বার্সার রেকর্ডের রাতে মেসির হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক করে বার্সার রেকর্ডের রাতটা রাঙিয়েছেন মেসি। ছবি: এএফপি
হ্যাটট্রিক করে বার্সার রেকর্ডের রাতটা রাঙিয়েছেন মেসি। ছবি: এএফপি

সর্বশেষ সেই ২০০২ সালে রায়ো ভায়েকানোর কাছে হেরেছিল বার্সেলোনা। কাল তাদের সঙ্গে পরাজয় দূরে থাক, ড্র করলেই সেটা অঘটন হতো। বার্সেলোনার রেকর্ড গড়াটা বলতে গেলে একরকম অবধারিতই ছিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে, নয়জনের ভায়েকানোকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে বার্সা স্প্যানিশ ফুটবলে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে।

সে জন্য লুইস এনরিকে নিশ্চয় সবার আগে ধন্যবাদটা লিওনেল মেসিকেই দেবেন। ম্যাচটা তো আসলে মেসিময়ই ছিল, দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বার্সাকে রেকর্ডের রাত উপহার দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেই ১৯৮৮-৮৯ মৌসুমে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল লিও বেনহেক্কারের রিয়াল মাদ্রিদ। ২৭ বছর পর সেই রেকর্ডটা ভাঙল বার্সা।

রেকর্ডটা যে হচ্ছে, সেটা ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই স্পষ্ট হয়ে যায়। ২২ মিনিটে ভায়েকানো গোলরক্ষকের ভুলের সুযোগে ইভান রাকিটিচ এগিয়ে দেন বার্সাকে। এক মিনিট পরেই দৃশ্যপটে লিওনেল মেসি, নেইমারের সঙ্গে দুর্দান্ত বল নেওয়া-দেওয়ার পর বাঁ পায়ে করেছেন ফিনিশিং। ৪২ মিনিটেই দশজনের দল হয়ে পড়ে ভায়েকানো, রাকিটিচকে বিপজ্জনক এক ফাউল করে লাল কার্ড দেখেন ডিয়েগো লরেন্তে।

৫৩ মিনিটেই আবার ব্যবধান বাড়ায় বার্সা। লুইস সুয়ারেজের শট পোস্টে লেগে ফেরত এলে সেটা জালে পাঠাতে একদমই কষ্ট হয়নি মেসির। ৫৭ মিনিটে মানুচো ভায়েকানোর হয়ে গোল করে ব্যবধান কমিয়েছিলেন (৩-১)।

কিন্তু ৬৯ মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় বার্সা। কিন্তু গত কিছুদিনে লুইস এনরিকের গলায় যেটা কাঁটা হয়ে আছে, কাল সেটা আবারও ফিরে এলো। পেনাল্টি থেকে গোল করতে পারেননি সুয়ারেজ, সেটা ঠেকিয়ে দিয়েছেন ভায়েকানো গোলরক্ষক কার্লোস। ৭২ মিনিটেই মেসি পেয়ে যান হ্যাটট্রিক। পরে ৮৬ মিনিটে ভায়েকানোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আরদা তুরান।

এই জয়ের পর লা লিগার শিরোপার বাতিঘরটা বার্সেলোনার আরেকটু কাছে চলে এলো। ১১ ম্যাচ বাকি থাকতে দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এখন ৮ পয়েন্ট এগিয়ে বার্সা, আর রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ১২ পয়েন্টে।