বার্সার সেই দিন আর আসবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-জাভি-ইনিয়েস্তা। বার্সার সেই সোনালি প্রজন্মের তিন সারথি। ছবি: টুইটার
মেসি-জাভি-ইনিয়েস্তা। বার্সার সেই সোনালি প্রজন্মের তিন সারথি। ছবি: টুইটার

‘দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না...।’

বার্সেলোনা সমর্থকেরা এমন ভাবতে পারেন। বার্সার অবস্থা যে খুব খারাপ তা নয়। করোনা মহামারিতে অর্থনৈতিক সংকট যাচ্ছে বটে কিন্তু এবার লা লিগা স্থগিত হওয়ার আগেও মাঠে দাপট ছড়িয়েছে বার্সা। তবু অনেকে সন্তুষ্ট হতে পারবেন না। কারণ এই সহস্র বছরের শুরু থেকে ‘সোনালি প্রজন্ম’-এর বদৌলতে মাঠে তারা যেসব জাদুকরি মুহূর্ত দেখেছেন, সেসব এখন দেখা যাচ্ছে কোথায়!

ইনিয়েস্তা, জাভি, মেসিদের নিয়ে গড়া সেই প্রজন্ম বলতে গেলে নতুন দর্শকই সৃষ্টি করেছিল ফুটবলে। এমনকি আর কখনো দেখা যাবে না? আন্দ্রেস ইনিয়েস্তার কথা শুনলে হতাশ হতেই হবে। সেই সোনালি প্রজন্মেরই অন্যতম এই সারথির বিশ্বাস, বার্সেলোনার সেই দিন আর আসবে না।

রোনালদিনহো-ডেকোদের প্রজন্ম সাফল্যের পথটা দেখিয়ে দিয়েছিল। মেসি-জাভি-ইনিয়েস্তা-পুয়োলরা সে পথে ‘টিকিটাকা’র ছন্দে হেঁটে পৌঁছেছেন রেকর্ড বইয়ের চূড়ায়। পেপ গার্দিওলার অধীনে (২০০৮-২০১২) সেই চার বছরে রেকর্ড ১৪ ট্রফি জিতেছিল বার্সা। এরপর এলেন টিটো ভিয়ানোভা, লুই এনরিকে...। এর মাঝে চলে গেলেন জাভি-ইনিয়েস্তা, বার্সার সেই সোনালি প্রজন্মে মাঝমাঠের দুই ‘মায়েস্ত্রো’। মেসি-পিকে-বুসকেটসরা এখনো বার্সায় থেকে গেলেও দিন যে বদলেছে, তা খেলাতেই পরিষ্কার।

কাতালান ক্লাবটি নতুন একটি প্রজন্ম তৈরির চেষ্টা করছে। সেটি হবে কি না, আর হলেও কতটুকু সাফল্য পাবে তা সময়ই বলে দেবে। আপাতত ইনিয়েস্তার বিশ্বাস, সেই দিনগুলো আর ফিরবে না। বার্সা ছাড়ার পর জাপানে ফুটবল খেলে চলা ৩৫ বছর বয়সী এ মিডফিল্ডার ‘গার্ডিয়ান’কে বলেন, ‘ওই প্রজন্মের মতো আর কোনো কিছু কখনো দেখা যাবে না। হ্যাঁ, আগের মতো আর কখনো হবে না। তবে খুব খারাপও হবে না।’

ইনিয়েস্তা সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন। বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি বার্সার মূল দলে ১৬ বছরের ক্যারিয়ারে জিতেছেন ৩২ শিরোপা। একই সুরে একটা প্রজন্ম গড়ে ওঠার পেছনে শর্তগুলো ব্যাখ্যা করলেন তিনি, ‘ক্লাবের ইতিহাসে অনেকরকম যুগই আছে ; তরুণেরা মূল দলে সুযোগ পায় কিন্তু দল খারাপ করলে নেমে যায় যুব প্রকল্পে। (বার্সায়) আমার সময়ে এমন হয়েছে। তবে যুব প্রকল্প থেকে ১০, ১১, ১২জনের মতো খেলোয়াড় মূল দলে থাকলে তখন কোচ কে, ক্লাবের কী অবস্থা এসবের ওপর অনেক কিছুই নির্ভর করে। ওখানে অনেক বছর থেকেছি। ছোট থেকে বড় হয়েছি। মূল দলে ১০-১৫ বছর খেলেছি, অধিনায়ক হয়েছি। ওখানে আমরা সবাই একসঙ্গেই বেড়ে উঠেছি।’

স্পেনের সাবেক এই মিডফিল্ডার মনে করেন, ‘তেমন কিছু এখন হওয়া কঠিন। খুবই কঠিন। আমরা বার্সাকে নিয়ে কথা বলছি, যেখানে খেলে বিশ্বসেরারা। ভিক্টর, পুয়োল, জাভি, বুসি (বুসকেটস) ও লিও—জীবনের প্রায় সারা সময় আমরা ওখানে একসঙ্গে ছিলাম। এই সুবিধাটা অন্য কারও ছিল না।’ বার্সার হয়ে ৬০০ ম্যাচ খেলার পর ২০১৮ সালে জাপানের ভিসেই কোবে দলে যোগ দেন ইনিয়েস্তা।

ইনিয়েস্তা ক্যারিয়ারের সায়াহেৃ পৌঁছেও যতটা সম্ভব বেশি দিন খেলার চেষ্টা করছেন। কিন্তু একদিন তো থামতে হবে? তখন যাবেন কোথায়? ইনিয়েস্তা জানালেন বুটজোড়া তুলে রাখার পর বার্সায় ফেরার চিন্তাও আছে তাঁর মাথায়, ‘এখন যতটা সম্ভব বেশি দিন খেলার চেষ্টা করছি। যত দিন পারি বলে লাথি মারতে চাই। এতে আমি ভালো থাকি। ২০২১ পর্যন্ত চুক্তি আছে আমার। খেলা ছাড়ার পর হয়তো বার্সায় ফিরতে পারি। কিন্তু প্রশ্ন হলো কীভাবে? কোন ভূমিকায়? তখন ক্লাবে কে থাকবে? তবে ওখানে যে অভিজ্ঞতা হয়েছে তার আলোকে বলতে পারি ফিরতে মন্দ লাগবে না।’