বার্সার ফাইনাল-যাত্রায় বাধা গার্দিওলাই

চার বছরে দুটো চ্যাম্পিয়নস লিগ শিরোপা বার্সেলোনাকে এনে দিয়েছিলেন। সেই পেপ গার্দিওলা এখন বার্সার শিরোপা-যাত্রার পথে প্রধান বাধা। আজ শেষ চারের ড্রয়ে গার্দিওলার বায়ার্ন মিউনিখকেই পেয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জুভেন্টাসের।
৫ মে ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে বায়ার্নকে আতিথ্য দেবে বার্সা। পরদিন জুভেন্টাসের মাঠে মুখোমুখি হবে রিয়াল। ফিরতি লেগ ১২ ও ১৩ মে। ওদিকে ইউরোপা লিগের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া মুখোমুখি হচ্ছে ফিওরেন্টিনার। আরেক ইতালীয় ক্লাব নাপোলি মুখোমুখি হবে ইউক্রেনের নাইপ্রো নাইপ্রোপেত্রোভস্কের।
১৯৯২ সালে বার্সার খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান কাপ জেতা গার্দিওলা ২০০৯ ও ২০১১ সালে কোচ হিসেবে দুবার এই শিরোপা জিতেছেন। চার বছরের সোনালি সে সময়টায় বার্সাকে ১৪টি শিরোপা এনে দিয়েছিলেন, যার মধ্যে আছে এক বছরে শিরোপা ষষ্ঠক জেতার অবিস্মরণীয় কীর্তি। সহকারী টিটো ভিলানোভার কাছে দায়িত্ব সঁপে ছুটিতে চলে যান গার্দিওলা। সে সময় ২০১৩ সালের সেমিফাইনালেই দুই লেগে বার্সাকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দেয় সেবারের শিরোপাজয়ী বায়ার্ন।
পরের বছর জার্মান ক্লাবটির দায়িত্ব নেন গার্দিওলা। সেই গার্দিওলাই এখন বার্সার পঞ্চম ইউরোপ সেরার ট্রফি জয়ের স্বপ্নপূরণের পথে বাধা। বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সামের বলছেন, “কেবল ফুটবলেই এ রকম নাটকীয় কোনো গল্প লেখা হয়। ড্রয়ে বার্সাকে পেয়েছি শোনার পর পেপ বলেছে, ‘বেশ, চলো দেখা যাক!”
এই প্রথম ন্যু ক্যাম্পের ডাগআউটে ফিরবেন গার্দিওলা, এবার প্রতিপক্ষ হিসেবে। ওপাশের ডাগআউটে থাকবেন তাঁরই সাবেক সতীর্থ লুইস এনরিকে। এই মৌসুমে বার্সার দায়িত্ব নেওয়া এনরিকে বলছেন, ‘এটা হবে বিশেষ একটা লড়াই, কারণ পেপ অন্যপাশে থাকবে।’
গত আট বছরে সপ্তমবারের মতো শেষ চারে খেলছে বার্সা। ওদিকে ১২ বছর পর সেমির স্বাদ পেতে যাচ্ছে জুভেন্টাস। ১৯৯৬ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল দুবারের শিরোপাজয়ীরা। ১৯৯৮ সালে তৃতীয় শিরোপাটিও আসত। কিন্তু রিয়ালের কাছেই ১-০ গোলে হেরেছিল তুরিনের ক্লাবটি।
তবে জুভেন্টাসের চেয়ে রিয়ালের বড় বাধা ইতিহাস। ‘চ্যাম্পিয়নস লিগ’ যুগ শুরুর পর কোনো দলই টানা দুবার শিরোপা জেতেনি। সর্বশেষ ১৯৮৯ ও ১৯৯০ সালে টানা দুবার ইউরোপিয়ান কাপ জিতেছিল এসি মিলান। সেই দলে খেলেছেন কার্লো আনচেলত্তি। পরে কোচ হিসেবেও মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। দীর্ঘ এক যুগের খরা শেষে দশম ইউরোপ সেরার ট্রফি এনে দিয়েছেন রিয়ালকেও।
মজার ব্যাপার হচ্ছে, ২০০৩ সালে জুভেন্টাস সর্বশেষ যেবার সেমিতে খেলে হেরেছিল, সেবারও প্রতিপক্ষ দলের কোচ ছিলেন আনচেলত্তিই!
ফুটবলেই আসলে এ ধরনের নাটকীয় গল্প লেখা সম্ভব। সূত্র: এএফপি।