বার্সার সামনে এবার লেগানেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো লা লিগায় খেলছে ক্লাবটি। সর্বোচ্চ সাফল্য বলতে একবার শুধু তৃতীয় বিভাগে চ্যাম্পিয়ন, মাত্র ১১ হাজার দর্শকের স্টেডিয়াম বলছে স্পেনের অন্য ক্লাবগুলোর তুলনায় তারা কতটা দীনহীন। সেই লেগানেসের সঙ্গে আজ বার্সেলোনার ম্যাচটা একতরফাই হওয়া উচিত। ধারে-ভারে দুই দলের কোনো তুলনাই হয় না। কিন্তু দুই দলের ফর্ম বলছে, ম্যাচটা বার্সা যতটা সহজ ভাবছে, ততটা না-ও হতে পারে।
গত সপ্তাহেই আলাভেসের কাছে নিজেদের মাঠে হেরে গেছে বার্সা। চ্যাম্পিয়নস লিগে সেল্টিককে উড়িয়ে দিয়ে আবার কক্ষপথে ফিরেছে বটে, কিন্তু লা লিগায় সেই ফর্ম কি টেনে আনতে পারবে? লেগানেস যে লড়াইয়ের আভাস রেখেছে। মাদ্রিদের উপকণ্ঠের ক্লাবটি দারুণ শুরু করেছে। সেল্টা ভিগোকে প্রথম ম্যাচে হারানোর পর ড্র করে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। নিজেদের খুদে স্টেডিয়ামটা আজ গমগম করারই কথা।
আলাভেস যে তাদের প্রেরণা, সেটা মনে করিয়ে দিয়েছেন লেগানেস ডিফেন্ডার পাবলো ইনসুয়া, ‘আমাদের সবকিছুই একদম নিখুঁত হতে হবে। সেই সঙ্গে ভাগ্যেরও একটু ছোঁয়া লাগবে। আমরা দেখেছি আলাভেস কী করেছে। অবশ্যই বার্সাকে হারানো সম্ভব, কিন্তু পরিস্থিতিটা আগের মতো নেই আর।’
আলাভেসের সঙ্গে ম্যাচে মেসি-সুয়ারেজকে বিশ্রাম দিয়ে তোপের মুখে পড়েছিলেন লুইস এনরিকে। আজ নিশ্চয়ই সেই ভুল করবেন না। বার্সার জন্য আজ অবশ্য রিয়াল মাদ্রিদকে ছুঁয়ে ফেলারও উপলক্ষ। রিয়াল অবশ্য আজ নামছে না, কাল তাদের প্রতিপক্ষ এসপানিওল। চ্যাম্পিয়নস লিগের শেষ মুহূর্তে জয় এনে দেওয়া গোলের পর আলভারো মোরাতা প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। বদলি হিসেবে নেমে আলো ছড়ানোর পর একাদশে ফিরতে পারেন হামেস রদ্রিগেজও। আজ মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদও, তবে তাদের পরীক্ষাটা খুব সহজ না-ও হতে পারে। প্রথম তিন ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া স্পোর্টিং গিজনের মুখোমুখি হতে হবে গ্রিজমান-গডিনদের।
চ্যাম্পিয়নস লিগের বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাও ফিরছে আজ মাঠে। চ্যাম্পিয়নস লিগে বড় জয় পাওয়া ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বোর্নমাউথ, আর আর্সেনালের সামনে দাঁড়াবে হাল সিটি। এএফপি, রয়টার্স।