না, স্প্যানিশ পরাশক্তি নয়। কাতালান ক্লাবটির সঙ্গে শুধু নামেই মিল, না হলে এই বার্সেলোনা তুলনায় বেশ অখ্যাত। ইকুয়েডরের এই ক্লাবটিকে কজনই বা চিনবেন! তবে এই বার্সেলোনা স্পোর্টিং ক্লাবই আলোচনায় এসেছে অসাধারণ এক উদাহরণ গড়ে। ক্লাবটির ১০২ বছর বয়সী এক বৃদ্ধা ভক্তকে পুরস্কৃত করছে তারা। মারিয়া গুয়াদালুপে নামের এই ‘সুপার-ফ্যান’ বার্সেলোনাকে সমর্থন করে আসছেন ১৯২৫ সালে ক্লাবটির জন্মলগ্ন থেকে। ৯০ বছরে অনেক উত্থান-পতন দেখেছেন, উৎসবের উপলক্ষের পাশাপাশি হতাশাচ্ছন্ন অন্ধকার সময়ও কেটেছে, কিন্তু গুয়াদালুপে সব সময় নিঃস্বার্থ সমর্থন দিয়ে গেছেন। আজীবন ক্লাবের পাশে থাকার জন্যই একটু অভিনব উপায়ে তাঁকে পুরস্কৃত করছে বার্সেলোনা। গুয়াদালুপেকে ভিআইপি মর্যাদায় বিশেষ ক্লাব ঘুরে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে অনুশীলনও করেছেন এই অশীতিপর বৃদ্ধা। ইকুয়েডরের কিছু সংবাদমাধ্যমের অসমর্থিত খবর অনুযায়ী পরের ম্যাচে দলের বিকল্প খেলোয়াড় হিসেবে সাইড বেঞ্চেও বসার সুযোগ পাবেন গুয়াদালুপে। ইএসপিএন।