বার্সার সুয়ারেজময় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল, লুইস সুয়ারেজের উদ্‌যাপন তাই বাঁধভাঙা। পরশু ন্যু ক্যাম্পে l এএফপি
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল, লুইস সুয়ারেজের উদ্‌যাপন তাই বাঁধভাঙা। পরশু ন্যু ক্যাম্পে l এএফপি

দানি আলভেসের বাড়িয়ে দেওয়া বলটা ভেসে এসেছিল বাতাসে। চুম্বক যেমন লোহাকে টানে, লুইস সুয়ারেজের পায়ে পড়েও বলটা যেন আটকে গেল সম্মোহনী শক্তিতে। সামনে তখন আগুয়ান ইকার ক্যাসিয়াস, সুয়ারেজ রিয়াল মাদ্রিদ গোলরক্ষককে কোনো সুযোগই দিলেন না। দুর্দান্ত ওই গোলটাই বদলে দিল ম্যাচের গতিপথ। এর আগ পর্যন্ত ম্যাচ ড্র ছিল ১-১ গোলে। বার্সা-রক্ষণে রিয়ালই হানা দিচ্ছিল বেশি। কিন্তু ওই গোলের পরই যেন জেগে উঠল বার্সা, শেষ পর্যন্ত স্কোরলাইনটা ২-১ না হয়ে অনায়াসেই ৩-১ বা ৪-১ হতে পারত।
বার্সেলোনার হয়ে নাম লিখিয়েছিলেন তুমুল বিতর্কের মধ্যে, বিশ্বকাপে জর্জো কিয়েলিনিকে কামড়ে নিষিদ্ধ হওয়ায় অক্টোবর পর্যন্ত লিগে নামতেই পারেননি। এল ক্লাসিকোর অভিষেকে একটি গোল করিয়েছিলেন। তার পরও সাড়ে আট কোটি ইউরোর অতি উচ্চমূল্যে সুয়ারেজকে কেনা ঠিক হয়েছে কি না, সেটা নিয়ে একটু খচখচানি বার্সা-কর্তাদের থাকতেই পারত। পরশুর পর সেটা আর থাকার কথা নয়। ‘বার্সার হয়ে এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল’—সুয়ারেজের এই কথা এতটুকু অতিরঞ্জিত মনে হবে না।
ম্যাচ শেষে বার্সা কোচ লুইস এনরিকেও মানলেন, ‘খুব কম খেলোয়াড়েরই এই গোল করার সামর্থ্য আছে। এ জন্যই আমরা ওকে দলে নিয়েছি। আমরা জানি ও ব্যবধান গড়ে দেওয়ার মতো খেলোয়াড়।’ রিয়ালের জন্য সময়টা খারাপ যাচ্ছে, গত চার ম্যাচে এটি তাদের তৃতীয় পরাজয়। বার্সার চেয়ে এখন পিছিয়ে পড়ল ৪ পয়েন্টে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তির চোখে পরাজয়ের কারণ, ‘আমার মনে হয় সমস্যাটা যতটা না শারীরিক, তার চেয়েও বেশি মানসিক। আমরা হতাশ, তবে যেভাবে খেলেছি তাতে একটু হলেও সান্ত্বনা আছে। প্রথমার্ধে আমরা খুবই ভালো খেলেছি।’
১৮ মিনিটে লিওনেল মেসির বাঁকানো ফ্রি-কিক থেকে ফ্রেঞ্চ ডিফেন্ডার জেরেমি ম্যাথিউর গোলে বার্সাই প্রথম এগিয়ে যায়। ৩১ মিনিটে করিম বেনজেমার দুর্দান্ত ব্যাকহিল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সমতা আনে রিয়াল। এর আগেই রোনালদো পোস্টে লাগিয়েছেন, পরে গ্যারেথ বেলের গোল বাতিল হয়েছে অফসাইডে। শেষ পর্যন্ত রিয়াল আর গোল করতে পারেনি প্রথমার্ধে। আর দ্বিতীয়ার্ধ তো সুয়ারেজময়। এএফপি।