বার্সার বিপক্ষে খেলতে পারবেন রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো!

১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ড্র হওয়ার পর সবচেয়ে বড় শিরোনাম ছিল এটিই। হবে না-ই বা কেন! বার্সেলোনা বনাম জুভেন্টাস এমনিতেই শিরোনামে আসার মতো ম্যাচ, কিন্তু এবার সেটি যে বাড়তি আকর্ষণ নিয়ে আসার কথা ছিল! গত ১৪-১৫ বছর বিশ্ব ফুটবল শাসন করা দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে আবার এক করে দেওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু এখন ওই দ্বৈরথ দেখতে পাওয়া নিয়েই জেগেছে শঙ্কা।

গতকাল খবর এসেছে, করোনা পজিটিভ হয়েছেন রোনালদো। পর্তুগাল জাতীয় দলের সঙ্গে থাকা রোনালদো স্বাস্থ্যবিধি মেনে এরই মধ্যে সঙ্গনিরোধ অবস্থায় (আইসোলেশন) চলে গেছেন। কিন্তু করোনা থেকে সুস্থ হতে হতে ক্লাব জুভেন্টাসের হয়ে কতগুলো ম্যাচে খেলার সুযোগ হারাবেন রোনালদো? চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটা খেলতে পারবেন তো?

চ্যাম্পিয়নস লিগে বার্সার বিপক্ষে ম্যাচে রোনালদোর খেলা শঙ্কায়।
ছবি: রয়টার্স

বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে উয়েফা নেশনস লিগে সুইডেনের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচের আগে করোনা পরীক্ষা করার পরপরই দুঃসংবাদ হয়ে আসে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের এক বিবৃতি, ‘কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোকে জাতীয় দলের হয়ে অনুশীলন থেকে ছাড় দেওয়া হয়েছে। তাই সুইডেনের বিপক্ষে ম্যাচে খেলবেন না তিনি’—বিবৃতিতে লেখা।

রোনালদোর শারীরিক অবস্থার সর্বশেষও জানা গেছে বিবৃতিতে, ‘পর্তুগাল জাতীয় দলের তারকা ভালোই আছেন, (করোনার) কোনো লক্ষণ নেই তাঁর শরীরে। এই মুহূর্তে আইসোলেশনে আছেন।’

রোনালদোর করোনা পজিটিভ আসায় গতকাল মঙ্গলবার সকালে পর্তুগাল দলের বাকি সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা হয়েছে, সেখানে আর কারও পজিটিভ আসেনি বলেও জানিয়েছে পর্তুগিজ ফেডারেশন।

তা পর্তুগালের হয়ে তো আপাতত আর ম্যাচ নেই, এই ম্যাচ পরই রোনালদোর ফেরার কথা ছিল ক্লাব জুভেন্টাসে। কিন্তু করোনার কারণে তাঁর আপাতত মাঠে ফেরা হচ্ছে না। জুভেন্টাসের জার্সিতে আবার কবে ফিরতে পারবেন ৩৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড? সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, আগামী ২৮ অক্টোবর নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটাতে রোনালদো খেলতে পারবেন কিনা!

করোনার সাধারণ নিয়ম মাথায় রাখলে, গতকাল থেকে ১৪ দিন আইসোলেশনে থাকার কথা রোনালদোর। কারও কারও ক্ষেত্রে করোনা নেগেটিভ আসে ৭ থেকে ১০ দিন আইসোলেশনে থাকার পরই। তবে সেটি সাধারণত দেখা যায় ভাইরাস শরীরে বাসা বাঁধার পর যদি পরীক্ষা করা হয়। রোনালদোর ক্ষেত্রে তা হওয়ার সম্ভাবনা নেই। কারণ পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলা থাকায় গত ৮ দিনে নাকি ৭ বার করোনা পরীক্ষা হয়েছে তাঁর। সে ক্ষেত্রে তাঁর গতকাল করোনা ধরা পড়ার অর্থ হলো, ভাইরাসের শরীর থেকে চলে যাওয়ার প্রক্রিয়ায় তিনি শুরুর দিকে আছেন, শেষের দিকে নয়।

রোনালদোকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে।
ছবি: এএফপি

এ কারণেই শঙ্কা বেশি। বার্সেলোনার সঙ্গে জুভেন্টাসের ম্যাচের যে আর ১৪ দিন বাকি! রোনালদো করোনা পজিটিভ হওয়ার সময় থেকে ধরলে বার্সার মুখোমুখি হওয়ার আগে সেরে উঠতে তিনি সময় পাবেন ১৫ দিন। এর মধ্যে করোনা পরীক্ষায় নেগেটিভ তো হতেই হবে, শারীরিকভাবেও ম্যাচ খেলার মতো ফিট হলেই না বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন রোনালদো! শঙ্কাটা আরও বাড়িয়ে দিচ্ছে উয়েফার করোনা বিষয়ক স্বাস্থ্যবিধি।

ইতালিয়ান ফুটবলবিষয়ক ওয়েবসাইট ফুটবল ইতালিয়া জানাচ্ছে, উয়েফার নীতি অনুযায়ী চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগের ম্যাচে খেলতে হলে একজন খেলোয়াড়কে ম্যাচের ৭ দিন আগে করোনা নেগেটিভ প্রমাণিত হতে হবে। সে ক্ষেত্রে রোনালদোকে করোনা নেগেটিভ প্রমাণিত হতে হবে ২১ অক্টোবরের মধ্যে। ১৩ অক্টোবর করোনা পজিটিভ হওয়া রোনালদোর শরীরে ৮ দিনের মধ্যেই ভাইরাসের উপস্থিতি যে আর থাকবে না, এমনটা হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

ফুটবলপ্রেমীদের সে ক্ষেত্রে হতাশই হতে হচ্ছে। আরেকবার মাঠে মেসি-রোনালদো দ্বৈরথ দেখার রোমাঞ্চটা বোধ হয় চেপেই রাখতে হচ্ছে। দুই বছর আগে রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর সে দ্বৈরথের দেখা আর মেলেনি। পর্তুগিজ তারকা ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার দিনগুলোতে মেসি-রোনালদোর মধ্যে তিনবার দেখা হয়েছিল চ্যাম্পিয়নস লিগে। কিন্তু ২০০৯ সালে রোনালদো ইউনাইটেড ছেড়ে রিয়ালে আসার পর যে মেসি-রোনালদো দ্বৈরথটা অন্য উচ্চতায় চলে গিয়েছিল।

ফ্রান্সের বিপক্ষে এ ম্যাচের পরপরই করোনা আক্রান্ত রোনালদো।
ছবি: রয়টার্স

বার্সায় মেসি, রিয়ালে রোনালদো—তর্কসাপেক্ষে ফুটবলের সেরা দুই ক্লাবে হাল সময়ের ফুটবলের সেরা দুই তারকা। লিগে তো অন্তত দুবার দেখা হতোই, চ্যাম্পিয়নস লিগেও রোনালদো-মেসির দেখা হয়েছিল একবার—২০১১ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। এর বাইরে কোপা দেল রে, স্প্যানিশ সুপারকোপাতে রিয়াল-বার্সার দেখা হতো। এত দিন পর জুভেন্টাস-বার্সার সৌজন্যে মেসি-রোনালদোর সে দ্বৈরথ দেখার সম্ভাবনা জেগেছিল, সেখানেও বাঁধ সাধল করোনা!

১৪ দিন আইসোলেশনে থাকার পর নেগেটিভ হলেও ম্যাচ ফিটনেস পেতে পেতে রোনালদো মোট পাঁচটি ম্যাচ মিস করবেন বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করা জুভেন্টাস এই শনিবার খেলবে ক্রোতোনের মাঠে। এরপর ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে তাদের ম্যাচ দিনামো কিয়েভের মাঠে। ২৫ অক্টোবর লিগে নিজেদের মাঠে জুভেন্টাস খেলবে হেল্লাস ভেরোনার বিপক্ষে। তারপর ২৮ অক্টোবর বার্সার বিপক্ষে ম্যাচ। ১ নভেম্বর লিগে স্পেৎসিয়ার বিপক্ষে ম্যাচটিও মিস করতে পারেন রোনালদো।