বার্সার মেসি আছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসির এই লাফ প্রথম গোলের উদ্‌যাপনে। পরে গোল করেছেন আরও দুটি। মেসিতে উজ্জ্বল বার্সেলোনাও এসপানিওলকে হারিয়েছে বড় ব্যবধানে। পরশু ন্যু ক্যাম্পে l রয়টার্স
লিওনেল মেসির এই লাফ প্রথম গোলের উদ্‌যাপনে। পরে গোল করেছেন আরও দুটি। মেসিতে উজ্জ্বল বার্সেলোনাও এসপানিওলকে হারিয়েছে বড় ব্যবধানে। পরশু ন্যু ক্যাম্পে l রয়টার্স

‘চাপ নেওয়ার কী আছে? আমাদের মেসি আছে না!’—টিভি পর্দায় ভেসে উঠল ন্যু ক্যাম্পের গ্যালারির এক বার্সেলোনা সমর্থকের হাতে ধরা ব্যানার। কত কথাই না বলে গেল ছোট্ট ওই ব্যানারটা!

নেইমার চলে গেছেন পিএসজিতে, কুতিনহো-ভেরাত্তিদের অনেক চেষ্টা করেও আনতে পারেনি বার্সেলোনা। মৌসুম শুরুর আগেই ‘এই মৌসুমে কী যে হবে’ চাপটা জেঁকে ধরেছিল বার্সেলোনাকে। মেসিকেও কি নয়! কিন্তু পরশু এসপানিওলের বিপক্ষে ম্যাচটিতে যা হলো, তাতে ওই সমর্থক সামনের ম্যাচে হয়তো আরও বড় ব্যানার নিয়ে আসবেন। নিজেদের মাঠে ‘নগরপ্রতিদ্বন্দ্বী’ এসপানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। জয়ে সবচেয়ে বড় অবদান? মেসি আছেন না! হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বড় অবদান তাঁর, তবে ম্যাচটাকে শুধুই ‘মেসির ম্যাচ’ বললে ভুল হবে। ৬৬ মিনিটেই হ্যাটট্রিক হয়ে গিয়েছিল, এরপর শেষ ছয় মিনিটে বার্সার অন্য দুটি গোল করেছেন জেরার্ড পিকে ও চোট কাটিয়ে ফেরা লুইস সুয়ারেজ। রক্ষণে জর্ডি আলবা, মাঝমাঠে রাকিতিচ-ইনিয়েস্তা বা দলে নতুন আসা সেমেদো-দেউলোফেউরাও ছিলেন দুর্দান্ত। একসঙ্গে প্রতিপক্ষকে চাপে রাখা, ৭৭ শতাংশ বলের দখল, ছোট ছোট পাসের গতিময় ফুটবল—এটা যেন বার্সার নিজেদের ফিরে পাওয়ার ম্যাচ।

বাড়তি আরেকটা আকর্ষণও ছিল—বার্সার ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার (১০৫ মিলিয়ন ইউরো) উসমান ডেম্বেলের অভিষেক! ৬৮ মিনিটে নেমেছেন ২০ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড। যোগ করা সময়ে সুয়ারেজের গোলটি এসেছে তাঁরই পাসে।

সব মিলিয়ে বার্সায় হঠাৎই একটা ‘ভালো লাগা’ অনুভূতি ফিরে এসেছে। যেটির কেন্দ্রে ঘুরেফিরে অবশ্য সেই মেসিই। ২৫ মিনিটে পরশু শুরু আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল উৎসব, যদিও গোলটি অফসাইডের কারণে বাতিল হওয়া উচিত ছিল। পরের দুটি গোল ৩৬ ও ৬৬ মিনিটে। তৃতীয় গোলটির আগে বল বার্সার ১১ জন খেলোয়াড়েরই পা ছুঁয়ে এসেছে। ২০০৮-০৯ মৌসুমের পর গতবারই প্রথম লিগে কোনো হ্যাটট্রিক ছিল না মেসির। এবার তৃতীয় ম্যাচেই তা পেয়ে গেলেন। লা লিগায় যা তাঁর ২৭তম হ্যাটট্রিক। রোনালদোর কয়টি, জানতে ইচ্ছা করছে? মেসির চেয়ে ৫টি বেশি।

এমন দিনে বার্সা কোচ আর্নেস্ত ভালভার্দের মেসির প্রশংসায় পঞ্চমুখ হওয়ারই কথা। হলেনও তা, ‘লিওর জন্য ভালো লাগছে। তিনটা দুর্দান্ত গোল করেছে। প্রতিদিনই ও আমাদের বিস্মিত করে যায়।’ তবে ভালভার্দের খুশিটা আরও বেড়েছে টানা দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় (৩ ম্যাচে ৫ পয়েন্ট)। যেখানে প্রথম তিন ম্যাচেই বার্সার জয়, ৯টি গোল করে খায়নি একটিও। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে গেছে ৪ পয়েন্টে। মাত্র তিন ম্যাচ শেষে এটি যে বড় কিছু নয়, সেটি অবশ্য ভালভার্দেই মনে করিয়ে দিলেন, ‘মৌসুমের শুরুতেই পার্থক্যটা তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে পিছিয়ে থাকার চেয়ে এগিয়ে থাকাই তো ভালো।’

মাঠে ভালো একটা দিনেও অবশ্য বার্সেলোনা বোর্ডের খুশি হওয়ার কোনো উপায় নেই। ম্যাচ শেষে ন্যু ক্যাম্পে গর্জন উঠেছে, ‘নোবিতা, দায়িত্ব থেকে সরে দাঁড়াও।’ ‘নোবিতা’ বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর ডাকনাম। এএফপি।

বার্সেলোনা ৩৮  আর্জেন্টিনা ৪

* ক্লাব ও জাতীয় দলের জার্সি গায়ে (ক্লাবের প্রীতি ম্যাচ বাদ দিয়ে) ৮০২টি গোলের সঙ্গে জড়িয়ে আছে মেসির নাম। ৭০৮ ম্যাচে গোল করেছেন ৫৭১টি, করিয়েছেন ২৩১টি।