বার্সার মেসি ফাইনালে দুর্দান্ত

যে যত বড় খেলোয়াড়, সে বড় মঞ্চে তত বেশি সপ্রতিভ, ফুটবলে কথাটা প্রায়ই শোনা যায়। ব্যতিক্রম অবশ্যই আছে, মোটা দাগে কথাটার পক্ষে অনেক উদাহরণ দেওয়া যাবে। ১৯৭০ বিশ্বকাপের ফাইনালে পেলে বলুন, বা ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে জিনেদিন জিদানই বলুন, ফাইনালের জন্য যেন নিজেদের সেরাটাই জমিয়ে রেখেছিলেন তাঁরা। আর্জেন্টিনার লিওনেল মেসির কাছে ফাইনাল হয়তো এখনো একটা ধাঁধা, তবে বার্সার মেসি আবার ফাইনালে দুর্দান্ত। দিন কয়েক আগেই তো উয়েফা সুপার কাপে ফ্রি-কিকের জোড়া গোলে মোহাবিষ্ট করলেন সবাইকে। বার্সেলোনার হয়ে ২৫টি ফাইনালে ২২ গোল—বার্সার মেসি ফাইনালে কেমন এ থেকেই বুঝে নিন।
তাঁর প্রথম ফাইনালের স্মৃতি সেই নয় বছর আগে। এসপানিওলের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের সেই ফাইনালে দল জিতলেও মেসি অবশ্য গোল পাননি। সেভিয়ার বিপক্ষে পরের ফাইনালের স্মৃতিটা শুধু মেসিরই নয়, গোটা বার্সেলোনার জন্যই ভুলে যাওয়ার। ওই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বার্সা। এরপর তিন বছর মেসির ফাইনাল খেলার খরাটা কাটে ২০০৯ সালে এসে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সেই যে কোপা ডেল রে ফাইনালে গোল পেলেন, এরপর গোল পাওয়াটা অভ্যাসই হয়ে গেছে।
ওই বছরেই ফাইনালে নিজের স্মরণীয় গোলগুলোর একটি পেয়েছিলেন। রোমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। মেসির হেড থেকে করা গোলেই নিশ্চিত হয়েছিল বার্সেলোনার শিরোপা। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত টানা সাতটি ফাইনালে গোল পেয়েছেন এরপর, এর মধ্যে ২০১১ চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২০ গজ দূর থেকে করা গোলটাও আছে। চ্যাম্পিয়নস লিগের দুটি গোলের সঙ্গে আছে স্প্যানিশ সুপার কাপে পেয়েছেন ১০ গোল, উয়েফা সুপার কাপে তিনটি, কোপা ডেল রের ফাইনালে চারটি, তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপে।
আর গোল করেছেনও সম্ভাব্য সব উপায়েই। নিজের সহজাত বাঁ পায়ে তো আছেই, ডান পা, হেড, ফ্রি-কিক বাদ যায়নি কিছুই। কিন্তু একটা বেছে নিতে বললে মেসি কোনটা বেছে নেবেন? চ্যাম্পিয়নস লিগের গোল দুটি তো আছেই, সবার চোখে এখনো বোধ হয় সজীব অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে এই বছরের কোপা ডেল রের ফাইনালের প্রথম গোলটি। চারজন খেলোয়াড়কে কাটিয়ে বাঁ পায়ে করা গোলটা স্প্যানিশ ফুটবলেই ফাইনালের সেরা গোল ধরা হয়।
মেসি ফাইনালে মেসির মতো খেললে সেটির ফসল ঘরে ওঠে বার্সেলোনার। এখন পর্যন্ত যে ২৫টি ফাইনাল খেলেছেন, তার মধ্যে বার্সেলোনা হেরেছে মাত্র চারটিতে। সেভিয়ার সঙ্গে উয়েফা সুপার কাপ, রিয়ালের সঙ্গে দুটি কোপা ডেল রের ফাইনাল ও একটি স্প্যানিশ সুপার কাপেই শুধু না-পাওয়ার বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে।
ও হ্যাঁ, কাল বিলবাওয়ের সঙ্গে আরেকটি স্প্যানিশ সুপার কাপ ফাইনালের প্রথম লেগটি খেলে ফেলেছেন মেসি। সেখানে গোল পেয়েছেন কি না, সেটা এতক্ষণে জানা হয়ে গেছে আপনার। সূত্র: বার্সেলোনাডটকম, মার্কা।
ফাইনালে মেসির গোল
২
চ্যাম্পিয়নস লিগ
১০
স্প্যানিশ সুপার কাপ
৩
উয়েফা সুপার কাপ
৪
কোপ ডেল রে
৩
ফিফা ক্লাব বিশ্বকাপ
গোলের এই পরিসংখ্যান বৃহস্পতিবার পর্যন্ত