বার্সার নাটকীয় জয়, আহত মেসি

স্কোরলাইন দেখে মনে হতে পারে, বুঝি ম্যাড়মেড়ে ম্যাচই হয়েছে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার একমাত্র গোলে জয়, সেটাও আবার যোগ হওয়া সময়ের চতুর্থ মিনিটে! আগের সময়টায় কি তাহলে হয়েছে ঘুমপাড়ানি খেলা?
আসলে তা নয়। মেস্তায়া স্টেডিয়ামের ম্যাচটা ছিল বেশ ঘটনাবহুল। অফসাইডের ‘অন্যায্য’ সিদ্ধান্তে লুইস সুয়ারেজের গোল বাতিল হয়ে যাওয়া, নিকোলাস ওটামেন্ডিকে নেইমারের ঢুস, ক্ষুব্ধ ভ্যালেন্সিয়া সমর্থকের বোতল নিক্ষেপ মেসির মাথায়, সেটার নালিশ করতে গিয়ে আবার মেসির হলুদ কার্ড দেখা—এমন ম্যাচ কখনো ম্যাড়মেড়ে হয় নাকি!
৭০ মিনিটে সুয়ারেজের বাতিল হয়ে যাওয়া গোলটা নিয়ে অবশ্য ম্যাচ শেষে খুব একটা আফসোস করেনি বার্সেলোনা। তবে টিভি রিপ্লেতে দেখা গেছে অফসাইডের সিদ্ধান্তটা ছিল বিতর্কিত। এর আগে প্রথমার্ধের মিনিট বিশেকের সময় নিজেদের ডি-বক্সে নেইমারকে ট্যাকল করে ফেলে দেন ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার ওটামেন্ডি। মাটিতে পড়ে থাকা নেইমার উঠতে গিয়ে ঢুস মারেন তাঁকে। যদিও পুরো ব্যাপারটিই চোখে এড়িয়ে যায় রেফারির। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের বচসার সময় হলুদ কার্ড দেখেন বার্সেলোনার জেরার্ড পিকে ও ভ্যালেন্সিয়ার ব্যারাগান।
তবে ম্যাচের সবচেয়ে দুঃখজনক ঘটনাটি ঘটে খেলার শেষ মুহূর্তে। যোগ হওয়া সময়ে সার্জিও বুসকেটসের গোলের পর বার্সেলোনা খেলোয়াড়রা যখন উদ্যাপনে মত্ত, তখনই গ্যালারি থেকে তাদের দিকে ছুড়ে মারা হলো একটা খালি বোতল। সেটি লাগল মেসির মাথায়। বোঝাই যাচ্ছিল অন্তিম মুহূর্তে গোল খেয়ে খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছিল ভ্যালেন্সিয়া সমর্থকেরা। কিংবা মেসির ওপরও কিছুটা ক্ষোভ ছিল। গোলের পেছনের কারিগর যে ছিলেন তিনিই। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্রস ভ্যালেন্সিয়ার জালে জড়াতে চেয়েছিলেন নেইমার। ভ্যালেন্সিয়া গোলরক্ষক ডিয়েগো আলভেজ সেটি ফিরিয়ে দিলেও বুসকেটসের ফিরতি শট ফেরাতে পারেননি। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মাথায় ব্যথা পাওয়া মেসি রেফারিকে ঘটনাটি জানাতে গিয়ে উল্টো নিজেই হলুদ কার্ড দেখেছেন। হয়তো রেফারি ভেবেছিলেন সময় নষ্ট করছেন মেসি!
বার্সেলোনা অবশ্য পরে জানিয়েছে মেসির আঘাতটা খুব গুরুতর নয়। পরের ম্যাচেই খেলতে পারবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে ঘটনাটির জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে বের করে শাস্তি দেবে বলে ঘোষণা দিয়েছে ভ্যালেন্সিয়া। ম্যাচের পর ভ্যালেন্সিয়ার এক বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির দিকে একটা বোতল ছুড়ে মারা হয়েছে। বিচ্ছিন্ন ঘটনাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যে লোকটা এ কাজ করেছে তাঁকে খুঁজে বের করা হবে এবং মেস্তায়া স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ করা হবে।’
লা লিগায় পরশু সহিংসতার ঘটনা ঘটেছে আরও। অ্যাটলেটিকো মাদ্রিদ ও দেপোর্তিভো লা করুনিয়ার ম্যাচের কয়েক ঘণ্টা আগে দুদলের সমর্থকদের সহিংসতায় মারা যান এক দেপোর্তিভো সমর্থক। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় দুই শ উগ্র সমর্থকের সংঘর্ষ চলাকালে ওই দেপোর্তিভো সমর্থক মাথায় আঘাত পান। পরে তাঁকে ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামের কাছাকাছি একটি নদীতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এএফপি, মার্কা, ডেইলি মেইল।