বার্সার দুঃখের নাম সেল্টা

সেল্টা ভিগোর সঙ্গে খেলা পড়লেই কি একটু নার্ভাস হয়ে যান বার্সেলোনা কোচ লুইস এনরিকে?
পরশুর পর এ প্রশ্নটা জোরেশোরে উঠতেই পারে। এই সেল্টার মাঠ থেকেই গত মৌসুমে মেসি-নেইমার-সুয়ারেজকে নিয়েও বার্সেলোনা ফিরেছিল ৪-১ গোলে হেরে। শেষ পর্যন্ত লিগ চ্যাম্পিয়ন হওয়া বার্সার ওই মৌসুমে ওটাই ছিল সবচেয়ে বড় হার!
একই দলের বিপক্ষে পরশু আবারও হারল লা লিগার চ্যাম্পিয়নরা, এবার ব্যবধান ৪-৩। সব মিলিয়ে লুইস এনরিকে সেল্টা ভিগোর দায়িত্ব ছেড়ে এসে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর সেল্টার কাছেই তাদের তিনবার হার!
পুরোনো ক্লাবের বিপক্ষে খেলা হলে যে কেউ একটু আবেগতাড়িত হতেই পারেন। এনরিকের ক্ষেত্রেও কি সেটা হচ্ছে? ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রশ্নটা পাশ কাটিয়ে উত্তরটা একটু অন্যভাবে দিলেন এনরিকে, ‘যদি কোনো দল আমাদের ভোগাতে পারে, সেটা সেল্টা। আমাকে যদি কোনো ভালো দলের বিপক্ষে হারতে হয়, সেটা সেল্টা হলেই আমি খুশি হব।’
অথচ লা লিগাতেই দিনের আগের ম্যাচে রিয়াল পয়েন্ট হারানোর পর বার্সার সামনে সুযোগ ছিল পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাওয়ার। সেই দলটাই কিনা ৩৩ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে ৩-০ গোলে! ২০০৭ সালে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর এই প্রথম লা লিগায় কোনো ম্যাচের প্রথমার্ধে ৩ গোল খেল বার্সা। পরে দ্বিতীয়ার্ধে রাফিনহার বদলি হিসেবে আন্দ্রেস ইনিয়েস্তাকে নামানোর পর খেলায় ফেরে এনরিকের দল। বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এটি ছিল ইনিয়েস্তার ৬০০তম ম্যাচ। কিন্তু বার্সা অধিনায়কের উপলক্ষটা শেষ পর্যন্ত আনন্দের হলো না। জেরার্ড পিকের প্রথম গোলের সঙ্গে নেইমারের পেনাল্টি গোল মিলিয়ে একসময় ৩-২ করে ফেলেছিল বার্সা। তখন যেভাবে তারা চেপে ধরেছিল সেল্টাকে, তাতে জয় না হোক ড্রয়ের কথা ভাবতেই পারত। কিন্তু গোলরক্ষক মার্ক টের স্টেগেনের ভুলে বল চলে যায় প্রতিপক্ষের কাছে, আর তাতেই ৭৭ মিনিটে আরেকটি গোল খেয়ে পিছিয়ে পড়ে বার্সেলোনা। বদলি ডেনিস সুয়ারেজের ক্রসে পিকে হেডে তাঁর দ্বিতীয় গোলটি করে ব্যবধান কমিয়েছেন, কিন্তু জেতাতে পারেননি।
ম্যাচ শেষে এনরিকে তাঁর গোলরক্ষককে আগলেই দাঁড়িয়েছেন, ‘এটা কারও একার ভুল নয়। এই হার সবার। প্রথমত, আমি দায়ী। আমাদের শীর্ষে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমরা সুযোগটা নিতে পারলাম না।’
টের স্টেগেন অবশ্য নিজে দায় নিয়ে ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে, ‘গোলটি হয়েছে আমার ভুলে। যা ঘটেছে তাতে আমি সত্যি দুঃখিত। আমি জর্ডিকে পাস দিতে চেয়েছিলাম। সেটা ঠিকভাবে দিতে না পারাটা আমারই ব্যর্থতা। দলের জন্য আমার খারাপ লাগছে, সবাই শেষ পর্যন্ত লড়াই করেছে। আমি ভুল না করলে হয়তো আমরাই জিততাম। এটা পরিষ্কারভাবেই আমার ভুল।’
এই হতাশা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান বার্সার সুইপার-কিপার, ‘হার তো সব সময় কষ্টদায়ক। তবে আমাদের এগিয়ে যেতে হবে। এখন আন্তর্জাতিক ম্যাচের বিরতি শুরু। বিরতি শেষে আমরা যে পথে ছিলাম, সেটাই অনুসরণের চেষ্টা করব।’ এএফপি, গোলডটকম।
লা লিগা টপ ৫
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
অ্যাটলেটিকো মাদ্রিদ ৭ ৪ ৩ ০ ১৪/২ ১৫
রিয়াল মাদ্রিদ ৭ ৪ ৩ ০ ১৬/৭ ১৫
সেভিয়া ৭ ৪ ২ ১ ১৩/১০ ১৪
বার্সেলোনা ৭ ৪ ১ ২ ২২/১০ ১৩
ভিয়ারিয়াল ৭ ৩ ৪ ০ ৯/৪ ১৩