাগ্যনির্ধারণী একটা ম্যাচ হয়ে যেত এটা। পয়েন্টের দিক থেকে না হলেও অন্তত মানসিক দিক থেকে।’ এএফপি, গোলডটকম।