বার্সার স্কুলে মেসি-পিকে-সুয়ারেজের ছেলে

টাইম মেশিনে চড়ে চলুন এক লাফে ২০৩৫ সালে চলে যাই। ইউরোপের ফুটবলে তখন কী হচ্ছে জানেন? বার্সেলোনা আরও একবার ট্রেবল জিতেছে। ক্লাবের দুই ফরোয়ার্ড থিয়াগো মেসি আর বেঞ্জামিন সুয়ারেজ মিলে করেছেন ১০০ গোল! অধিনায়কের জার্সি গায়ে রক্ষণভাগে দুর্দান্ত একটা মৌসুম কেটেছে মিলান পিকের।
কল্পকাহিনী মনে হচ্ছে? আসলেই তাই। তবে সেই কল্পকাহিনী যে একদিন সত্যি হবে না, তা কে বলতে পারে! অন্তত সত্যি হওয়ার প্রথম ধাপটা গত পরশু ঘটে গেছে বার্সেলোনায়। বার্সেলোনার স্কুল এফসিবি এসকোলায় যোগ দিয়ে প্রথম দিনের অনুশীলন করেছে লিওনেল মেসির ছেলে থিয়াগো আর লুইস সুয়ারেজের ছেলে বেঞ্জামিন ও জেরার্ড পিকের ছেলে মিলান!
তিন থেকে পাঁচ বছর বয়সী ২৫ জন শিশু এবার ভর্তি হয়েছে এসকোলায়। থিয়াগো ও মিলান একটু বড়, দুজনের বয়স এর মধ্যেই তিন পেরিয়ে গেছে। আর বেঞ্জামিন কদিন পরেই পা দেবে তিনে। প্রথম দিন তিন খুদে ফুটবলার অনুশীলনও করেছে একসঙ্গেই।
তিনজনের একসঙ্গে অনুশীলনের ছবি দেখতে ইচ্ছে করছে? তিন বিখ্যাত বাবার সন্তান বলেই সংবাদমাধ্যমেরও তুমুল আগ্রহ ছিল তাদের নিয়ে। তবে বার্সেলোনা কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্ত করে রেখেছিল। কোনো আলোকচিত্রীই তাই পারেননি তিনজনের এক সঙ্গে বা আলাদা ছবি তুলতে। মার্কা।