বার্সার হার অবিচারের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার জার্সিতে নিজের প্রথম প্রতিযোগিতা ম্যাচের অভিজ্ঞতা ভয়াবহই হলো লুইস সুয়ারেজের।
বার্সার জার্সিতে নিজের প্রথম প্রতিযোগিতা ম্যাচের অভিজ্ঞতা ভয়াবহই হলো লুইস সুয়ারেজের।

৯০ মিনিটের খেলায় বল যদি চারবার ক্রসবারে লাগে, তাহলে সেই দলকে জেতার চিন্তা না করাই ভালো। বার্সেলোনার অবস্থাটা কাল সেল্টা ভিগোর বিপক্ষে ছিল অনেকটা এমনই। ঘরের মাঠের এই হার লিগ লড়াইয়ে দলটিকে নিয়ে গেছে তিন নম্বরে। ন্যু ক্যাম্পে বার্সার জার্সিতে নিজের প্রথম প্রতিযোগিতা ম্যাচের অভিজ্ঞতা ভয়াবহই হলো লুইস সুয়ারেজের। ম্যাচ শেষে তিনি তো বলেই দিয়েছেন, ফুটবল অনেক সময় ‘অবিচারের উপজীব্য’ হয়ে দেখা দিতে পারে!
ন্যু ক্যাম্পে নিজের অভিষেক ম্যাচ নিয়ে কোনো অতৃপ্তি নেই সুয়ারেজের। অতৃপ্তিটা ম্যাচের ফল নিয়েই, ‘ন্যু ক্যাম্পে নিজের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই তো জিততে পারলাম না।’
ভাগ্যটাকে খুব বড় করেই দেখতে চান সুয়ারেজ। ব্যাপারটা অনুমিতও। এক ম্যাচে চারটি বল ক্রসবারে লাগলে অদৃষ্টবাদী হয়ে যাওয়াটা স্বাভাবিকই, ‘ফুটবলে অনেক সময় ভাগ্যের সহায়তা লাগে। ভালো খেলেও অনেক সময় কোনো দলকে ভাগ্যের চরম পরিহাসের শিকার হতে হয়। সেল্টা ভিগোর বিপক্ষে বার্সার এই হার তেমনই এক ব্যাপার।’
সেল্টা ভিগো পুরো ম্যাচে একটা সুযোগ তৈরি করে সেটাই গোলের পরিণত করে সর্বনাশ করেছে বার্সেলোনার। প্রচুর সুযোগ তৈরি করেও জিততে না পারাটা পোড়ালেও প্রতিপক্ষকে প্রাপ্য সম্মান দিতে ভুলছেন না সুয়ারেজ, ‘পুরো ম্যাচে আমরা কতগুলো গোলের সুযোগ তৈরি করেছি, সেটা সবাই জানে। কিন্তু দেখুন সেল্টা ভিগো একটা প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচটা জিতে গেল। তবে সেল্টা ভিগো কিন্তু ভালো খেলেছে। ভাগ্য দলটিকে সহায়তা করলেও মাটি কামড়ে ধরে তাদের লড়াইটা ছিল যথেষ্ট প্রশংসনীয়ই।’ সূত্র: এএফপি।