বার্সার শিরোপা, জয় ফুটবলের

প্রথম ১৬ মিনিটেই দুই দলের তিন গোল। তিনটিই ফ্রি-কিক থেকে। এর মধ্যে একটির চেয়ে অন্যটিকে কেন আরও সুন্দর বলা হবে না—সেই বিতর্কও হতে পারে। পরশু জর্জিয়ায় উয়েফা সুপার কাপে বার্সেলোনা ও সেভিয়ার ম্যাচটির শুরুই এমন নাটকীয়তায়। যে নাটকীয়তা অব্যাহত ছিল একেবারে শেষ পর্যন্ত। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪-১ গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনা শিরোপা জিতেছে ঠিকই, তবে ৫-৪ গোলের জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে পেদ্রোর ‘সৌভাগ্যের’ গোলের জন্য!
ফুটবল দেবতা যেন ঠিক করে রেখেছিলেন, সব রোমাঞ্চ নিয়ে হাজির হবেন তিবলিসির ডায়নামো অ্যারেনায়। আক্রমণ-প্রতিআক্রমণ, চোখধাঁধানো গোল, ব্যক্তিগত নৈপুণ্য—কী ছিল না ম্যাচে! তবে সব ছাপিয়ে রোমাঞ্চটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে সেভিয়ার প্রত্যাবর্তনের গল্পটাই।
ম্যাচ-পূর্ব বিশ্লেষণ, আলোচনার প্রায় সবটুকু দখল করে ছিল মেসি-সুয়ারেজের আক্রমণের সামনে ঠিক কতক্ষণ নিজেদের অক্ষত রাখতে পারবে সেভিয়া, আদৌ পারবে কি না! এভার বানেগা হয়তো কিছুটা মনঃক্ষুণ্ন হয়েছিলেন এতে। হিসাব পাল্টে দিতে মাত্র তিন মিনিট সময় নিলেন সেভিয়ার আর্জেন্টাইন মিডফিল্ডার। মাচেরানোর ফাউলে ফ্রি-কিক পেয়েছিলেন বার্সেলোনার ডি-বক্সের ঠিক বাইরে। বার্সা গোলরক্ষক টের স্টেগেনকে অসহায় করে দিয়ে বলটিকে এমন আশ্চর্য দক্ষতায় জালে পাঠালেন যে, ডেভিড বেকহামের নেওয়া বাঁকানো ফ্রি-কিকগুলোর কথাই মনে পড়ছিল বারবার।
দল পিছিয়ে, তাও প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ের অমন অসাধারণ নৈপুণ্যে—লিওনেল মেসি চুপটি বসে থাকবেন কেন! মিনিট চারেক পরই বার্সাকে সমতায় নিয়ে এলেন, ফ্রি-কিক থেকেই। বক্সের বাঁ পাশ থেকে আলতো ভাসিয়ে দেওয়া গোলটিকে বর্ণনায় সবচেয়ে ভালো উপমা হতে পারে—অলস সৌন্দর্য! নয় মিনিট পরই আবার মেসি-ম্যাজিক, আবার ফ্রি-কিক! ক্যারিয়ারে এই প্রথম এক ম্যাচে ফ্রি-কিক থেকে দুই
গোল করলেন মেসি, সঙ্গে ছুঁয়ে ফেললেন ইউরোপিয়ান প্রতিযোগিতায় রোনালদোর ৮০ গোলের রেকর্ডও।
‘ওহ্ মেসি! সংযত হও, মৌসুমের শুরুতেই এমন দেখনদারির কী দরকার’—মেসির ফ্রি-কিক দুটিতে মুগ্ধ হয়ে ম্যাচের মিনিট বিশেক পরই টুইট করেছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার।
প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে রাফিনহার গোল, ৫২ মিনিটে সুয়ারেজের। বার্সেলোনা তখন এগিয়ে ৪-১ ব্যবধানে। ফলাফল নিশ্চিত হয়ে গেছে মনে করেই কি না, অধিনায়ক ইনিয়েস্তাকে তুলে নিলেন বার্সা কোচ লুইস এনরিকে। ফুটবল দেবতা তখন বুঝি মুচকি হাসছিলেন! এরপরই যে ফুটবল-রূপকথার অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্পটা লিখেও হারবে সেভিয়া, কে ভেবেছিল তখন!
শুরুটা করেন হোসে আন্তোনিও রেয়েস। ৫৭ মিনিটে সেভিয়া অধিনায়কের গোলের পর গামেইরোর পেনাল্টি ও কনোপ্লিয়াঙ্কার অভিষেক গোল—২৪ মিনিটেই ৪-১ হয়ে গেল ৪-৪!
কিন্তু এই ম্যাচ যে নায়ক হওয়ার গৌরব লিখে রেখেছিল বার্সার জার্সি গায়ে সম্ভাব্য শেষ ম্যাচ খেলা পেদ্রোর ভাগ্যেই! অতিরিক্ত সময়ের তিন মিনিটে মাঠে নেমে দলকে শিরোপা এনে দিলেন ক্যানারি আইল্যান্ডের এই খেলোয়াড়ই। ১১৫ মিনিটে মেসির ফ্রি-কিক দখলে নিতে ব্যর্থ হন সেভিয়া গোলরক্ষক বেতো, ফিরতি শটে গোল করে নাটকীয়তায় আপাত যতি এনে দেন পেদ্রো। একেবারে শেষ মুহূর্তে কোকে ও আদিল রামির শটগুলো ঠিকঠাক হলে ম্যাচের ভাগ্য যে আরেকবার বদলে যায়!
বার্সেলোনা শিরোপার আনন্দ করেছে ঠিকই, তবে এ ম্যাচে জয়টা ফুটবলেরই। এএফপি, ইএসপিএন।