বার্সার যাঁরা কোচকে 'তোয়াক্কা' করতেন না

লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ম্যাচে লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে রাখার পর থেকেই এনরিকে-বার্সেলোনা ফরোয়ার্ড সম্পর্ক নিয়ে নানা কথা বাতাসে। বিষয়টির ‘মীমাংসা’র উদ্যোগ নিতে মেসির সঙ্গে কথা বলেছেন জাভিসহ কয়েকজন জ্যেষ্ঠ খেলোয়াড়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত রাতে কোপা ডেল রেতে এলচের বিপক্ষে ম্যাচে ন্যু ক্যাম্পের গ্যালারিতে দুয়ো দেওয়া হয়েছে এনরিকেকে। সংবাদমাধ্যমে বারবার বার্সা কোচকে বলতে হচ্ছে, কোনো খেলোয়াড়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়নি! বার্সার ইতিহাসে কয়েকজন প্রভাবশালী খেলোয়াড়ের কথা জানা যেতে পারে।
ইয়োহান ক্রুইফ
১৯৭৬ সালের ৮ ফেব্রুয়ারি সেভিয়ার বিপক্ষে ম্যাচে ক্রুইফকে বসিয়ে রেখেছিলেন তখনকার বার্সা কোচ হেনেস ভেসভেলার। ৭০ মিনিটে বদলি নেমেছিলেন ডাচ কিংবদন্তি। বার্সা ম্যাচ হেরেছিল ২-০ ব্যবধানে। বেজায় চটেছিলেন ক্রুইফ। তখনকার বার্সা সভাপতি নুনেজকে বলেছিলেন, ‘হয় সে (কোচ) যাবে না হয় আমি।’ বার্সা কিংবদন্তিকে নাড়তে চাননি নুনেজ। হেনেসকে মূল্য দিতে হয়েছিল চাকরিটা হারিয়ে। ন্যু ক্যাম্পে মাত্র এক বছর কাটিয়েছিলেন এ জার্মান কোচ। অবশ্য যত দিন ছিলেন, টুকটাক লেগেই থাকত ক্রুইফের সঙ্গে!

বার্নড সুস্টার
আশির দশকে বার্সার অবিচ্ছেদ্য অংশ ছিলেন জার্মান মিডফিল্ডার বার্নড সুস্টার। এ সুস্টারই ১৯৮৫ সালে দিকে ম্যারাডোনাকে সঙ্গে নিয়ে তখনকার খর্বশক্তির বার্সাকে লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে বেশি দিন টেকেনি সুস্টার-বার্সা সম্পর্কটা। ক্লাব ও কোচের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিতেন। এতে করে বার্সা কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন দেখা দিল। একপর্যায়ে ১৯৮৮ সালে ঘোর শত্রু রিয়ালে চলে গেলেন। সুস্টার যে বার্সা থেকে রিয়ালে যেতে পেরেন, এটা নাকি একরকম অকল্পনীয় ছিল!
রোমারিও
ক্রুইফ যখন বার্সার কোচ ছিলেন, তখন এক খেলোয়াড় তাঁর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল—রোমারিও। ব্রাজিলীয় তারকার রাতের বিশৃঙ্খল জীবন খুব ভাবিয়ে তুলল ক্রুইফকে। কিন্তু রোমারিওকে কিছুতেই বাগে আনতে পারেননি বার্সা কিংবদন্তি। রোমারিও ছিলেন বার্সার হাতে গোনা দু-একজন খেলোয়াড়ের একজন, যিনি ক্রুইফের মুখের ওপর কথা বলার সাহস রাখতেন। অনেক পরে ক্রুইফ আফসোস করেছিলেন, রোমারিওকে তাঁর নিজের মতো থাকতে দেওয়াই উচিত ছিল!