বার্সার হার যখন ঘুমের ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা কি কাল রাতে ইতিহাস বদলে দিয়েছে? ৪ গোলের ব্যবধান ঘুচিয়ে পিএসজিকে টপকে উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে?
না হলেই ভালো! অন্তত সার্জিও রামোসের জন্য। বার্সেলোনা হেরে গেলেই যে শান্তিতে রাতে ঘুমাতে পারবেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।
রিয়াল-বার্সার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কাব্য তো কম হয়নি। রামোসও যে ‘শত্রু’র হারে তৃপ্তি পাবেন, এ আর আশ্চর্য কী! পরশু তাঁর দুটি হেডের সৌজন্যেই নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল। যদিও আনন্দটা প্রকাশে একটু পরিমিত রামোস, ‘এক সপ্তাহ আগেও সবাই পারলে মেরে ফেলতে চাইছিল, দুটি গোল করেই তাই নিজেকে নায়ক দাবি করতে চাই না। তবে ইউরোপে নিজের ১০০তম ম্যাচ উদ্যাপনটা এর চেয়ে ভালো আর কী হতে পারত!’
বার্সার ব্যাপারে অবশ্য ওসব পরিমিতি-টরিমিতির ধার ধারলেন না। শত্রুদের হারই যেন তাঁর কাছে স্লিপিং পিলের মতো, ‘বেশি খুশি হব যদি বার্সেলোনা হারে, তাহলে ঘুমটা আরও ভালো হবে।’ মার্কা।