বার্সার স্বস্তি, বার্সার দুশ্চিন্তা

বুধবার জুভেন্টাসের বিপক্ষে অগ্নিপরীক্ষায় নামার আগে শেষ ম্যাচে জয়, যাতে লিওনেল মেসির দুই গোল—বার্সার জন্য সুসংবাদই বটে। তবে পরশু রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ওই ম্যাচটিই বড় একটা দুশ্চিন্তায়ও কি ফেলে দেয়নি তাদের! যে দুশ্চিন্তা স্পষ্ট ম্যাচের স্কোরলাইন থেকেই—বার্সেলোনা ৩, সোসিয়েদাদ ২।
শুধু দুবার জালে বল ঢুকেছে বলেই নয়, যেভাবে গোল দুটি হয়েছে, সোসিয়েদাদ ফরোয়ার্ডরা যেভাবে কাঁপিয়ে দিয়েছেন বার্সার রক্ষণ, তাতে অনায়াসেই কোচ লুই এনরিকের কপালে পড়া ভাঁজগুলোর অনুবাদ করা যায়—‘এই রক্ষণ লইয়া আমি কী করিব!’ শুধু তো আর এই ম্যাচ নয়, রক্ষণের এই নড়বড়ে দশা পুরোনো। আগের দুই ম্যাচেও বার্সা খেয়েছে ৫ গোল।
ভাবনাটা নিয়েই হয়তো পরশুর ম্যাচের দ্বিতীয়ার্ধ কেটেছে এনরিকের। বিশেষ করে প্রথমার্ধের শেষ নয় মিনিটে যে নাটক হলো, তাতে দুশ্চিন্তা হওয়ারই কথা! ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোলের পর ওই ‘নয় মিনিটের নাটকে’ বার্সা আরও দুই গোল করেছে, খেয়েছেও দুটি। ৩৭ মিনিটে মেসির দ্বিতীয় গোলে বার্সা এগিয়ে যায় ২-০-তে, ৪২ মিনিটে ব্যবধান অর্ধেক হয়ে যায় স্যামুয়েল উমতিতির আত্মঘাতী গোলে। দুই মিনিট পর আলকাসারের গোলে আবার দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সা (৩-১), প্রথমার্ধের যোগ করা সময়ে দুই ডিফেন্ডারের ফাঁক গলে জাবি প্রিয়েতো করেন সোসিয়েদাদের দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে যে আর কোনো গোল খায়নি দল, তাতেই এনরিকের স্বস্তির নিশ্বাস ফেলার কথা।
প্রশ্নটা অবশ্য বড় হয়ে উঠেছে, এমন রক্ষণ নিয়ে জুভেন্টাসের সঙ্গে পারবে বার্সা? পরশুর ম্যাচ ছাপিয়ে বার্সার মনোযোগ যে এখন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ওই ম্যাচটির দিকে। প্রথম লেগে ৩-০ গোলে হেরে আসায় এবার ন্যূনতম ৩ গোল করতে হবে। কিন্তু কোনোভাবে ১ গোল খেয়ে গেলেই বার্সেলোনাকে গোল করতে হবে পাঁচটি! এনরিকে যদিও ম্যাচের পর আশার গানই শোনালেন, ‘আগের রাউন্ডে এর চেয়েও কঠিন সমীকরণ বদলে দিয়েছি। ৯০ মিনিটজুড়েই ওই ম্যাচে আমরা থাকব।’
আগের রাউন্ড বলতে পিএসজির সঙ্গে ওই দুর্দান্ত প্রত্যাবর্তন! চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় প্রথম লেগে ৪-০ গোলে হেরেও দ্বিতীয় লেগে ঘরের মাঠে বার্সা ৬-১ গোলে জিতে লিখেছিল রূপকথার গল্প। সেটি মনে রেখেই কি না, পরশুর ম্যাচের পরও ন্যু ক্যাম্পে সমর্থকেরা গান গাইলেন, ‘ইয়েস উই ক্যান!’ এনরিকেরও বিশ্বাসটা আছে, তবে কোচের চোখে দেখে দলের সমস্যাটাও ধরতে পারছেন, ‘এটা পরিষ্কার, এই মৌসুমে আমরা খুব বেশি ধারাবাহিক নই। অন্য বছরগুলোর চেয়ে অনেক বেশি ভুগছি। তবে এই দলটা একটা বিজয়ীদের দল, আর চ্যাম্পিয়নরা যেকোনো কিছুই করতে পারে।’
চ্যাম্পিয়ন তো জুভেন্টাসও। ইতালির চ্যাম্পিয়নরাও পরশু ‘বার্সা-প্রস্তুতি’ সেরেছে ভালোভাবেই, গঞ্জালো হিগুয়েইনের ২ গোলে হারিয়েছে পেসকারাকে। সেই ম্যাচ থেকেও একটা ‘সুখবর’ পাওয়ার সম্ভাবনা ছিল বার্সার। অ্যাঙ্কেলে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছেড়ে গিয়েছিলেন পাওলো দিবালা। প্রথম লেগে যাঁর দুই গোলই গড়ে দিয়েছিল ব্যবধান। তবে দ্বিতীয় লেগেও দিবালা-হুমকি থেকে হয়তো মুক্তি মিলছে না বার্সার। জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির কথায় তো এমনই পূর্বাভাস, ‘ওর (দিবালা) ধাক্কা লেগেছে, হালকা মচকেও গেছে। তবে আমরা আশাবাদী হতেই পারি।’ এএফপি, রয়টার্স।