কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে দল গড়া পরাশক্তিরাই দাঁড়াতে পারেনি, সেখানে রিভার প্লেট কী করতে পারবে? ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিটা বার্সেলোনার হাতেই হয়তো দেখে ফেলছেন অনেকে। তবে বার্সেলোনারই সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমের বিশ্বাস, বার্সাকে হারানোর ক্ষমতা আছে রিভার প্লেটের।
রিকেলমে আশাবাদী, ফাইনালটা একপেশে হবে না, ‘আমি জানি না রিভার বার্সেলোনার সঙ্গে কীভাবে খেলবে। কিন্তু এ রকম পরিস্থিতিতে আর্জেন্টাইন ফুটবলাররা সব সময় বাড়তি কিছু দেওয়ার চেষ্টা করে।’ এমনকি এই প্রতিযোগিতায় আর্জেন্টাইন প্রতিনিধি রিভার প্লেটের জয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না, ‘বার্সাকে কি হারানো সম্ভব? অবশ্যই। এটা তো শুধু একটা ম্যাচ। তবে আমরা জানি ব্যাপারটা করে দেখানো কতটা কঠিন।’
মেসি, নেইমার, সুয়ারেজ, ব্রাভো, আলভেজ, মাচেরানো—বার্সার মূল দলটা তো প্রায় দক্ষিণ আমেরিকানই। ফাইনালে একধরনের পুনর্মিলনীই হবে। তবে রিকেলমে মনে করিয়ে দিয়েছেন, ‘ওদের তিন পজিশনে বিশ্বের সেরা তিন খেলোয়াড় আছে—রক্ষণে পিকে, ডিফেন্সিভ মিডে বুসকেটস, আর মধ্যমাঠে ইনিয়েস্তা।’
বার্সার–রিভার প্লেট সম্ভাব্য ফাইনালটা এখন ফাইনালের মতো হলেই হয়। মার্কা।