বার্সার রেকর্ডে চোখ রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজে আসেনি মেসি–নেইমারদের এই সলাপরামর্শ। গত পরশু কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে হারতে হয়েছে নয়জনের দল হয়ে পড়া অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে। প্রতিপক্ষের মাঠে মেসির দেওয়া একমাত্র গোলটিই দ্বিতীয় লেগে বার্সেলোনার জন্য যা একটু স্বস্তির l এএফপি
কাজে আসেনি মেসি–নেইমারদের এই সলাপরামর্শ। গত পরশু কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে হারতে হয়েছে নয়জনের দল হয়ে পড়া অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে। প্রতিপক্ষের মাঠে মেসির দেওয়া একমাত্র গোলটিই দ্বিতীয় লেগে বার্সেলোনার জন্য যা একটু স্বস্তির l এএফপি

তাঁকে ছাড়াই দুরন্ত গতিতে ছুটছে রিয়াল মাদ্রিদ। তারপরও ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে না থাকলে রিয়াল সমর্থকদের ‘কী যেন নেই’ আক্ষেপটা থেকে যায়। পর্তুগিজ উইঙ্গারকে খেলতে দেখার একটা আলাদা আনন্দ আছে না!

সেটা বুঝেই হয়তো রোনালদোর বিশ্রামটা আর লম্বা করছেন না রিয়াল কোচ জিনেদিন জিদান। ক্লাব বিশ্বকাপের ফাইনালের পর আজ তাই আবারও রিয়ালের জার্সিতে দেখা যাবে রোনালদোকে। লা লিগায় নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি আজ গ্রানাডা।

নতুন বছরে রোনালদোর প্রথম ম্যাচে রিয়ালকেও হাতছানি দিচ্ছে দারুণ একটা রেকর্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত জিদানের দল। আজ জিতলেই গত মৌসুমে বার্সেলোনার গড়া টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ডটা ছুঁয়ে ফেলবে রিয়াল। রোনালদোর প্রত্যাবর্তনের জন্য এর চেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারে! কোচ জিদানও সমর্থকদের আশ্বস্ত করেছেন, ‘আমি আপাতত আর রোনালদোকে বিশ্রাম দিচ্ছি না। ও শনিবার খেলবে, সামনে যত বেশি পারা যায় খেলানো হবে তাকে। এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।’

বার্সার রেকর্ডটা ছোঁয়া রিয়ালের জন্য শুধু সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থাকা গ্রানাডা লা লিগায় এ মৌসুমে জিতেছে শুধু একটি ম্যাচ! ওদিকে আগামী দশ সপ্তাহে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গোটা বিশেক ম্যাচ খেলতে হবে রিয়ালকে। এখন থেকেই তাই খেলোয়াড়দের একটু ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর কথাও ভাবতে হচ্ছে জিদানকে।

আজ অবশ্য এমনিতেই জিদান পাবেন না নিয়মিত একাদশের অনেককে। গ্যারেথ বেল, মাতেও কোভাচিচ, লুকাস ভাসকেজ ও পেপে চোটের কারণে মাঠের বাইরে। অধিনায়ক সার্জিও রামোস নিষেধাজ্ঞায়। তবে ম্যাচটা গ্রানাডার বিপক্ষে বলেই এ নিয়ে মনে হয় না জিদানের কোনো দুশ্চিন্তা আছে।