বার্সার লোভ বাড়াচ্ছেন কুতিনহো!

ডিসেম্বরে দুর্দান্ত ফর্মে আছেন ফিলিপ কুতিনহো। এ মাসে লিভারপুলের হয়ে নিজে করেছেন সাত গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচ গোল। ব্রাজিলিয়ান মিডফিল্ডারটির উত্তুঙ্গ ফর্মে নড়েচড়ে বসেছে বার্সেলোনা। ইউরোপিয়ান সংবাদমাধ্যমের খবর, জানুয়ারিতেই কুতিনহোকে ন্যু ক্যাম্পে নিয়ে আসার ব্যাপারে দেনদরবার শুরু করবে বার্সা।
আগামী মাসে ব্যাপারটি সুরাহা না হলে মৌসুম শেষে উঠেপড়ে লাগবে বার্সা। এমন তোড়জোড়ের মধ্যেই কাতালান ক্লাবটির লোভ বাড়িয়ে দিলেন কুতিনহো। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল মিডফিল্ডারটি এমন এক গোল করেছেন, যা দেখে তাঁকে কিনতে চাইবে বেশির ভাগ ক্লাবই। ম্যাচের ৬ মিনিটের মাথায় সোয়ানসি সিটির বক্সের বাইরে থেকে বাঁকানো দূরপাল্লার শটে কুতিনহো এগিয়ে দেন লিভারপুলকে।
‘অলরেড’দের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এটা ছিল তাঁর ২০০তম ম্যাচ। লিভারপুল এ ম্যাচ ৫-০ গোলে জিতলেও কুতিনহোর গোলটি সবার চোখে লেগে থাকবে অনেক দিন। ইন্টার মিলান থেকে অ্যানফিল্ডে আসার পর এ মাসটাই কুতিনহোর ক্যারিয়ারে সেরা। শুধু তা-ই নয়, বক্সের বাইরে থেকে গোল করার ক্ষেত্রেও কুতিনহো দারুণ হাত পাকিয়েছেন। প্রিমিয়ার লিগে বক্সের বাইরে থেকে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা (১৯) এখন কুতিনহো।
আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করতে বক্সের বাইরে থেকে গোল করতে পারে, এমন খেলোয়াড়কেই কিনতে চাইবে বার্সা। এ জন্য অবশ্য বার্সার হয়ে আপাতত কুতিনহোকে রাজি করানোর চেষ্টাটুকু করছেন পাউলিনহো। বার্সার এ মিডফিল্ডার জানান, জাতীয় দল সতীর্থের সঙ্গে তাঁর নিয়মিতই যোগাযোগ হচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমকে কুতিনহো বলেন, ‘তাঁকে বলেছি দুশ্চিন্তা দূরে রেখে সিদ্ধান্ত নাও। চীনে থাকতে আমারও এমন হয়েছিল। আমার যুক্তি হলো, যদি আসার সুযোগ থাকে, তাহলে সিদ্ধান্তটির জন্য পস্তাবে না।’
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, কুতিনহোকে ১৫ কোটি ইউরোর নিচে বেচতে রাজি নয় লিভারপুল। বার্সা এ প্রস্তাবে রাজি হলে টাকাটা যে কিস্তির মাধ্যমে পরিশোধ করা হবে, সেটাও জানিয়েছে সংবাদমাধ্যম।