বার্সার সাহায্যে এমবাপ্পেকে কেনার আশা রিয়ালের

এমবাপ্পেকে পেতে চায় রিয়াল।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন পিএসজির কোনো তারকার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মানেই ছিল সেটা নেইমারের দলবদল–সংক্রান্ত গুঞ্জন। এ মৌসুমে কিছুটা থিতু হয়েছেন নেইমার, পিএসজিতেই থাকবেন বলে জানিয়েছেন। পিএসজিকে ঘিরে দলবদলের গুঞ্জন তবু থামেনি। নেইমার থিতু হতে চাইলেও চুক্তি নবায়নে যে এখনো রাজি হননি কিলিয়ান এমবাপ্পে।

পিএসজি ছেড়ে এমবাপ্পে কোথায় যেতে পারেন, এ আলোচনায় বরাবরই রিয়াল মাদ্রিদের নাম এসেছে। এসেছে লিভারপুলের নামও। এ তালিকায় কখনোই বায়ার্ন মিউনিখের কথা শোনা যায়নি। কিন্তু জার্মান ক্লাব কিংবদন্তি কার্ল-হাইঞ্জ রুমিনিগে ঘটা করে জানালেন এ খবর। না, এমবাপ্পেকে পাওয়ার চেষ্টা নয়, বরং কিনতে পারবে না বায়ার্ন—সেটা জানিয়েছেন। ওদিকে রিয়াল মাদ্রিদ আশায় বসতি গড়ছে, এ ব্যাপারে বার্সেলোনা তাদের সহযোগিতা করবে।

মেসি-রোনালদোর পর ফুটবলের সবচেয়ে বড় তারকা হওয়ার কথা ছিল নেইমারের। তবে গত দুই বছরে নেইমারের চেয়ে এমবাপ্পেই দৌড়ে এগিয়ে গেছেন। এমন এক তারকাকে ক্লাবে টানতে পারলে আগামী এক দশক নিশ্চিন্তে থাকতে পারবে যেকোনো দল। তাই ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে নিয়ে দলবদলের গুঞ্জনে কখনই থামে না। ১৮ বছরের এমবাপ্পেকে পেতেই ২০১৭ সালে ১৮ কোটি ইউরো খরচ করতে হয়েছিল পিএসজিকে। কোভিড–পরবর্তী বিশ্বেও আগ্রহী ক্লাবকে এমন এক অঙ্কই হয়তো খরচ করতে হবে।

পিএসজির হয়ে এই মৌসুমে ১৬ ম্যাচে ১৩ গোল এমবাপ্পের।
ছবি: রয়টার্স

সাধারণত খেলোয়াড় দলে টানতে বেশি অর্থ ব্যয় করতে আগ্রহী নয় বায়ার্ন। গত মৌসুমে ট্রেবলজয়ী দলটির মূল একাদশ গড়তে ১০ কোটি ইউরোও খরচ করতে হয়নি তাদের। জার্মান ক্লাবটির ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ৮ কোটি ইউরোর লুকাস হার্নান্দেজ। এই ডিফেন্ডারকে এ মূল্যে কেনার পর থেকেই আবার নিজেদের স্বল্প খরচের নীতিতে চলে গেছে বায়ার্ন। তাই এমবাপ্পেকে কেনার ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়ে রাখলেন ক্লাবটির প্রধান নির্বাহী রুমিনেগে, ‘আমি এমবাপ্পেকে এবং সে যেভাবে খেলে—দুটিই ভালোবাসি। কিন্তু তাকে কখনো বায়ার্নে আনতে পারব না।’

ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লো ফিগারোর সঙ্গে কথোপকথনে এমবাপ্পেকে দলে না টানার আরেকটি কারণও জানিয়েছেন রুমেনিগে, ‘আর সে (এমবাপ্পে) যেখানে আছে ভালোই আছে। নাসের আল খেলাইফি আমার খুব ভালো বন্ধু। আমি তাঁকে এ ব্যাপারে বিরক্ত করব না।’

কাতারের মালিকানাধীন ক্লাব পিএসজির সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে ইউরোপের সব ক্লাবের সভাপতিই সম্পর্ক ভালো রাখেন। আর্থিক দিক থেকে পিএসইজি বা একটি রাষ্ট্রের সঙ্গে যে পাল্লা দেওয়া সম্ভব নয়, সেটা সব সভাপতি মেনে নিয়েছেন। আর এ কারণেই রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে হয়তো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জন্য প্রার্থনায় বসবেন! শেষ ষোলোতে যে বার্সেলোনার মুখোমুখি পিএসজি।

পেরেজ কেন বার্সার জন্য প্রার্থনা করবেন, সে উত্তর জানতে আরেকটু পেছনে যেতে হবে।

নিজেকে আরও পরিণত করার জন্য ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের ডাক উপেক্ষা করে পিএসজিতে গেছেন এমবাপ্পে। ক্লাবে যোগ দেওয়ার পর এখনো চুক্তি নবায়ন করেননি। চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখা এমবাপ্পেকে ধরে রাখতে চাইলে ইউরোপে সাফল্য দরকার পিএসজির। কিন্তু টানা তিন মৌসুম ব্যর্থতায় পিএসজিতে নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন এমবাপ্পে। এ কারণেই চুক্তি নবায়ন করছেন না। গত মৌসুমে অবশ্য চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে পিএসজি।

যদি এ মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হয় পিএসজি, সে ক্ষেত্রে চুক্তি নবায়ন করবেন না এমবাপ্পে। এখন শেষ ষোলোতে বার্সেলোনা জিতে গেলেই রিয়ালের ইচ্ছা পূরণ হবে। তখন আর মাত্র এক বছর বাকি থাকায় রিয়ালের পক্ষে সম্ভব হবে খেলাইফির সঙ্গে সম্পর্কে চিড় না ধরিয়েও দর–কষাকষিতে যাওয়ার।

করোনার কারণে এবারের দলবদলে কোনো খেলোয়াড় কেনেনি রিয়াল। উল্টো ১০ কোটি ইউরো আয় করেছে বিভিন্ন ফুটবলারকে ছেড়ে দিয়ে। এমবাপ্পেকে নেওয়ার জন্য আগামী মৌসুমেও সে ধারা অব্যাহত রাখবে। এখন শুধু বার্সেলোনার সাহায্য দরকার তাদের!