বার্সার পরিপূর্ণ তৃপ্তির জয়

প্রথমার্ধে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। সেই আক্ষেপেই কিনা লেভান্তের বিপক্ষে কাল গোটা ম্যাচে থাকলেন দারুণ উজ্জ্বল। তাঁর ঔজ্জ্বল্যে অনুপ্রাণিত পুরো দল দারুণ ফুটবল খেলেই কাল লেভান্তেকে হারিয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে।
মেসির সঙ্গে নেইমারের যুগলবন্দীটা কালও জমেছিল দারুণ। মেসির সহযোগিতায় কাল একটি গোলও পেয়েছেন নেইমার। পেনাল্টি মিসের খেদটা মিটিয়েছেন মেসি একটি গোল করে। বাকি তিনটি গোল পেদ্রো রদ্রিগেজ, সান্দ্রো রামিরেজ ও ইভান রাকিতিচের।
লেভান্তের জালে গোল উত্সব শুরু হয় ম্যাচের ৩৪ মিনিটে। মেসির বাড়ানো এক বলে দারুণ দক্ষতায় গোল করেন নেইমার। ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি মিস করেন মেসি।
এর আগে মেসিকে বক্সের মধ্যে ফাউল করেন লেভান্তের লুকাস ভিনত্রা। পেনাল্টিটি আসে এ ঘটনা থেকেই। ফাউলটি রেফারির চোখে বিপজ্জনক মাত্রা অতিক্রম করায় ভিনত্রাকে দেখানো হয় লাল কার্ড।
বাইরে মেরে মেসি পেনাল্টি মিস করলে ৪৩ মিনিটেই বার্সেলোনাকে ২-০ গোলে এগিয়ে নেন রাকিতিচ।
দ্বিতীয়ার্ধে দশজনের লেভান্তেকে পেয়ে আক্রমণের তোড় যেন আরও বেড়ে যায় বার্সেলোনার। এই অর্ধে আরও তিনটি গোল করে বড় জয় নিশ্চিত করে বার্সেলোনা। ম্যাচের ৫১ মিনিটে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন নেইমার। ৫৭ মিনিটে মেসির পাস থেকে গোল করেন রামিরেজ। ৬৪ মিনিটে জরদি আলবার পাস থেকে স্কোরলাইন ৪-০ করেন পেদ্রো।
৭৭ মিনিটে পেনাল্টি মিসের আক্ষেপ ঘোচান মেসি। এই গোলটি অবশ্য কিছুটা সৌভাগ্যপ্রসূত। মেসি গোলটি এক প্রকার উপহারই পান লেভান্তে গোলরক্ষক হেসুস ফার্নান্দেজের কাছ থেকে। নিজ দলের খেলোয়াড়কে বল ছুড়ে দিতে গিয়ে ফার্নান্দেজ তা দিয়ে দেন ডি-বক্সের প্রান্তসীমায় দাঁড়িয়ে থাকা মেসির পায়ে। এই সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করেননি আর্জেন্টাইন তারকা।
ম্যাচ শেষে আবারও মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে, ‘মেসিকে নিয়ে আর কী বলব। এই মেসি নিজেও গোল করতে পারে, অন্যকে দিয়েও করাতে পারে। সে অবশ্যই বিশেষ একজন খেলোয়াড়।’
এনরিকের স্বস্তির জায়গাটা হচ্ছে মেসির এই ক্ষমতাকে অন্যদেরও দারুণভাবে কাজে লাগানোর ব্যাপারটি, ‘দলের অন্য খেলোয়াড়েরা গোল করানোর গুণের সুবিধাটা পুরোপুরি আদায় করে নিচ্ছে, এটা খুব স্বস্তির একটা বিষয়।’
লেভান্তের বিপক্ষে ম্যাচটিকে বার্সার জন্য ‘পরিপূর্ণ একটি খেলা’ হিসেবেই অভিহিত করেছেন এনরিকে, ‘এই ম্যাচে মেসি গোল পেয়েছে, পেয়েছেন নেইমার। অন্যদের দিয়েও মেসি গোল করিয়েছে। আমার মনে হয় সবকিছু মিলিয়ে আজকের খেলাটি সবার জন্যই পরিপূর্ণ তৃপ্তির।’
মেসির পাশাপাশি এনরিকের কণ্ঠে ঝরেছে নেইমারেরও প্রশংসা, ‘নেইমার দারুণভাবে অন্যের দেওয়া বল পায়ে নিতে পারে। অসম্ভব গতিতে আক্রমণে যাওয়ার ক্ষমতাও তার আছে। আমার মনে হয়, একজন পরিপূর্ণ স্ট্রাইকারের যেসব গুণাবলি থাকা প্রয়োজন, তার সবকিছুই আছে নেইমারের মধ্যে।’ সূত্র: এএফপি।