এবার সেভিয়ার রিয়াল-বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার আর সেভিয়ার দুঃস্বপ্ন হতে পারলেন না রোনালদো। ছবি: এএফপি।
এবার আর সেভিয়ার দুঃস্বপ্ন হতে পারলেন না রোনালদো। ছবি: এএফপি।

সেভিয়ার ভালো খেলার প্রেরণা তাহলে বড় দলগুলো? এমনিতে মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না গতবারের ইউরোপা লিগ জয়ীদের। তারপরেও তারা গত মাসে ‘যোগ্যতার প্রমাণ’ দিয়েছিল বার্সেলোনাকে হারিয়ে। এবার উনাই এমেরির দলের শিকার রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রোববার রাতে লস ব্লাঙ্কোসদের ৩-২ গোলে হারিয়েছে সেভিয়া। এটি এই মৌসুমের প্রথম হার রিয়ালের।

সানচেজ পিজুয়ান এত দিন রাফায়েল বেনিতেজের প্রিয় মাঠই ছিল। এই মাঠেই ২০০৪ সালে ভ্যালেন্সিয়ার হয়ে দ্বিতীয় স্প্যানিশ শিরোপাটি জিতেছিলেন তিনি। তবে কালকের পর থেকে মাঠটা আর প্রিয় থাকবে না নিশ্চিত। একই মাঠ যে ‘উপহার’ দিল রিয়ালের কোচ হিসেবে প্রথম পরাজয়ের স্বাদ, তা-ও ৩ গোল হজম করে! মৌসুমে এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে যেখানে রিয়ালের জালে বলই ঢুকেছে মোট ৪ বার!

ম্যাচের শুরুতে অবশ্য মনেই হয়নি যে ম্যাচটা রিয়াল হারবে । বেশ কয়েকটি হাফ চান্সের পর ২২ মিনিটে প্রথমে এগিয়ে গিয়েছিল রিয়াল— সার্জিও রামোসের দুর্দান্ত ওভারহেড কিকে। তবে গোলটা যেন সর্বনাশই ডেকে আনল। গোল করার সময় শট নিতে গিয়ে মাটিতে পড়ে কাঁধে ব্যথা পেলেন রামোস। এর আগেও কাঁধের চোটে মাঠের বাইরে ছিলেন অনেক দিন। কালও আর বেশিক্ষণ মাঠে থাকতে পারলেন না রিয়ালের এই নির্ভরতা। উঠে গেলেন গোলের মিনিট দশেক পরই।

ম্যাচের আগেই চোট কেড়ে নিয়েছিল মৌসুমে দলের অন্যতম ভরসা গোলরক্ষক কেইলর নাভাসকে। তার ওপর রামোসও চোট পেয়ে উঠে গেলেন। রিয়ালের রক্ষণের ফাঁক-ফোকরগুলোও তাতে বোধ হয় উন্মুক্তই হয়ে যায়। সুযোগটার পুরো সদ্ব্যবহার করে সেভিয়া। রামোস মাঠ ছাড়ার মিনিট চারেক পরই সিরো ইমোবিলের গোলে সমতায় ফেরে আন্দালুসিয়ানরা। 


প্রথমার্ধটা যেভাবে শেষ করেছিল, দ্বিতীয়ার্ধটা যেন সেখান থেকেই শুরু করল সেভিয়া। এবার খানিকটা আক্রমণাত্মক। দল হিসেবে সেভিয়ার যা কিছু সুন্দর, তার সঙ্গে ছিলেন ইয়েভেন কোনোপ্লিয়াঙ্কা। এই ইউক্রেনিয়ান উইঙ্গারের কাট ব্যাক থেকেই ৬০ মিনিটে সেভিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগা। এরপরও রিয়ালের ম্যাচে ফেরার আশা যা একটু অবশিষ্ট ছিল, সেটাও শেষ হয়ে যায় ম্যাচ শেষের ১৫ মিনিট আগে ফার্নান্দো ইয়োরেন্তের গোলে। ম্যাচের শেষ বাঁশির ঠিক আগে চোট কাটিয়ে ফেরা হামেস রদ্রিগেজের গোলটা তাই রিয়ালের জন্য সান্ত্বনা হয়েই রইল।

পরাজয়টা চমক হয়ে এসেছে রিয়ালের জন্য— এমনটাও ঠিক বলা যাচ্ছে না। এর আগে পিএসজি, সেল্টা ভিগো, কিংবা গ্রানাডা-লেভান্তের মতো ছোট দলগুলোও রিয়ালের কৌশলের ভুলগুলো ধরিয়ে দিয়েছিল। কখনো নাভাসের গ্লাভসে চড়ে, কখনো রোনালদো-বেনজেমাদের পায়ে ভর করে সেগুলোতে পার পেয়ে এসেছিল রিয়াল। কাল আর তা হলো না। সেভিয়ার দুঃস্বপ্ন ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন প্রায় নীরব হয়েই। চোট কাটিয়ে ফেরা গ্যারেথ বেল চেষ্টা করেছেন, তবে তাতে লাভ হলো না। ম্যাচ শেষে কোচ বেনিতেজ তাই আক্ষেপ করলেন রিয়ালের ম্যাচ শেষ করে আসার ব্যর্থতা নিয়েই, ‘আমরা প্রথম ৩০ মিনিট ভালো খেলেছি। এরপর মাঠের প্রত্যেকটা অংশেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। প্রথমার্ধেই ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল, কিন্তু পারিনি আমরা।’

আন্তর্জাতিক বিরতির ঠিক পরের ম্যাচটাই বার্নাব্যুতে, বার্সেলোনার বিপক্ষে। এই ম্যাচে হেরে যাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে থেকেই এল ক্লাসিকোতে নামবে রিয়াল। ওই ম্যাচেও হারলে বেনিতেজের মুণ্ডুপাত শুরু হয়ে যাবে নিশ্চিত। তেমন কিছু যেন না হয়, সেটা নিশ্চিত করতে দুটি বিষয়ে প্রার্থনায় বসে যেতে পারেন স্প্যানিশ কোচ—

১. আন্তর্জাতিক বিরতিতে নতুন করে কেউ যেন চোট না পায়। এর আগের বিরতিটা রিয়ালের জন্য বেশ অপয়া হয়েই এসেছিল। ​সে সময় এই বিরতিতেই চোট পেয়েছিলেন বেনজেমা, রদ্রিগেজরা। এমনি এমনিই তো আর এই বিরতির নাম ‘ফিফা-ভাইরাস’ হয়নি!

২. রোনালদো-বেলদের ফর্মে ফেরা। এস্পানিওলের সঙ্গে এক ম্যাচে ৫ গোল ছাড়া লিগে বাকি ১০ ম্যাচে রোনালদোর গোল মাত্র ৩টি। আর চোট কাটিয়ে ফেরা বেল লিগের দ্বিতীয় ম্যাচে বেটিসের বিপক্ষে দুই গোল করার পর থেকেই যেন স্কোরিং বুটটা রেখে দিয়েছেন জাতীয় দল ওয়েলসের জন্য। বিশ্বের সবচেয়ে দামি দুই খেলোয়াড়ের কাছ থেকে আরও বেশি কিছু নিশ্চিতভাবেই চাইবেন বেনিতেজ। ইএসপিএন, দ্য গার্ডিয়ান।