বার্সার সঙ্গেও ছাড়াছাড়ি হতে পারে পিকের
জেরার্দ পিকে বিশ্বাসঘাতকতা করেছেন, অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন—এ অভিযোগ তুলে বার্সেলোনার ডিফেন্ডারের সঙ্গে এক যুগের সম্পর্ক ছিন্ন করেছেন কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। এবার বার্সেলোনার সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যেতে পারে পিকের!
গত মৌসুমে চোট বেশ ভুগিয়েছে পিকেকে। চোটের কারণে মাঠের বাইরে থাকার ব্যাপার তো আছেই। এর সঙ্গে যোগ হয়েছে সাম্প্রতিক সময়ে পিকেকে ঘিরে বিভিন্ন ধরনের বিতর্ক। স্পেনের এই ডিফেন্ডার জড়িয়েছেন ফুটবলের বাইরের অনেক বিষয়ের সঙ্গে। নানা ধরনের ব্যবসাপাতিও আছে তাঁর। সব মিলিয়ে বার্সেলোনা তাঁকে আর ক্যাম্প ন্যুয়ে রাখবে কি না—এমন একটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছে স্পেনের ফুটবলে।
এ ছাড়া বার্সেলোনা এখনো আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই লা লিগার বেতনকাঠামোর সঙ্গে সংগতি রেখে তারা দলে ভেড়াতে চাইছে রবার্ট লেভানডফস্কি বা বের্নার্দো সিলভাকে। এই কাজ করতে গিয়ে আসন্ন মৌসুমের আগে আরেকবার খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে বার্সা। এরই মধ্যে সের্হি রবার্তোর সঙ্গে নতুন চুক্তি করা হয়েছে তাঁর বেতন কমিয়ে।
৩৫ বছর বয়সী পিকে এই মুহূর্তে বছরে শুধু বেতনই পাচ্ছেন ১ কোটি ৯০ লাখ ইউরো। এত বড় অঙ্কের বেতন দিয়ে বারবার চোটে পড়া বেশি বয়সী এক ডিফেন্ডার আর বার্সা পুষবে কি না, তা নিয়ে গুঞ্জন উঠেছে স্পেনের ফুটবলে।
বার্সার সঙ্গে পিকের বর্তমান চুক্তির মেয়াদ আছে আরও দুই মৌসুম। এর আগে অনেকবারই পিকে বলেছেন, তিনি বার্সেলোনা থেকে বেঞ্চের খেলোয়াড় হিসেবে বিদায় নিতে চান না। পিকের এ কথা সত্যি হলে তিনি নিজে থেকেও হয়তো সরে দাঁড়াতে পারেন।
তবে ক্যাম্প ন্যুয়ের দলটিতে তাদের সমর্থকের কাছে বেশ জনপ্রিয় পিকে। সেদিক বিবেচনা করলে বার্সেলোনা এখনই পিকের সঙ্গে ছাড়াছাড়ির সিদ্ধান্ত নেবে কি না, সেটাও একটা বিষয়। আপাতত তাই বার্সা-পিকের ১৪ বছরের সম্পর্কের ছেদ হবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।