বার্সার প্রতিপক্ষ যখন 'বার্সার চাইতেও বেশি বার্সেলোনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসিকে আবারও রুখে দেওয়ার ছক কষছেন সাম্পাওলি। ফাইল ছবি
মেসিকে আবারও রুখে দেওয়ার ছক কষছেন সাম্পাওলি। ফাইল ছবি

প্রচারে তাঁর মোটেও আগ্রহ নেই। ভাবটা এমন, দল ভালো খেলছে, খেলুক না। আগে কিছু জিতুক, তারপর না হয় মাতামাতি করা যাবে। কিন্তু হোর্হে সাম্পাওলির চাওয়াটার দাম মোটেও দিচ্ছে না স্প্যানিশ মিডিয়া।

দেবে কী করে? মৌসুমের শুরু থেকে সেভিয়া যেমন খেলছে, তাতে তাদের নিয়ে মাতামাতি না করেই বা উপায় কী মিডিয়ার! কী লিগ, কী চ্যাম্পিয়নস লিগ—সেভিয়া যেন নিজেদের নতুন করে চেনাচ্ছে এবার। এমনকি আজ লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে বারবার একটি কথাই বলা হচ্ছে, সাম্পাওলির এই দলটি নাকি বার্সেলোনার চাইতেও বেশি ‘বার্সেলোনা’।
এমনিতেই সেভিয়া কয়েক মৌসুম ধরে ইউরোপে বেশ সমীহ জাগানিয়া দল। টানা তিনবার ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হওয়া তো আর চাট্টিখানি কথা নয়। তার ওপর দিন দিন ইউরোপা লিগও তো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, বড় বড় দল আসছে। তবে এত দিন ধরে একটা সমালোচনাও ছিল আন্দালুসিয়ান ক্লাবটিকে ঘিরে—তারা ‘ইউরোপা লিগ স্পেশালিস্ট’। গতবার চ্যাম্পিয়নস লিগে (ইউরোপা লিগ জেতায় এ সুযোগ পেয়েছে তারা) বাদ পড়েছে গ্রুপ পর্বে। স্প্যানিশ লিগেও গতবার হয়েছে সপ্তম, এর আগেরবার পঞ্চম।
তবে এসবই তো আগের কোচ উনাই এমেরির সাফল্য-ব্যর্থতা। এই মৌসুমে সেভিয়ার কোচ হয়ে এসেছেন সাম্পাওলি, এসেই আর্জেন্টাইন কোচ যেন দেখাচ্ছেন জাদু। ছড়াচ্ছেন মুগ্ধতা।
শরীরের গড়নে কোনো পালোয়ানের সঙ্গে মিল আছে তাঁর। তবে সংবাদ সম্মেলনে ৫৬ বছর বয়সী কোচের বিশ্লেষণ নাকি খুব পরিষ্কার, কোথায় কী ভুল হয়েছে, কোথায় ম্যাচ বদলে গেছে—একেবারে নিখুঁত বিশ্লেষণ। ফুটবল বিশ্লেষণ নিয়ে এমনই পাগলাটে ধরনের তিনি, সাম্পাওলির সঙ্গে অনেকে মিল খুঁজে পান আরেক আর্জেন্টাইন পাগলাটে কোচ মার্সেলো বিয়েলসার। এই পাগলামি ধরনের কৌশল দিয়েই সেভিয়াকে বদলে দিচ্ছেন সাম্পাওলি। এর আগে যেমন বদলে দিয়েছিলেন চিলিকে, টানা দুবার করেছেন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন।
তা কৌশলটা কি সাম্পাওলির? খুবই সহজ। বল দখলে থাকলে দুর্দান্ত পাসিং ফুটবল, বলের দখল হারালে প্রতিপক্ষকে একটা মুহূর্তের জন্যও বুক ভরে নিশ্বাস নিতে না দেওয়া, ক্রমাগত প্রেসিং করে যাওয়া। এই মৌসুমে সেটি এমন দুর্দান্তভাবেই করে যাচ্ছে সেভিয়া, যে স্প্যানিশ অনেক ফুটবল বিশ্লেষক এই দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ২০০৯ সালের পেপ গার্দিওলার বার্সেলোনার। অনেকে তো এটিও বলছেন, গার্দিওলা যাওয়ার পর নিজেদের কৌশল অনেকটাই বদলে ফেলা বর্তমান বার্সার চেয়েও অনেক বেশি ‘বার্সেলোনা’ এখন সেভিয়া।
খেলোয়াড়দেরও কেমন বদলে দিচ্ছেন সাম্পাওলি। সামির নাসরিকেই দেখুন। ম্যানচেস্টার সিটির বেঞ্চে বসে বসে যেন পায়ে ‘মরচে’ ধরে যাচ্ছিল ফ্রেঞ্চ মিডফিল্ডারের। এবার তাঁকেই কেমন বদলে দিয়েছেন সাম্পাওলি। অনেক বেশি ক্ষুরধার, শারীরিকভাবে অনেক বেশি ফিট। একই অবস্থা পাওলো হেনরিকে গানসোরও। এক সময় নেইমারের সঙ্গে সান্তোসে ব্রাজিলিয়ান প্লেমেকারের নামও বেশ ছড়িয়েছিল, কিন্তু এরপরই সাও পাওলোতে গিয়ে হারিয়ে যাওয়া গানসোকে আবার ধীরে ধীরে পুরোনো ফর্মে ফিরে আসছেন। আর মিডফিল্ডার স্টিভেন এনজোনজি তো খেলা গড়ে দেওয়া বা নিখুঁত পাসিং দিয়ে এই মৌসুমে রিয়াল মাদ্রিদের টনি ক্রুস, চেলসির নেমানিয়া মাতিচ বা লিভারপুলের জর্ডান হেন্ডারসনদের সঙ্গে একই কাতারে নাম লেখাচ্ছেন।
তা কী এমন করে ফেলেছে সেভিয়া? লিগে চারে আছে ঠিকই। কিন্তু এবার স্প্যানিশ লিগটা যে আর শুধু বার্সা-রিয়াল-অ্যাটলেটিকোর ত্রিমুখী লড়াই নয়, সেটি বুঝিয়ে দিচ্ছে প্রতি ম্যাচে। আজ লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল, তার আগের পয়েন্ট তালিকার হিসেব, শীর্ষে থাকা রিয়ালের (২৪) চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে সেভিয়া। আজ নিজেদের প্রতিপক্ষ বার্সেলোনার চেয়েও ম্যাচের আগে পিছিয়ে মাত্র ১ পয়েন্টে। গতকাল সোসিয়েদাদের কাছে হেরে যাওয়া অ্যাটলেটিকোর পয়েন্ট ২১। অন্যদের সঙ্গে এমন চোখে চোখ রেখে লড়াই করে যাওয়া সেভিয়াকে নিয়েই বা তাহলে মাতামাতি হবে না কেন!
মৌসুমে সেভিয়ার রেকর্ডটাই দেখুন। এখন পর্যন্ত ঘরের মাঠে লিগে বা চ্যাম্পিয়নস লিগে একটি ম্যাচেও হারেনি তারা। মৌসুমে একটাই হার নিজেদের মাঠ সানচেস পিখুয়ানে, সেটিও স্প্যানিশ সুপার কাপে বার্সার কাছে, ২-০ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে সাত ম্যাচে গোল করেছে ১৭টি, খেয়েছে মাত্র ছয়টি। পরের মাঠের অভিশাপও তো ঘুচিয়েছে। গত মৌসুমে লিগে প্রতিপক্ষের মাঠে একটা ম্যাচেও জিততে পারেনি সেভিয়া, এবার হোর্হে সাম্পাওলির দল সেই অভিশাপ ঘুচিয়েছে লেগানেসের মাঠে। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রতিপক্ষের মাঠে সাত ম্যাচে হারও মাত্র একটি।
আজ (বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় শুরু) একে ঘরের মাঠে ম্যাচ, সেটি আবার বার্সেলোনার সঙ্গে। আজ জিতলে সাম্পাওলির শত অনুরোধও হয়তো সেভিয়াকে নিয়ে মাতামাতিটা ঠেকাতে পারবে না।