বার্সার বাজে অবস্থা নিয়ে লাপোর্তাকে তোপ বার্তোমেউর
বার্সেলোনার সংকট যেন কাটছেই না। ক্লাবটা আগে থেকে আর্থিক সমস্যায় তো ছিলই, এখন সেই সমস্যার জের ধরে বিদায় নিয়েছেন ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিও। নতুন যাঁদের আনা হয়েছে, তাঁদের নিবন্ধন করার ক্ষেত্রেও সমস্যায় পড়েছে বার্সা। বেতনসীমা কীভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়, সেটা নিয়েই ঘুম হারাম। ক্লাবের এই বাজে অবস্থার জন্য নতুন সভাপতি হোয়ান লাপোর্তা সুযোগ পেলেই সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে দোষ দেন।
মেসির বিদায়ের কারণ হিসেবেও আগের বোর্ডের ব্যর্থতার কথা বলেছিলেন লাপোর্তা। এত দিন বার্তোমেউর পক্ষ থেকে এসব নিয়ে কোনো পাল্টা জবাব শোনা না গেলেও অবশেষে মুখ খুলেছেন সাবেক এই বার্সা সভাপতি। ক্লাবের বাজে অবস্থার জন্য তাঁর বোর্ড নয়, লাপোর্তার বোর্ডই দায়ী বলে উল্লেখ করেছেন তিনি।
লাপোর্তার উদ্দেশে বিশাল এক চিঠি পাঠিয়েছেন বার্তোমেউ, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন, লাপোর্তার মধ্যেও স্বচ্ছতার যথেষ্ট অভাব আছে। লাপোর্তা বার্তোমেউর বোর্ডের উত্থাপন করা প্রস্তাবগুলো বাস্তবায়ন করলে কোভিডের কারণে ক্ষয়ক্ষতি অনেক হ্রাস করতে পারতেন। কিন্তু সেদিকে লাপোর্তা পা বাড়াননি বলে মনে করছেন বার্তোমেউ।
চিঠিতে বার্তোমেউ লিখেছেন—
‘সুপ্রিয় সভাপতি,
আপনার ও আপনার কয়েকজন বোর্ড সদস্যের কিছু বক্তব্যের পর আমার মনে হয়েছে কিছু বিষয় একটু ব্যাখ্যা করার দরকার। যেসব বিষয় ক্লাবের ভবিষ্যৎ ও ভাবমূর্তির ওপর প্রভাব ফেলেছে, সেসবের বিরুদ্ধে সভাপতি হিসেবে আপনি ও আপনার বোর্ড সদস্যের ভূমিকা কী, প্রায় সাত বছর ধরে যে বোর্ডের সভাপতিত্ব করার সৌভাগ্য হয়েছে আমার।
প্রথমত, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আমাদের পরিচালনা পর্ষদ প্রণীত ২০১৯-২০ অর্থবছরের হিসাবের অনুমোদনের জন্য আপনি গত ২০ জুন সদস্যদের নিয়ে সাধারণ অধিবেশন করতে চেয়েছিলেন প্রশ্নাতীত যুক্তির অধীনে যে ওই অবলুপ্তিতে ২০২০ সালের জুন পর্যন্ত বার্সেলোনার রাষ্ট্রীয় অর্থনৈতিক ও আর্থিক অবস্থার প্রতিফলন ঘটেছে।
‘২০১৯-২০ অডিটের ফলাফলের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন ২০১০ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত আদেশপত্রের ফলাফলকেও বৈধ করে। সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের পরিচালনা পর্ষদের দ্বারা শুরু করা একটি আদেশপত্র, যাতে ১৯ কোটি ৩০ লাখ ইউরো ইকুইটি বৃদ্ধির কথা লেখা ছিল। ১৪ মার্চ থেকে শুরু করে ৩০ জুন পর্যন্ত মহামারিজনিত ক্ষয়ক্ষতি ২২ ডিসেম্বরের ১১৬২/২০২০ রাজফরমান অনুযায়ী নেতিবাচক অর্থনৈতিক ফলাফল হিসেবে বিবেচিত হবে না।
‘কোভিডের কারণে ৯ কোটি ৭০ লাখ ইউরোর এই ক্ষয়ক্ষতি বাদ না দিয়ে আমরা ২০১০ সালের জুলাইতে ৬ কোটি ইউরোর নেতিবাচক ইকুইটি দিয়ে আদেশপত্রের কাজ শুরু করেছিলাম। এ পরিস্থিতি ২০১০ সালের চেয়ে একেবারে ভিন্ন, যখন ২০০৯-১০ সালে ৮ কোটি ইউরোর ক্ষয়ক্ষতি পূর্ববর্তী আদেশপত্রের (২০০৩-১০) নেতিবাচক ফল হয়েছিল। তখন এই নেতিবাচক ফল আমাদের বোর্ডের জন্য ধ্বংসাত্মক ছিল, যা আপনাদের বোর্ডই আমাদের দিয়ে গিয়েছিল।
‘২০২০-২১ অর্থবছরে আমার পরিচালনা পর্ষদের ভূমিকার কারণে আপনার জানামতে ২০২০ সালের ১ নভেম্বর অনাস্থা ভোটের সমাবর্তন অনুমোদন অনুযায়ী আমরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিই। আমরা ক্লাবের অবস্থাকে ঝুঁকিতে ফেলতে চাইনি।
‘২৭ অক্টোবর আমাদের এই পদত্যাগের কারণে, কোভিডের কারণে ক্ষয়ক্ষতির প্রভাব এড়ানোর জন্য আমরা যেসব পদক্ষেপ নিয়েছিলাম, সেগুলো নিতে পারিনি। ক্যাম্প ন্যু এখনো খোলেনি, ক্যাম্প ন্যুর জাদুঘর, মেগাস্টোরেরও একই অবস্থা। যার কারণে সম্ভাব্য ৪৩ শতাংশ আয় করতে পারিনি আমরা, যা প্রায় ৩৭ কোটি ৫০ লাখ ইউরোর সমান।
‘আপনি জানেন, আমাদের বোর্ড ২০২১ সালের ২১ মার্চ নির্বাচন করতে চেয়েছিল, রাজফরমান শেষ হওয়ার বিধিবদ্ধ মেয়াদে। যা আমাদের ২০২০-২১ মৌসুমের মোট অবলুপ্তি নিরূপণ ও বর্তমান আর্থিক অবস্থা উত্তরণে প্রয়োজনীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করার অনুমতি দিত, যেটা আমরা করতে পারিনি। করতে পারলে আজ এ অবস্থায় থাকতাম না আমরা। এই মাসগুলোয় নতুন বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি, যা তাদের নিষ্ক্রিয়তা প্রকাশ করে।
‘১৪ মার্চ থেকে আয়ের আকস্মিক হ্রাস পরিলক্ষিত হয়, যে কারণে আমাদের বোর্ড ২০১৯-২০ মৌসুমে ক্লাবের সব খেলোয়াড়, কোচ ও ক্রীড়া পেশাজীবীর বেতন থেকে ১২ শতাংশ কেটে রাখে, যা একটু হলেও এই অবস্থার মোকাবিলা করে।
‘তথ্য অনুযায়ী ২০২০ সালের গ্রীষ্মের শেষ নাগাদ আমরা আমাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিই। কথা ছিল আস্তে আস্তে মাঠে যখন দর্শক ফিরবে, আমাদের শহরে যখন আরও দর্শনার্থী আসবে, তখন আস্তে আস্তে সব শোধ করা হবে।
জুন মাস পর্যন্ত সবকিছু বন্ধ ছিল, তাই আর্থিক সংকট কাটাতে আলাদা পরিকল্পনা নিতে হয়েছিল। এ ক্ষেত্রে ২০ শতাংশ বেতন কমানো হয় সবার, যা ২০২০-২১ মৌসুমে ৯ কোটি ইউরো বাঁচায়। আমাদের বিদায়ী বোর্ডের পক্ষে আর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না, এখন এটা নতুন বোর্ডের দায়িত্ব ছিল, যা তাঁরা ঠিকঠাক পালন করতে পারেনি।
‘২০২০ সালের এপ্রিলে আমরা বার্সা করপোরেট প্রকল্প চালু করি, এর চারটি বিষয় সরাসরি আমাদের আয়ে প্রভার রাখে, বার্সা লাইসেন্সিং ও মার্চেন্ডাইজিং, বার্সা স্টুডিও, বার্সা ইনোভেশন হাব ও বার্সা একাডেমি। আমরা এ ব্যাপারে চার প্রতিষ্ঠানের সঙ্গে গোপনীয় কাগজাদির বিষয়গুলো চূড়ান্ত করি।
আমি জানি, ব্যবস্থাপনা কমিশন এ কাগজাদি গোল্ডম্যান স্যাকসের মাধ্যমে আপনাদের পাঠিয়েছে, যদিও এ বিষয়ে আপনাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। আপনার বোর্ড এগুলোর অনুমোদন দিলে আরও ২২ কোটি ইউরো আয় হতো, যা লা লিগার বেতনসীমার ক্ষেত্রেও বার্সেলোনাকে সাহায্য করত। আর সিভিসি চুক্তি থেকে সম্ভাব্য আয়ের কথা ধরলে ওই আয় আর সিভিসি আয় মিলিয়ে কোভিডের কারণে আমাদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণ শূন্য হয়ে যেত।
‘হ্যাঁ, তখন এটা পরিষ্কার ছিল যে ২০২০-২১ সালে যেসব ক্রীড়াপরিকল্পনা নেওয়া হয়েছিল, তার জন্য আমাদের বোর্ড দায়ী, কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়ন না করার দায় আপনাদের। আমরা থাকলে বাস্তবায়ন করতাম। কিন্তু সেসব পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ দেখা যায়নি।
সাবেক খেলোয়াড় নেইমারকেও ১ কোটি ৬৫ লাখ পাউন্ড কেন মওকুফ করা হলো, সেটাও ঠিক বোধগম্য নয়। আমাদের বোর্ড গত বছরের ২৭ অক্টোবরই পদত্যাগ করেছে, তাই ২০২০-২১ অর্থবছরে কী হলো না হলো, সেটার জন্য আমরা দায়ী নই। বেতন ৩৭ কোটি ৫০ লাখ ইউরো বাঁচানোর পরেও কীভাবে ৪৮ কোটি ৭০ লাখ ইউরো ক্ষয়ক্ষতির খাতায় থাকে, সেটার ব্যাখ্যা করা প্রয়োজন। আশা করি, বার্সেলোনার ব্যবসায়িক সঙ্গীরা সেই ব্যাখ্যা পাবেন।
বার্সেলোনা সিটি কাউন্সিল দ্বারা আমাদের এস্পাই বার্সা প্রকল্পটা এর মধ্যেই অনুমোদিত। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা সব সময় সচেতনভাবে লিগের বেতন অনুপাত এবং উয়েফার আর্থিক সংগতি নীতি মেনে কাজ করেছি।
‘সবশেষে আপনার কাছে এটাই অনুরোধ থাকবে, অডিটের চূড়ান্ত স্বচ্ছ ফলাফল সবার সামনে নিয়ে আসুন। কী কী অনিয়ম দেখতে পেয়েছেন, সেটা সবাইকে জানান। এতে আমাদের কোনো দোষ থেকে থাকলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমিই সবার আগে শাস্তি মেনে নেব। এ নিয়ে আমার অবস্থান সব সময়ের মতো এখনো একই, সোশিওদের প্রতি সম্পূর্ণ স্বচ্ছতা।’
দেখা যাক, বার্তোমেউর তোপের জবাব লাপোর্তা কীভাবে দেন এখন!