বার্সার সিংহাসন এখন রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনেদিন জিদানের অধীনে বিশ্বসেরা দলে পরিণত হয়েছে রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি
জিনেদিন জিদানের অধীনে বিশ্বসেরা দলে পরিণত হয়েছে রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি

সময় এখন রিয়াল মাদ্রিদের।
পেপ গার্দিওলার অধীনে টিকিটাকা ফিরে এসেছিল বার্সেলোনায়। স্প্যানিশ এ কোচের স্কোয়াডে বেশির ভাগই ছিলেন বার্সার একাডেমি ‘লা মাসিয়া’ থেকে উঠে আসা খেলোয়াড়। ইয়োহান ক্রুইফের খেলার স্টাইল ফিরিয়ে এনে গার্দিওলা গড়েছিলেন বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা দল! এমন এক দল, যারা প্রায় এক দশক ধরে দাপুটে রাজত্ব করেছে ফুটবলবিশ্বে।

গার্দিওলার হাত ধরে চার বছরে ১৪টি শিরোপা জিতেছে বার্সা। এর মধ্যে শুধু ২০০৯ সালেই এসেছে ৬ শিরোপা! ক্লাবটির ১১৭ বছরের ইতিহাসে এমন বছর আর দ্বিতীয়টি আসেনি। ২০১২ সালে গার্দিওলার বিদায়ের পরও টিকে ছিল বার্সার রাজত্ব। ২০১২-১৩ মৌসুমে লিগ শিরোপা জিতিয়েছিলেন প্রয়াত কোচ টিটো ভিলানোভা। এরপর জেরার্ডো মার্টিনোর অধীনে বার্সা বড় কোনো সাফল্য না পেলেও লুই এনরিকে এসে ২০১৪-১৫ সালে কাতালান ক্লাবটিকে জেতালেন ঐতিহাসিক ‘ট্রেবল’ (চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও কোপা দেল রে)। পরের মৌসুমে এল লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। ২০১৬-১৭ মৌসুমে কোপা দেল রে জিতে এনরিকে বার্সাকে বিদায় বলেছেন। এর আগেই অবশ্য হাতবদল হয়েছে সিংহাসনের, যেখানে বার্সার বদলে এখন বসছে রিয়াল!
বার্সেলোনার ওয়েবসাইটে ২০০৮ থেকে ২০১৬—এই নয় বছরকে বলা হয়েছে ক্লাবটির ইতিহাসের সেরা কয়েকটি বছর। কিন্তু হাল আমলের বার্সাকে নিকট অতীতের সঙ্গে মেলানো যায় না। গার্দিওলা-ভিলানোভা-এনরিকের স্কোয়াডের তুলনায় আর্নেস্তো ভেলভার্দের স্কোয়াড যে খোলনলচে পাল্টে গেছে এমন নয়। লিওনেল মেসি আছেন আগের মতোই। আক্রমণভাগে তাঁর সঙ্গী লুই সুয়ারেজের মতো স্ট্রাইকার, মাঝমাঠে ইভান রাকিটিচ, সার্জিও বুসকেটসদের সঙ্গে রয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তার মতো কুশলী অভিজ্ঞ। কিন্তু তারপরও জিনেদিন জিদানের রিয়ালের সঙ্গে মোটেও পেরে উঠছে না বার্সা।
একসময় বার্সার মিডফিল্ড দেখে ঈর্ষায় পুড়তেন প্রতিপক্ষ সমর্থকেরা। এখন সে মিডফিল্ডের দাবি রাখে রিয়াল। উয়েফা সুপার কাপে রিয়ালের কাছে মধ্যমাঠেই হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হোসে মরিনহোও স্বীকার করে নিয়েছেন রিয়ালের শ্রেষ্ঠত্ব, ‘এই মিডফিল্ডের কোনো তুলনা হয় না। মডরিচের কোনো তুলনা নেই, ক্রুস, ইসকো কিংবা কাসেমিরোরও কোনো তুলনা নেই। ভাগ্যিস প্রিমিয়ার লিগে রিয়াল মাদ্রিদ নেই!’
এসব কিছুই হয়েছে একটি সিদ্ধান্তের কারণে। ৪ জানুয়ারি, ২০১৬। এদিন রাফায়েল বেনিতেজকে ছাঁটাই করে রিয়াল। এটাও জানিয়ে দেয়, তাদের পরবর্তী কোচ জিনেদিন জিদান। শীর্ষ পর্যায়ের ফুটবলে তখন কোচিংয়ের কোনো অভিজ্ঞতাই ছিল না ফরাসি কিংবদন্তির। এ কারণে ক্রিস্টিয়ানো রোনালদো-সার্জিও রামোসের মতো তারকাদের দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেওয়ায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সমালোচনা করেছিলেন প্রায় সবাই। কিন্তু পেরেজই সঠিক ছিলেন। জিদানের হাত ধরে মাত্র ২০ মাসের ব্যবধানে বার্সার কাছ থেকে শ্রেষ্ঠত্বের ব্যাটন কেড়েছে রিয়াল।
পরিসংখ্যানই এর প্রমাণ। গত বছরের এপ্রিলে কোচ হিসেবে প্রথম ‘এল ক্ল্যাসিকো’ জিতে বার্সার টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার গর্বকে খর্ব করে দারুণ এক যাত্রার শুরু করেন জিদান। পরের মাসে এল চ্যাম্পিয়নস লিগের ‘লা আনডেসিমা’ (১১তম শিরোপা)। ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে ২০১৬-১৭ মৌসুমের ট্রফি-যাত্রা শুরু করেছেন জিদান। এ বছরের জানুয়ারিতে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ড গড়ে রিয়াল, সেটাও বার্সার রেকর্ডকে পেছনে ফেলে। গত জুনে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার অভিযানে সফল হয় জিদানের রিয়াল। শ্রেষ্ঠত্বের প্রমাণের আর কী লাগে?
জিদান কিন্তু বসে নেই। গত মৌসুমে তাঁর হাত ধরে পাঁচ বছর পর লিগ শিরোপা জিতেছে রিয়াল। চলতি বছর এসেছে স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপের শিরোপাও। আগামী রোববার দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল। বিশ্বসেরা দলের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে চ্যালেঞ্জটা নিতে হবে জিদানকে। অবশ্য রিয়ালের ইতিহাসে চতুর্থ সেরা কোচটি আগেই ছাপিয়ে গেছেন নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারকে। সান্তিয়াগো বার্নাব্যুতে পাঁচ বছরের খেলোয়াড়ি জীবনে ছয়টি শিরোপা জিতেছিলেন জিদান। কিন্তু কোচ হিসেবে একই দলকে মাত্র ২০ মাসের ব্যবধানে জিতেছেন সাত শিরোপা! পরিসংখ্যানই বলছে, সময়টা এখন জিদানের, মানে রিয়ালের।