বার্সার রেকর্ড ছুঁল রিয়াল

ক্রিস্টিয়ানো রোনালদো খেলেননি, ছিলেন না গ্যারেথ বেলও, কিন্তু এসপানিওলের বিপক্ষে এই দুই তারকার অনুপস্থিতি অনুভবই করেনি রিয়াল মাদ্রিদ। ২-০ গোলের জয়ে লা লিগার এবারের মৌসুমে এখনো পর্যন্ত শতভাগ রেকর্ড অক্ষুণ্ন রেখেছে তারা। শুধু তা-ই নয়, এসপানিওলের বিপক্ষে এই জয়ে লা লিগায় টানা ১৬ জয়ের রেকর্ডও স্পর্শ করেছে জিনেদিন জিদানের দল।
গলা ব্যথার কারণে এসপানিওলের বিপক্ষে খেলেননি রোনালদো। গত মৌসুমে এই এসপানিওলের বিপক্ষেই অবিশ্বাস্য খেলেছিলেন পর্তুগিজ উইঙ্গার। রিয়ালের ৬-০ গোলের দুর্দান্ত জয়ে ৫ গোলই ছিল তাঁর। বেল খেলেননি চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ম্যাচে নিতম্বে চোট পাওয়ার কারণে। রোনালদো ও বেলের বদলে জিদান ভরসা রেখেছিলেন লুকাস ভাসকুয়েজ ও মার্কো আসেনসিওর ওপর। তবে বাজিমাত করেছেন মৌসুমে প্রথমবারের মতো একাদশে জায়গা পাওয়া হামেস রদ্রিগেজ।
পাঁচ মাস পর রিয়ালের জার্সি গায়ে গোল পেলেন কলম্বিয়ান মিডফিল্ডার। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তাঁর গোলেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা।
এই মুহূর্তে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। বার্সার সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লাস পালমাস।
ম্যাচ শেষে নিজ দলের প্রশংসাই করেছেন জিদান। বলেছেন, এসপানিওলের বিপক্ষে যেভাবে দল জয় পেয়েছে এভাবে খেলেই লিগে পয়েন্ট ছিনিয়ে আনতে হবে, ‘প্রথম থেকেই আমার ছেলেরা উৎসাহ ও উদ্দীপনা নিয়ে খেলেছে। মনোযোগের ব্যাপারটিও দারুণ ছিল ওদের। আজ যেভাবে খেলে দল জিতল, এভাবে খেলেই পয়েন্ট বের করে নিয়ে আসতে হবে।’
দলে নিয়মিত জায়গা পাচ্ছিলেন না রদ্রিগেজ। ব্যাপারটা পোড়াচ্ছিল তাঁকে। পাঁচ মাস পর কাল গোল পেয়ে যেন নিজেকে ফিরে পেলেন তিনি। জিদানের অধীনে দলে জায়গা না পেয়ে কী কোচের প্রতি একটু ক্ষোভ জন্মেনি তাঁর মধ্যে? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন একটা অপ্রিয় প্রশ্নই ছুটে গিয়েছিল তাঁর দিকে। কিন্তু কলম্বিয়ান মিডফিল্ডার উড়িয়ে দিয়েছেন সেসব গুঞ্জন, ‘জিদান সব সময়ই আমার আদর্শ, মাদ্রিদ আমার স্বপ্ন। আমি ফর্মে ফিরেছি। মাঠে নেমেছি। আশা করছি, ব্যাপারটা দীর্ঘায়িত হবে।’ সূত্র: রয়টার্স, গোল ডটকম।