বার্সার ‘ফুটো ঢাকা’র কৌশল আর কত দিন?
নৌকাটায় পানি ঢুকছে বারবার। আজ এখানে ফুটো তো কাল ওখানে। জেলের উচিত ছিল নৌকাটা মেরামত করা। কিন্তু তা না করে তিনি দিব্যি এ নৌকা দিয়েই মাছ ধরার, চড়া দামে মাছ বেচার স্বপ্ন দেখছেন। মাঝে মাঝে ফুটো দেখা দিলে সেটি ঢেকে দিচ্ছেন হাতের কাছে যা পাচ্ছেন তা-ই দিয়ে।
কিন্তু এভাবে আর কত দিন? জেলের নৌকার মাঝি এমন অচল নৌকা টানতে টানতে ক্লান্ত। অনেক বছরের ক্লান্তি এখন বিরক্তিতে পরিণত। মাঝির ইচ্ছে, এই নৌকা আর চালাবেন না। নৌকা বদলের সময় হয়েছে।
মাঝির নাম লিওনেল মেসি। জেলের নাম জোসেপ মারিয়া বার্তোমেউ। আর নৌকা? অবশ্যই বার্সেলোনা।
বার্সেলোনার দলটাতে ফুটো যে আছে, তা কয়েক বছর ধরে সাধারণ দর্শকের কাছেও দৃশ্যমান। চ্যাম্পিয়নস লিগে দুই বছর আগে রোমা, এক মৌসুম আগে লিভারপুল বা মাত্রই শেষ হওয়া মৌসুমে লিসবনে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের হারগুলো তা আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বার্সেলোনার ‘স্পোর্টিং প্রজেক্ট’ নেই, দলটা ত্রিশোর্ধ্ব খেলোয়াড়ে ভরা, এই দল নিয়ে কিছু জেতা কঠিন—কতবারই তো এমন কথা শোনা গেছে। কিন্তু বার্সার বোর্ড গা করেনি। দলের ভেতরে থেকে এসব দেখে দেখে, এই বুড়িয়ে যাওয়া দলটাকে বয়ে নিয়ে যেতে যেতে ক্লান্ত মেসিরও মনে হয়েছে, বার্সা বোর্ড আসলে বার্সা নামের ‘নৌকা’টার ফুটো ঢেকে যাচ্ছে। সেটিকে মেরামত করছে না। মেসির ক্লাব ছাড়তে চাওয়ার মূল কারণগুলোর একটি এটিই ছিল।
স্পোর্টিং প্রজেক্ট কী? এমন একটা প্রকল্প যা ক্লাবকে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতামূলক একটা দল গড়তে সাহায্য করবে। যে প্রকল্পে দলটা ভারসাম্যপূর্ণ থাকবে—তারকা খেলোয়াড় থাকুক না থাকুক, দলের প্রয়োজন মেনে সঠিক জায়গায় সঠিক খেলোয়াড় থাকবে। যে প্রকল্পের কারণে শিরোপা জয়ের ধারা ঠিক থাকবে, পাশাপাশি দলের একটা নির্দিষ্ট খেলার ধরন থাকবে। দলটা কেমন হবে, সে ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা থাকবে। বার্সার তা ছিল? উত্তরটা দৃশ্যত ‘না।’
মেসি যে এবারই প্রথম এই ক্রীড়া প্রকল্পের কথা বলছেন, তা-ও নয়। গত জানুয়ারিতেই যখন ফাঁস হলো, মেসির চুক্তিতে চাইলে মৌসুমের শেষে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে বিনা মূল্যে ক্লাব ছাড়তে পারার শর্ত আছে, তখন এ নিয়ে কথা উঠেছিল।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে ক্লাব ছাড়ার ইচ্ছা আছে কি না—এমন প্রশ্নে মেসি বার্সেলোনায়ই অবসর নিতে চাওয়ার ইচ্ছার কথা আরেকবার জানিয়েও বলেছিলেন, ক্লাবে নিয়মিত জেতার মতো একটা ‘স্পোর্টিং প্রজেক্ট’ না থাকলেও তিনিও থাকবেন না। রোম, লিভারপুলের পর এবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে অপমান আর লিগে রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা লড়াইয়ে শেষে এসে পথ হারানো বলছিল, বার্সেলোনার প্রকল্পটা ঠিকঠাক নেই।
দলবদলের বাজারে দেখলে অবশ্য মনে হবে, বার্সা বোর্ড তো চেষ্টার কমতি করেনি। ২০১৭ সালের আগস্টে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর একে একে ডেম্বেলে, ফিলিপে কুতিনিও ও আঁতোয়ান গ্রিজমানকে এনেছে চড়া দামে, অনেক বেতনে। কিন্তু দলে তাঁদের প্রয়োজন কতটা ছিল, তা নিয়ে প্রশ্ন থাকে। কুতিনিও-গ্রিজমান এই বার্সার সঙ্গে খাপ খাওয়াতে পারেননি, ডেম্বেলে কখন কোন চোটে পড়েছেন তার হিসাব রাখতে মাইক্রোসফট এক্সেলে আলাদা ট্যাব খুলতে হয়।
কিন্তু জানুয়ারিতে মেসির ইঙ্গিতটাও বার্সা বোর্ড কানে তোলেনি। একের পর এক ব্যর্থ দলবদল আর ডাগআউটে দ্বিতীয় সারির কোচের আগমনে বার্সার দলের অবস্থা নড়বড়ে। তারকা আছে, কিন্তু সংগতি নেই। নাম আছে, কিন্তু ধার নেই। এত তারকা ঠাসা দলেও শেষ পর্যন্ত দিনের পর দিন মেসির কাঁধেই বার্সাকে টেনে নিয়ে চলার ভার পড়েছে। মেসির যত বয়স বেড়েছে, ভারটাও বেড়েছে।
আর ক্লান্তির চেয়েও বেশি বিরক্তি ধরেছে মেসির। তাই জেগেছিল নিজের অস্তিত্বে মিশে যাওয়া ক্লাবটা ছেড়ে যাওয়ার ইচ্ছা। শেষ পর্যন্ত নানা বাধায় যাচ্ছেন না, তবে গোলডটকমে ছাড়ার ইচ্ছার কারণ ব্যাখ্যায় ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন বললেন, ‘আমি জেতার মতো একটা প্রকল্প চেয়েছিলাম। চেয়েছিলাম এই ক্লাবের জার্সিতে শিরোপা জিতে যেতে, যাতে এই কিংবদন্তিতুল্য বার্সাকে শিরোপার বিচারে আরও বড় করে যেতে পারি। কিন্তু সত্যিটা হচ্ছে, অনেক লম্বা সময় ধরেই এই ক্লাবে কোনো প্রকল্প বা এমন কিছু নেই।’
দলের প্রয়োজন অগ্রাহ্য করে নিজেদের গদি আর নাম বাঁচাতে বার্তোমেউয়ের বোর্ড একের পর এক তারকা কিনে গেছে। তাতে ক্লাবের আর্থিক বিবরণীতে দায়ের ঘরটা স্ফীত হয়েছে, আর দল হয়েছে শীর্ণ। মেসির ক্ষোভটা এখানে, ‘তাঁরা (বোর্ডের কর্তারা) কোনোমতে ভারসাম্য রাখার চেষ্টা করেছে। চলতে চলতে যখনই কোনো ফুটো দেখা গেছে, সেটি ঢাকার চেষ্টা করেছে।’ কিন্তু ফুটো যে সারাতে হয়, সেদিকে মনোযোগ কে দেবে?
মেসিকে কষ্ট দেয় চ্যাম্পিয়নস লিগে দলের ব্যর্থতাগুলোই, ‘...আমি সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে যেতে চাই, শিরোপা জিততে চাই। চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। চ্যাম্পিয়নস লিগ জিততে পারেন বা না-ই পারেন, কিন্তু আপনাকে প্রতিদ্বন্দ্বিতা তো করতে হবে! আমাদের অন্তত প্রতিদ্বন্দ্বিতা করতে পারা উচিত ছিল। রোম, লিভারপুল বা লিসবনে যা হয়েছে, সেটা যাতে না হতে পারে, সেদিকে নজর দেওয়া উচিত ছিল।’