বার্সার প্রতিপক্ষ 'গরিব ঘরের মেধাবী ছাত্র'

দলটার নাম এইবার। আজ রাতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে দলটি। দলের নাম অবশ্য বাংলা ভাষাভাষীদের বেশ ধন্ধে ফেলে দেয়! এবারই প্রথম লা লিগা খেলছে এইবার। স্প্যানিশ লিগের পুঁচকে দলটাকে তুলনা করা যায় গরিব ঘরের মেধাবী ছাত্রের সঙ্গেই!
গত মৌসুম শেষে এইবারকে নিয়ে একটি ‘মানবিক’ খবর বেরিয়েছিল সংবাদমাধ্যমে। খবরটি অনেকটা ‘অদম্য মেধাবী’দের গল্পের মতোই। অনেক কাঠখড় পুড়িয়ে কোনো দরিদ্র মেধাবী সুযোগ পেয়েছে মেডিকেল কলেজে। কিন্তু তাতেও কপালে চিন্তার ভাঁজ দূর হচ্ছে না মেধাবী শিক্ষার্থীর, বরং বাড়ছে। কলেজে ভর্তি হওয়া, তারপর পড়াশোনা চালিয়ে নেওয়া—অনেক খরচান্ত ব্যাপার। তখন একটি প্রশ্ন এসে দাঁড়ায়—শুধু অর্থের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাবে? একই প্রশ্ন দাঁড়িয়েছিল ‘এইবারে’র ক্ষেত্রেও—শুধু অর্থের কারণে কি লা লিগা খেলা হবে না দলটির?
গত মৌসুমে স্প্যানিশ দ্বিতীয় বিভাগে দুর্দান্ত খেলেছে স্পেনের বস্ক অঞ্চলের পুঁচকে দল এইবার। দ্বিতীয় বিভাগে ৪০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান। এ সাফল্যে এ মৌসুমে লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করে দলটি। কিন্তু শুধু ভালো ফল করলে তো হবে না, পেশাদার ফুটবলে অর্থও অনেক বড় নিয়ামক। সেখানে যে যোজন যোজন পিছিয়ে এইবার। অবশেষে আর্থিক সমস্যার সমাধান হয়েছে।
লা লিগায় এরই মধ্যে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে দলটি। লিগে পাঁচ ম্যাচে দুটিতে জিতেছে, দুটিতে হার, আরেকটিতে ড্র। নবীন দল হিসেবে এখনো পর্যন্ত তাদের পারফরম্যান্স প্রশংসনীয় বলতে হবে। আজ রাতে বার্সার বিপক্ষে মাঠে নামার আগে মাঠের বাইরে দুই দলের পার্থক্যটা একবার দেখা যেতে পারে।
কাতালান জায়ান্টদের বার্ষিক বাজেট ৫৫০ মিলিয়ন ইউরো। সেখানে এইবারের ১৮ মিলিয়ন ইউরো। তা-ও অনেক কষ্টেসৃষ্টে ২০১৪-১৫ মৌসুমের জন্য এটা সংগ্রহ করেছে তারা। বার্সার মাঠ ন্যু ক্যাম্পের টিকিট খুবই ব্যয়বহুল। লিগ, চ্যাম্পিয়নস লিগ ও কোপা ডেলরের একটি ম্যাচের টিকিটের দাম সর্বোচ্চ এক হাজার ইউরো পড়ে যায়। সুপার কাপের জন্য এ দাম বেড়ে যায় আরও বেশি। বিশ্বের অন্যতম বৃহৎ স্টেডিয়াম ন্যু ক্যাম্পের দর্শক ধারণক্ষমতা প্রায় এক লাখ। ওদিকে এইবারের টিকিটের দাম ২০৯ থেকে ২৯৭ ইউরো। স্টেডিয়াম ইপুরুয়ার ধারণক্ষমতা সাকল্যে ৫ হাজার ২৫০।
জার্সি বিক্রির দিক দিয়ে বিশ্বে বার্সা তৃতীয়। নাইকির ব্যবস্থাপনায় প্রতি বছর সাড়ে ১১ লাখ টি-শার্ট, জার্সি বিক্রি করে বার্সা। এইবারের টি-শার্ট কত বিক্রি হয় জানেন? এক হাজারের মতো! এইবারের জার্সি সরবরাহ করে হামেল। সুযোগ-সুবিধার দিক দিয়েও যে দুই দলের যোজন যোজন পার্থক্য, তা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না। বার্সার স্পোর্টস কমপ্লেক্সে হেন সুবিধা নেই, যেটি অনুপস্থিত। প্রাকৃতিক ঘাসসমৃদ্ধ মাঠ রয়েছে পাঁচটি। এ ছাড়া কৃত্রিম মাঠের সংখ্যাই চারটি। ওদিকে এইবারের টার্ফ বসানো মাত্র একটি অনুশীলন মাঠ রয়েছে। এটি স্টেডিয়াম ইপুরুয়ার অতিরিক্ত অংশ হিসেবে যুক্ত। সঠিক মাপের মাঠও নয় সেটি। মজার ব্যাপার, দুই দলের এক জায়গা দারুণ মিল। উভয় দলের জার্সির রং একই—বেগুনি-নীল!
কেবল বার্সা নয়; ইতিহাস-ঐতিহ্য, সুযোগ-সুবিধা, আর্থিক অবস্থা—সব কিছু বিবেচনায় স্প্যানিশ লিগের অনেক দল থেকেই হয়তো পিছিয়ে এইবার। কিন্তু এক দিক দিয়ে দলটিকে খাটো করে দেখার উপায় নেই, সেটি তাদের পারফরম্যান্স। মৌসুমে শেষেই হয়তো সামগ্রিক মূল্যায়ন করা যাবে দলটি নিয়ে। কিন্তু সামান্য সুযোগ-সুবিধার মধ্যেই যেভাবে এইবার এগিয়ে যাচ্ছে—সত্যি তা প্রশংসনীয়। তথ্যসূত্র: মার্কা