বার্সার বিরুদ্ধে রিয়ালের ষড়যন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে নিয়ে রিয়াল ষড়যন্ত্র করছে! ছবি: এএফপি
নেইমারকে নিয়ে রিয়াল ষড়যন্ত্র করছে! ছবি: এএফপি

নেইমার বার্সেলোনায় এসেছেন, তা প্রায় দুই বছর হয়ে গেল। এই সময়ের মধ্যে তিনি বার্সেলোনার জার্সি গায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, পরিণত হয়েছেন দলের অপরিহার্য সম্পদে। কিন্তু দুই বছরের মাথায় এসে তাঁকে নিয়ে দারুণ বিপাকে ক্লাব বার্সেলোনা। ন্যু ক্যাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ব্রাজিলীয় তারকাকে দলে নেওয়ার সময় বিপুল অঙ্কের কর ফাঁকির। এমনিতেই খেলোয়াড়দের দলবদল নিয়ে সৃষ্ট সমস্যায় যথেষ্ট বিপদের মধ্যে আছে বার্সেলোনা। ফিফার কাঠগড়া অবধি গড়ানো এই ঘটনার জেরে নতুন খেলোয়াড় কেনাবেচা থেকে বঞ্চিত তারা। এর মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এল নেইমারের ব্যাপারে কর ফাঁকির অভিযোগ।
বার্সেলোনা সভাপতি হোসে বার্তোমেউ এসব নিয়ে এতটাই বিপর্যস্ত যে তিনি আর সৌজন্যবোধের ধার ধারেননি। সোজাসাপ্টা ভাষাতেই তিনি ক্লাবের এ অবস্থার জন্য দায়ী করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। তাঁর মতে, নেইমারকে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, এর পেছনে আছে রিয়াল মাদ্রিদের হাত।
স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষা​ৎ​কারে বার্তোমেউ বলেছেন, ‘সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে বার্সেলোনা ছাড়া নেইমারকে দলভুক্ত করতে আর কোন দল আগ্রহ দেখিয়েছিল। উত্তরটাও দিয়ে দিই, রিয়াল মাদ্রিদ। নেইমারকে তারা নিতে পারেনি। এজনই তাদের এত জ্বলুনি।’
তিনি বলেন, ‘নেইমারের বিপক্ষে আগেও একটা অভিযোগ ওঠানো হয়েছিল। সে সময় সে দারুণ খেলাটা মাত্র শুরু করেছিল। এবার আবার নেইমারকে জড়িয়ে অভিযোগ তোলার একটাই কারণ থাকতে পারে যে নেইমারের ভালো খেলাটা একটি বিশেষ গোষ্ঠী পছন্দ করছে না।’
রিয়ালের বিরুদ্ধে অভিযোগের তির ছুড়লেও এটাকে অবশ্য তাঁর ব্যক্তিগত দৃষ্টিকোণের অভিমত বলতে ভোলেননি বার্তোমেউ, ‘আমি সরাসরি রিয়ালের দিকে অভিযোগ ছুড়ছি না। এটা আমার ব্যক্তিগত অভিমত, সবাইকে মাথা ঠান্ডা করে ভেবে দেখার আহ্বান জানাচ্ছি নেইমারের কাছে বার্সেলোনার পাশাপাশি রিয়াল মাদ্রিদেরই প্রস্তাব ছিল। আমরা অবশ্যই কোনো অন্যায় কাজ করিনি। নেইমারের দলবদল সব নিয়মকানুন মেনে স্বচ্ছতার সঙ্গেই সম্পন্ন করা হয়েছিল।’